চলছে গাড়ি সিসিমপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের বক্তব্য শুনতে শুনতে ছোটরা একেবারে জড়সড় হয়ে বসে আছে! মঞ্চে এসে আসাদুজ্জামান নূর বললেন, বাচ্চারা এত চুপচাপ কেন? চিৎকার-চেঁচামেচি করছ না কেন! তোমাদের সামনে এখনই হালুম আর টুকটুকি আসবে! তোমাদের কথা শুনবে! বাচ্চারা এবার হাতে তালি দিয়ে হইচই ফেলে দিল! নিশ্চই আর বুঝতে বাকি নেই, সিসিমপুরের হালুম আর টুকটুকির কথাই বলা হচ্ছে। ৯ নভেম্বর বাচ্চাদের জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুর ৬ বছরে পা দেওয়া ও সিসিমপুর আউটরিচ প্রকল্পের উদ্বোধন হয়ে গেল রাজধানীর শিশু একাডেমীতে। এত দিন সিসিমপুর অনুষ্ঠানটি শুধু টেলিভিশনেই দেখানো হতো। এখন থেকে আউটরিচ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিমপুরের দল যাবে ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রাক-বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করার পাশাপাশি কীভাবে শিশুদের আরও ভালোভাবে আনন্দ দিয়ে পড়ানো যায়, তার জন্য শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। একসময় মঞ্চ থেকে ঘোষণা এল, এবার তোমাদের জন্য সবকিছু! সবাই হুর রে করে উঠল। প্রথমেই শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী বন্ধুদের পরিবেশনায় গান ‘চলো চলো সবাই মিলে সিসিমপুরে যাই/ নাচে গানে আনন্দতে জীবনটা সাজাই।’ তারপর নাচ। ‘আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি’, ‘আজব দেশে আজব রাজা উজির’ দুটি গানের তালে তালে নাচ হলো। সমাজে মেয়েদের এত অবহেলা করলে চলবে না। এই বিষয়টি গানে ও নাচের তালে তালে পরিবেশন করার পরপরই শেষ হলো এই পর্বটি। মঞ্চে এল হালুম আর টুকটুটি! ওদের দেখে ছোট্ট বন্ধুদের আনন্দ আর ধরে না! নিমিশেই তাদের সঙ্গে ছবি তোলার ধুম পড়ে গেল। আসল আনন্দটা যে তখনো বাকি! সবাইকে বলা হলো সিসিমপুরের মেলায় আসতে। ছোট্ট বন্ধুরা হইহুল্লোড় করে ছুটে গেল মেলায়। এখানে সিসিমপুরের বিভিন্ন সিরিজকে ধরে দেওয়া হয়েছে বিভিন্ন স্টল। সাবান-পানির স্টলে গিয়ে এক ছোট্ট বন্ধু বলছে, খাবার আগে হাত ধুতে হয়। কিন্তু বেসিন অনেক ওপরে! ওর ধরাছোঁয়ার বাইরে! অগত্যা হাত ধোয়ার জন্য তাকে তুলে দেওয়া হলো চেয়ারে! এভাবে ‘রং চং সং’-এ ছবি আঁকা, ‘পড়ালেখা’য় মজায় মজায় পড়াশোনা করা, ‘হালকা-ভারী’তে গিয়ে ওজন মাপা, ‘ডাক্টার দিদি’র কাছে বিভিন্ন চিকিৎসা নেওয়া, ‘ইনি-মিনি-সিনি’তে গিয়ে জাদু দেখাতেও ছোট্ট বন্ধুদের রাজ্যের কৌতূহল ছিল দেখার মতো! সিসিমপুরের ‘ক্লিক ক্লিক’-এ গিয়ে হালুম, টুকটুটি, শিকু, ইকরিদের সঙ্গে ছবি তুলতেও দারুণ ভিড়! তবে লাইনে দাড়িয়ে হালুম আর টুকটুকিদের অদ্ভুত কাজ-কারবার নিজের চোখে দেখার আনন্দ বাদ দিতে চায়নি কেউ! অনুষ্ঠানের উদ্বোধন করতে এসেছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোইস, শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিকুল ইসলাম, সিসিমপুর আউটরিচ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম জাকির হোসাইন, সিসেমি ওয়ার্কশপের কান্ট্রি ডিরেক্টর ড্যান ডনোহুসহ অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট বিতরণ করা হয়।