ঘর আলো করা কালো মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ৪৩ বছর ধরে সংসার করছেন তাঁরা। পিয়েরে ও এলিয়েন দিভিলোঁ। ফ্রান্সের লিওঁ নগরের পশ্চিমে, পাহাড়ি এলাকায় তাঁদের বাড়ি। সচ্ছল পরিবার। কিন্তু সন্তান নেই তাঁদের। তবে সে অভাব দূর করেছে ১৩ বছর বয়সী এক মেয়ে। তার নাম ডিজিট।ডিজিট মানুষ নয়, গরিলা। ৮০ কেজি ওজনের এই বিশাল কালো মেয়েটি দিভিলোঁ পরিবারের ঘর আলো করে রেখেছে। পিয়েরে ও এলিয়েনকে মা-বাবার মতো জানে ডিজিট। তাঁরাও এই বিজাতীয় প্রাণীটিকে ঠিক সন্তানের মতো আদর করেন।পিয়েরে ও এলিয়েন দুস্থ প্রাণী সংরক্ষণে নিজেদের বিলিয়ে দেওয়া প্রাণ। আজ থেকে প্রায় ৪০ বছর আগে সেন্ট মার্টিন লা প্লেইনে একটি ব্যক্তিগত চিড়িয়াখানা গড়ে তোলেন তাঁরা। দেখা যায়, সার্কাসে খেলা দেখানো অনেক প্রাণীর প্রতি মনিব নির্দয় আচরণ করে। অনেক বাড়িতেও পোষা প্রাণীর ভালো দেখভাল হয় না। দেওয়া হয় না পেট ভরে খাবার। অনেক চিড়িয়াখানায় অবহেলার শিকার হয় পশুপাখি। এসব অসহায় প্রাণীর নিরাপদ আশ্রয় হচ্ছে এই অভয়ারণ্য। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই চিড়িয়াখানায় টাকা দেয়। আরও টাকা আসে চিড়িয়াখানা ঘুরে দেখার টিকিট থেকে। এসব টাকা দিয়ে চলে ওই চিড়িয়াখানা।চিড়িয়াখানাটিতে এখন এক হাজারের বেশি প্রাণী রয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে বানর, গিবন, তুষার চিতা, বাঘ ও সিংহ। আরও আছে নয়টি গরিলা। এসব গরিলার মধ্যে ডিজিটের স্থান পিয়েরে ও এলিয়েনের বুকের ভেতরে।ওই চিড়িয়াখানাতেই ১৯৯৮ সালের অক্টোবরে ডিজিটের জন্ম। তার মা পামেলা নামের গরিলাটিকে আনা হয়েছিল ক্যামেরুন থেকে। ডিজিটকে জন্ম দেওয়ার পর কেন জানি স্বাভাবিক মায়ের আদর পামেলার মধ্যে ছিল না।এ ব্যাপারে পিয়েরে বলেন, ‘দুই দিন ধরে আমরা খেয়াল করি ব্যাপারটি। ডিজিটকে দুধ দিচ্ছিল না পামেলা। এতে শুকিয়ে আধমরা হয়ে যায় ডিজিট। তখন ওকে আমাদের ঘরে নিয়ে আসি।’সেই থেকে মনিবের ঘরে মেয়ের আদরে বড় হচ্ছে ডিজিট। পিয়েরে ও এলিয়েনের সঙ্গে সে খায়, ঘুমায়, থাকে। গরিলা মজার প্রাণী হলেও ওদের পোষা ঝুঁকিপূর্ণ। প্রচণ্ড শক্তি গরিলার। রেগে গিয়ে কখনো কোনো মানুষকে বুকে চেপে ধরলে হাড়গোড় সব এক হয়ে যাবে। কিন্তু পিয়েরে ও এলিয়েনের সে ভয় নেই।পিয়েরে বলেন, ‘ডিজিটকে মোটেও ভয় পাই না। আমরা যেমন ওকে বিশ্বাস করি, ভালোবাসি, সেও তেমনি সমান ভালোবাসে আমাদের। ওর হাত বা পায়ে কোনো কাঁটা ফুটলে বা দাঁতে কিছু আটকালে, আপনজনের মতো আমাদের কাছে ছুটে আসে। আমরা তখন ওর সে সমস্যা দূর করে দিই।’ শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল