চকলেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোখ বুজে ভাবো তো, তোমার চারপাশে শুধু চকলেট আর চকলেট! উহু, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি সিনেমার কথা বলছি ভাবলে ভুল করবে। চকলেটের এই উৎসব হয়েছে ঢাকার শান্তিনগরে! ১৭ থেকে ১৯ অক্টোবর উৎসবের আয়োজন করেছিল বইয়ের দোকান পিবিএস।
গোলাপি আর সাদা বেলুনে ঘেরা মূল ফটক। ভেতরেও নানান রঙের ছড়াছড়ি। ঝলমলে উৎসবটা আরও প্রাণবন্ত লাগছিল হাসিখুশি সব শিশুর উপস্থিতিতে। কেউ পছন্দের চকলেট খোঁজায় ব্যস্ত, কেউবা খুঁজছিল বই, কেউবা লাইনে দাঁড়িয়ে ছিল সিনেমা দেখবে বলে। একপাশে তৈরি হচ্ছিল পপকর্ন আর হাওয়াই মিঠাই। অর্ডার পাওয়ামাত্র চোখের সামনে তৈরি নীল আর গোলাপিরঙা হাওয়াই মিঠাই। কী সুন্দর দেখতে!

চকলেট
চকলেট

আপেল, আনারস, আঙুর, কলা, পেঁপে, কমলা, পেয়ারাসহ চেনা ফলগুলোই খাওয়ার ব্যবস্থা ছিল চকলেটে ডুবিয়ে! নিচের দিকে কাঁচা কলা, পেঁপে আর মিষ্টিকুমরাও রাখা! একজন হাত বাড়িয়ে দেখাতেই উত্তর এল, ‘না না! ওগুলো শুধু প্রদর্শনের জন্য!’ পাশেই ছিল এক টুকরো সিসিমপুর। টুকটুকি, ইকরি, হালুম, শিখু উঁকি মারছিল কাঠের ফ্রেমে বন্দী থেকেই। চলছিল মজার সব খেলা—বেলুন ফোটানো, রিং ফেলা আর চকলেট শিকার। খেলায় বিজয়ীদের জন্য ছিল পুরস্কার, তা-ও চকলেট!
এখানে-ওখানে ইচ্ছা করেই মাথায় মাথায় ঢুস খাওয়ার মতো জটলা পাকাচ্ছিল বন্ধুরা মিলে। চকলেট মুখে হাঁটাহাঁটি চলছিল, বই নিয়ে ঘাঁটাঘাঁটিও কম হয়নি। চোখে পড়লো দেশি-বিদেশি হাজারো বই৷ ক্লাস ওয়ানে পড়ুয়া আর্শি এসেছিল বাবার সঙ্গে। কোন বইটা কেন লাগবে তার ব্যাখ্যা দিয়ে তুলে দিচ্ছিল বাবার হাতে।
তৃতীয় তলায় চকলেট, উপহারসামগ্রী আর নানা সিডি-ডিভিডির পাশে ছিল ফাইভ ডি সিনেমা দেখার লম্বা লাইন। শো শুরুর আগ পর্যন্ত ঘড়িতে সময় দেখে আর মুখে পপকর্ন পুরে চলেছে অধীর অপেক্ষা। ওদিকে বেলা বাড়তেই ভিড়ও বাড়ল খুব। নড়াচড়ারও জো নেই। শীতাতপনিয়ন্ত্রিত রুমের ভেতরেও সবাই ঘেমে যাচ্ছিল, এমনকি চকলেটগুলোও!