চন্দ্রকণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি মেয়ে। প্রতিদিন স্কুল থেকে ফিরেই বাড়ির পাশে কেটে ফেলা ধানের মাঠে খেলতে নামে। নাম তার চন্দ্রকণা। ও যখন এলো চুল উড়িয়ে, ফরসা গালে লালচে আভা ফুটিয়ে খেলে, তখন ওর দিক থেকে চোখ ফেরানোই দায়। এমনি একদিন। মাত্রই এক্কা-দোক্কা খেলা শুরু করেছে চন্দ্রকণা। ওই দিন তার দুই পায়ে লাল আলতা পরিয়ে দিয়েছে মা। ঘর থেকে বের হওয়ার সময় পরিয়ে দিয়েছে সবুজ রঙা জামা। হাতে রেশমি চুড়ি। লালচে কালো কোঁকড়া চুলগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ও যখন খেলছিল, তখন আজ যেন ওকে আরও সুন্দর লাগছিল। এমনি সময়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল পরির দেশের রানি। ওকে দেখে থমকে গেল সে। এত সুন্দর মেয়ে! আর এ মেয়ে কিনা খেলে বেড়াচ্ছে এই ধুলায়! পরির রানি তখনই নেমে এল। চন্দ্রকণাও তো পরি দেখে অবাক। মিষ্টি হেসে পরি জড়িয়ে ধরল ছোট্ট মেয়েটিকে। ফিসফিসিয়ে বলল: যাবে পরির রাজ্যে? খুব সুন্দর সে দেশ। শুনে খুশিতে লাফিয়ে ওঠে চন্দ্রকণার মন। বলে কী! মায়ের কাছে ও কত্ত শুনেছে পরির রাজ্যের কথা। লাফাতে লাফাতে চন্দ্রকণা বলে ওঠে: যাব যাব যাব। তারপর পরির ডানায় চড়ে সে উড়াল দেয় আকাশে। মেঘের ভেতর দিয়ে, নরম বাতাসে ভেসে ওরা উড়ে চলে। উড়তে উড়তে চন্দ্রকণা যখন কেবল ভাবতে শুরু করেছে, এ পথ বুঝি আর ফুরাবে না, ঠিক তখনই পরি বলে ওঠে: আমরা এসে গেছি। তারপর চন্দ্রকণাকে নামিয়ে দেয় পিঠ থেকে। চারদিকে তাকিয়ে চন্দ্রকণা তো আনন্দে আটখানা। কী সুন্দর! চারপাশে ফুলের গন্ধ। খেলে বেড়াচ্ছে নানা রঙের আলোর রেখা। পেঁজা পেঁজা নরম মেঘগুলো পায়ের নিচে ছড়িয়ে দিচ্ছে আরাম। মাঝে মাঝে উড়ে যাচ্ছে অচেনা ফুল। চোখ বড় বড় করে ও যখন এসব দেখছে আর আরাম খাচ্ছে তখন কোন ফাঁকে যেন ওর চারপাশে জুটে গেছে আরও অনেক পরি। ছোট ছোট পরি ওর হাত ধরে নেচে নেচে খেলতে শুরু করল। চারদিক থেকে ভেসে আসতে লাগল মিষ্টি সুর। পরিরা একসময় চন্দ্রকণার জন্য নিয়ে এল সোনালি পাতার ডালায় নানা রকম খাবার। সেসব দেখে আর সেগুলোর গন্ধে জিভে পানি এল ছোট্ট মেয়েটির। হাত ডুবিয়ে, মুখ মাখিয়ে সে খেয়ে চলল। খেতে খেতে একসময় যখন ওর পেটটা একটু ভরে এল, ঝাঁ করে মনে পড়ল মায়ের কথা। হায় হায়, মা না ওকে