ঘুড়ি ওড়ে আকাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুড়ি কেন ওড়ে—ছোট্ট বন্ধুদের অনেকেই অনেকবার এই প্রশ্নটি করেছে তাদের স্কুলের সবচেয়ে প্রিয় শিক্ষক নাদিম ভাইয়াকে। স্কুলের নাম নালন্দা। রোদসী, আনন্দ, দীপ্র, স্নেহা ও রিদাকার মতো খুদে শিক্ষার্থীদের হাজারো প্রশ্নের ভিড়ে এই প্রশ্নটি ঘুরেফিরে বারবার নাদিম ভাইয়ার মাথায় আসছিল। তিনি ঠিক করলেন, আজ যে করেই হোক ঘুড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে ছোট্ট বন্ধুদেরও তা জানাতে হবে। আজ তিনি জেনে এসেছেন ঘুড়ি কেন ওড়ে। ক্লাসে ঢুকে শিশুরা জিজ্ঞেস করার আগেই তিনি গল্পের ঝুড়ি খুললেন। ইতিমধ্যেই যেহেতু তারা আকর্ষণ-বিকর্ষণ ইত্যাদি বিষয় জেনে গেছে, তাই নিশ্চিন্ত মনে বলা শুরু করলেন নাদিম ভাইয়া। বললেন, একটি ঘুড়ি আকাশে ওড়ার সময় ঘুড়িটির ওপর দুটি শক্তি কাজ করে। একটি হলো বাতাসের আকর্ষণশক্তি, অন্যটি সুতার মাধ্যমে নিম্নমুখী টান। এই দুটি শক্তি যতক্ষণ সমান থাকে, ততক্ষণ এটি আকাশে ওড়ে। ছোট্ট বন্ধুরা বিষয়টি বুঝতে পেরে সমস্বরে চেঁচিয়ে উঠল। ওদের এত কঠিন একটি বিষয় বোঝাতে পেরে নিজের খুশিও ধরে রাখতে পারলেন না নাদিম ভাইয়া। এরপর আরও বিস্তারিত বলা শুরু করলেন। একটি খবর একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠানোর মাধ্যম হিসেবে একসময় কবুতর ব্যবহার করা হতো। এটা অনেক ছোটরাও জানে। কিন্তু এই কাজে ঘুড়ি ব্যবহারের কথা হয়তো অনেকেরই অজানা। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এটাই কিন্তু সত্যি।নাদিম ভাইয়া বুঝলেন, এই কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই তিনি একটু বিব্রত হয়ে পড়লেন। কিন্তু তিনি কিছু বলার আগেই শিশুরা বলে উঠল, ভাইয়া আরও বলো। তিনি এবার আশ্বস্ত হলেন। বলতে লাগলেন, প্রায় দুই হাজার বছর আগে চীনে সর্বপ্রথম ঘুড়ি বানানো হয়। পরে হেইয়ান শাসকদের আমলে জাপানে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন এটি কাগজের তৈরি শিকারি পাখি হিসেবে পরিচিতি পেয়েছিল। ওই পরিচিতির সুবাদে লোকজনের কাছে এর প্রয়োজনীয়তাও বেড়ে গিয়েছিল।অনেকে মনে করেন, জাপানের আকাশে ঘুড়ি ওড়ার সুযোগ মেলে চীনের কারণেই। গত এক হাজার বছরে জাপানে এর চাহিদা ও জনপ্রিয়তা দারুণ বেড়ে যায়। সেই সঙ্গে ঘুড়ি বানানোর কৌশলেও আসে নতুনত্ব। এর প্রধান কারণ হলো, জাপানিরা ঘুড়িতে কাগজ, বাঁশ ও দড়ির ব্যবহার শুরু করে। এতে ধীরে ধীরে দেশটিতে ঘুড়ির নির্মাণ-কৌশলও জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বলা হয়ে থাকে, জাপানে ঘুড়ির সোনালি দিনগুলো পেরিয়ে গেছে বহু আগেই। ১৬০৩ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত এডো রাজাদের শাসনামল। তখন পর্যন্ত কাগজের দাম ছিল অনেক বেশি। তাই কেবল উচ্চবিত্তরাই ঘুড়ি ওড়ানোর শখ মেটাতে পারত। অনেক পরে এসে ঘুড়ি তৈরির উপকরণগুলো সহজলভ্য হয়ে পড়ে। ফলে তখন সাধারণ মানুষও ঘুড়ি ওড়ানোর শখ মেটাতে শুরু করে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঘুড়ির আকার, আকৃতি ও রঙেও বৈচিত্র্য আসতে শুরু করে। বর্তমানে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় জাপানেই সবচেয়ে বৈচিত্র্যময় ঘুড়ি উড়তে দেখা যায়। বড় কোনো উত্সবে ঘুড়ি ওড়ানোর ধুম পড়ে যায়। যার ঘুড়ি যত বেশি ওপরে ওঠে, তাকে তত বেশি ভাগ্যবান মনে করা হয়। সে দেশের অনেকে শয়তানের কবল থেকে দূরে থাকার জন্যও ঘুড়ি ওড়াত। এ জন্য তারা ঘুড়িতে শয়তানের মুখ এঁকে আকাশে উড়িয়ে দিত। শুধু তাই নয়, পরিবারের যাবতীয় বিপর্যয়ের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যও এই কৌশল তাদের হাতিয়ার হিসেবে কাজ করত। কিছু ঘুড়ির মুখে তারা লম্বা জিহবা লাগিয়ে দিত শয়তানকে ভয় দেখানোর জন্য। এ ছাড়া পরস্পরের ঘুড়ি কাটাকাটির বিষয়টি তো ছিলই। নাদিম ভাইয়া বললেন, জাপানসহ যেসব দেশে ঘুড়ির কদর ছিল, সেসব দেশে এখন ঘুড়ির সংখ্যা কমে আসছে। এখন তো তোমরা প্লাস্টিকের তৈরি নানা খেলনা ও কম্পিউটার নিয়েই বেশি মেতে থাকছো। ঘুড়ি তৈরি ও ওড়ানোর মতো সময় কিংবা স্থানও তোমাদের নেই। তবে তোমরা শুনে খুশি হবে, ইদানীং জাপানের কিছু স্কুলে ঘুড়ি তৈরির পদ্ধতি শেখানো হচ্ছে। ছোট্ট বন্ধুরা একযোগে চেঁচিয়ে উঠল, ভাইয়া তুমি আমাদেরও ঘুড়ি বানানো শেখাও। আমরাও নানা রঙের অনেক বড় বড় ঘুড়ি বানিয়ে স্কুলের ছাদে উঠে আকাশে উড়িয়ে দেব। ওগুলো দেখে সবাই কত মজা পাবে! প্লিজ ভাইয়া, আমাদেরও শেখাও। সেদিনের মতো ওদের আশ্বস্ত করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন নাদিম ভাইয়া। মনে মনে বললেন, আমি তোমাদের কী করে বোঝাব যে তোমাদের ইচ্ছে থাকলেও আমার যে উপায় নেই। আমরা যে তোমাদের জন্য কোনো মাঠ দিতে পারিনি। তোমাদের ছুটোছুটি করে বেড়ানোর মতো এতটুকু জায়গাও যে আর বাকি রাখিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও ছোট্ট বন্ধুরা, ক্ষমা করো....