: ঘাসটা কোথায় গেল?—আকাশে।: কীভাবে গেল?—পেয়েছিল পাখা সে।: তারপর?—তারপর তো চলে গেল উড়ে। উড়তে উড়তে ঘুরতে ঘুরতে...: ফড়িংটা তাহলে কোথায় গেল?—ফড়িংটাও উড়ে গেল ঘাসের সাথে।: ঘাস আর ফড়িং একসাথে?—ঠিক তাই। : একসাথে কীভাবে গেল?—শোনো। ঘাসটা থাকত বিশাল এক মাঠে। সবুজ মাঠ। সেই মাঠজুড়ে শুধু ঘাস আর ঘাস। : ঘাসরা কি সব একসাথে থাকে?—হ্যাঁ। ঘাসরা মিলেমিশে থাকে। সেই মাঠে ঘাসের মা থাকে। বাবা থাকে। থাকে ভাই, বোন, পাড়া-প্রতিবেশী।: ঘাসের বন্ধুরা থাকে না?—থাকে তো। সবাই বন্ধুর মতোই থাকে। একদিন হলো কি, একটা ফড়িং উড়ছিল সেই মাঠের ওপর দিয়ে। : কোথায় যাচ্ছিল?—ফড়িংটা সবে উড়তে শিখেছে তো, তাই মনের খুশিতে উড়ছিল। : তারপর?—হঠাৎ বিশাল সবুজ মাঠ দেখে অবাক হয়ে গেল ফড়িংটা। এত সবুজ সে আগে কখনো দেখেনি। : সবুজ দেখতে কেমন?—কচি ঘাসের মতো। ঘাসও দেখতে সবুজের মতো। : ও। তারপর ফড়িংটা কী করল?—ফড়িংটা উড়তে উড়তে মাঠের ওপর নামল। বসল একটা ঘাসের ওপর।: ঘাসটা ব্যথা পায়নি?—একটু পেয়েছিল। কিন্তু হয়েছে কি, ওই ঘাসটার বয়সও ছিল কম। সে ভীষণ অবাক হয়ে ফড়িংটার দিকে তাকিয়ে থাকল। কারণ সে আগে কখনো ফড়িং দেখেনি। : হি হি হি...। ফড়িং কখনো সবুজ ঘাস দেখেনি। ঘাসও কখনো ফড়িং দেখেনি। কী মজা, তাই না?—ঠিক তাই। : তারপর তারা কী করল?—কী আর করবে। প্রথমে ঘাস আর ফড়িং—দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর ঘাস ফড়িংটাকে বলল, তুমি কে?: আপনি না বলে প্রথমেই তুমি করে বলল কেন?—বয়সে দুজন সমান তো, তাই।: ও। তারপর?—তারপর ফড়িং বলল, আমার নাম ফড়িং। তোমার নাম কী? : ঘাস বলল, আমার নাম ঘাস। তোমার পিঠে ওই দুটো কী? —ফড়িং নিজের পিঠের দুই দিকে তাকিয়ে বলল, এগুলো আমার পাখা। : ঘাস অবাক হয়ে বলল, পাখা? পাখা দিয়ে কী করো? —ফড়িং মুচকি হেসে বলল, পাখা দিয়ে আমি উড়ে বেড়াই। : ঘাস বলল, আমিও উড়ে বেড়াতে চাই।—এবার হো হো করে হেসে উঠল ফড়িং। বলল, উড়বে কীভাবে, তোমার তো পাখাই নেই।এ কথা শুনে মন খারাপ হয়ে গেল ঘাসের। সে চুপ করে রইল।: ফড়িংটা তো দেখছি অনেক পচা। সে শুধু শুধু কেন ঘাসের মন খারাপ করিয়ে দিল? ঘাসটা কি কেঁদে ফেলেছিল?—না। ঘাসের মন খারাপ দেখে ফড়িং বলল, তুমি কি উড়তে চাও?: ঘাস বলল, চাই।—ফড়িং বলল, তাহলে ওঠো আমার পিঠে।: এবার ঘাসের মেজাজ খারাপ হয়ে গেল। ফড়িংটাকে বলল, তোমার পিঠে আমি কীভাবে উঠব? তুমি ই তো আমার পিঠের ওপর বসে আছ।—ঘাসের কথা শুনে ফড়িংটা টুপ করে তার পিঠের ওপর থেকে নেমে গেল। বলল, নাও, এবার আমার পিঠে ওঠো তুমি।: ঘাস বলল, উঠব? —ফড়িং বলল, বা রে, তুমি না উড়তে চাও।: ঘাস বলল, চাই তো।—ফড়িং বলল, তাহলে দেরি কোরো না। আমার পিঠে উঠে পড়ো।: ফড়িংটা একটু নিচু হয়ে বসল। ঘাসটা লাফ দিয়ে উঠে গেল ফড়িংটার পিঠে।—ফড়িং বলল, উড়ব?: ঘাস বলল, আমার ভয় করছে। —ফড়িং বলল, ভয় নেই। আজ থেকে আমি তোমার বন্ধু। : ঘাস বলল, আমিও তোমার বন্ধু।—ফড়িং বলল, আমি এখনই উড়তে শুরু করব। তুমি আমার পিঠে আরাম করে বসো।: ঘাস বলল, বসলাম। —তারপর কী হলো? : তারপর? তারপর ওই বিশাল সবুজ মাঠের ঘাসগুলো অবাক হয়ে দেখল—তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটা সবুজ ঘাসফড়িং।