বলেছিল, অচেনা কারও দেওয়া খাবার না খেতে। এখন কী হবে? পরিরা যদি এখন ওকে এখানে আটকে রাখে? ও যদি আর মায়ের কাছে ফিরতে না পারে? এসব মনে হতেই হাউমাউ করে কান্না জুড়ে দিল চন্দ্রকণা। তাই দেখে ব্যস্ত হয়ে পড়ল পরিরা। কেউ এসে ওকে কোলে তুলে নিল, কেউ বাতাস করতে লাগল, কেউ চকলেট ঠাসা আইসক্রিম এগিয়ে দিল। কিন্তু কিছুতেই চন্দ্রকণার কান্না বন্ধ হলো না। তখন পরির রানি এগিয়ে এল। বলল: সোনামণি, তুমি কাঁদছ কেন? এখানে ভালো লাগছে না? চন্দ্রকণা বড় বড় পাপড়ি কাঁপিয়ে কালো চোখ দুটি তুলে শুধু বলল: মায়ের কাছে যাব। পরি তো অবাক। বলে কী মেয়ে। এই পরির রাজ্যে কি পৃথিবীর কোনো মানুষের আসার সাধ্য আছে, না কোনো দিন আসতে পারবে? এই মেয়ের তো ভাগ্য ভালো যে ওকে তাদের ভালো লেগেছে। তাই না ওকে নিজেদের কাছে নিয়ে এসেছে। এত সুন্দর একটা মেয়ে...পৃথিবীর ধুলাবালি লেগে ওর গায়ের রং নষ্ট হয়ে যাবে না! পৃথিবীর নানা জঞ্জালে ওর মনটাও কি এমন সুন্দর থাকবে? আর ওর বাবা-মা...ওহ্, তারাও কি পারবে মেয়েটাকে এমন আরাম, আনন্দে রাখতে? পরিরা সবাই মিলে চন্দ্রকণাকে বোঝাল। আদরে আদরে ওকে ভুলিয়ে দিতে চাইল পৃথিবীর কথা। শেষমেশ না পেরে বলল: তুমি যদি যাও, তবে কিন্তু আর এখানে আসতে পারবে না। সারা জীবন তোমাকে ওই পচা পৃথিবীতেই অসুখ-বিসুখ আর দুঃখ-কষ্টে কাটাতে হবে। তার পরও তুমি যাবে?চন্দ্রকণা আগপিছ না ভেবেই বলল: যাব। পরিরা গালে হাত দিল। পরির রানি জিজ্ঞেস করল: আচ্ছা মেয়ে, আমাদের একটা কথা বলবে? চন্দ্রকণা: কী? পরির রানি: এই পরির রাজ্যের চেয়েও কি ওই পৃথিবী সুন্দর? কী আছে ওখানে?চন্দ্রকণা: আমার মা।তারপর ছোট্ট মেয়েটি আর কথা না বাড়িয়ে উঠে বসল পরির রানির পিঠে। পরিরা সবাই ডানা নেড়ে বিদায় জানায় তাকে। উড়তে উড়তে সন্ধ্যার আগে আগে বাড়ির উঠানে এসে নামল চন্দ্রকণা। নেমেই দেখে, ওর মা ওকে ডেকে ডেকে সারা হচ্ছে। সেই ডাকে প্রতিবারই যেন মনে হচ্ছে, মা কাঁদছে। ছুটে গিয়ে ও জড়িয়ে ধরে মাকে। মাও ওকে পেয়ে এমন জোরে জড়িয়ে ধরে যে ভালো লাগায় চন্দ্রকণার দমবন্ধ হয়ে আসে। কিন্তু তার পরই যেন মায়ের হুঁশ হয়। চন্দ্রকণার কান চেপে ধরে বলতে থাকে: গেছো মেয়ে কোথাকার। আর কোনো দিন কোথাও যাবি এমন করে? পাজি, দুষু্ব, বাঁদর... চন্দ্রকণা মহা আনন্দে হাসতে হাসতে মুখ লুকায় মায়ের বুকে।