চশমা পরা হনুমানের বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোশেখ মাস। প্রচণ্ড গরম পড়েছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বন-পাহাড়-টিলা ও চা-বাগানগুলো যেন পুড়ছে। ভারতের ত্রিপুরা সীমান্তের পাথরখোলা চা-বাগানের কাছে একটি খণ্ডবন, সেই বনের একটা পাহাড়ি ছড়ার পাশের বাঁশমহালে বসে ঝিমাচ্ছে-ঘুমাচ্ছে একদল হনুমান। ঝিমমারা এমন গরমের দুপুরেই একদল উপজাতীয় কিশোর তীর-ধনুক হাতে বুনো খরগোশ বা বনমোরগ-মথুরা শিকারে বেরিয়েছে।একটা কাত হওয়া বাঁশে মায়ের গা ঘেঁষে বসে ঘুমাচ্ছে ৯-১০ মাস বয়সী একটি হনুমানের ছানা। মোটা-লম্বা লেজটি ওর ঝুলে আছে নিচের দিকে। ওই লেজটি দেখে ফেলল এক শিকারি বালক। চিনে ফেলল প্রাণীটিকে। খুব কম দেখা যায় এদের। নাম চশমা হনুমান বা চশমা পরা হনুমান। ভারি সুন্দর দেখতে। চোখের চারপাশে মোটা সাদা রঙের বৃত্ত—মনে হয় চশমা পরে আছে। মাথার চাঁদিতে লম্বা লোমের গুচ্ছ, পেছন দিকে বাঁকানো—মনে হয় চিরুনি দিয়ে চুল আঁচড়েছে। শরীরের তুলনায় লেজটা বড়, লেজের আগায় যেন গরুর লেজের আগার মতো একগুচ্ছ কালো লোমের বাহার।শিকারি বালক তীর চালাল বাচ্চাটির লেজ লক্ষ্য করে। লক্ষ্যভ্রষ্ট তীরের ফলাটি আঘাত করল বসে থাকা বাঁশটিতে। অমনি ঘুমানো-ঝিমানো হনুমানের দল অনেকটা পোষা রাজহাঁসের মতো ‘কোয়াং কোয়াং’ চিৎকার জুড়ে দিয়ে পালাতে শুরু করল। বাঁশমহালে যেন ঝড় উঠল। ঘুমন্ত বাচ্চাটি কিন্তু পড়ে গেল মাটিতে। পড়বে না! গভীর ঘুমে তলিয়ে ছিল যে! আচমকা ঘুম ভেঙে যাওয়া এবং পলাতক মা-বাবা, আঙ্কেল-আন্টিদের ভয়ার্ত চিৎকারে ঘাবড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মাটিতে। শিকারি বালকের দল ধাওয়া করে ধরে ফেলল ছানাটিকে। বিপদে পড়ে সেকি চিৎকার ওটার!খবর পেয়ে ছানাটিকে উদ্ধার করে নিজের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসেন শ্রীমঙ্গল শহরের সিতেশ বাবু। বেশ কয়েক মাস লালন-পালন করে ছেড়ে দেন লাওয়াছড়া বনে। এদের ইংরেজি নাম Phayre’s langur।এই যে চশমা হনুমান, বাংলাদেশে এরা বহুকাল ধরে মহা বিপন্ন। সংখ্যায় অতি নগণ্য। চমৎকার এই চশমা হনুমানদের বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর। জন্মের পরপর এদের রং থাকে বাদামি-ঘিয়ে। বয়স যত বাড়তে থাকে, ঘিয়ে রংটা মুছে যেতে থাকে। বয়স ছয় মাস পেরোলে চোখের চশমাটা স্পষ্ট হতে শুরু করে। এই বয়সে বাচ্চাদের মাথার রং হয় হালকা কমলা, চোখের চওড়া জোড়া ভ্রূর রং কালো। চোখ কালো। কান ও নাকের আগা গোলাপি। বুক-পেট-পিঠ-হাত কমলা। হাতের উপরি ভাগের কিছুটা হয় কালচে-বাদামি। লেজের রংও কমলা, আগার দিকটার গুচ্ছমতো লোমের রং কালচে বাদামি।এই বয়সে বাচ্চাগুলো দারুণ দুষ্টু হয়। মা-বাবার বারণ-শাসন মানতে চায় না। দৌড়াদৌড়ি-হুড়োহুড়ি করে খেলায় মাতে। খেলতে খেলতে মাঝেমধ্যে একটির লেজ ধরে অন্যটি ঝুলে পড়ে—দোল খায়। বাঁশবনই এদের প্রিয় আবাসস্থল। অবশ্য সেই বাঁশবন বা বাঁশমহালের ধারেকাছে জলের উৎস থাকা চাই।বাঁশবন বনমোরগ-মথুরা পাখিরও রাতের প্রিয় আশ্রয়স্থল। একই বাঁশবনে চশমা হনুমান ও বনমোরগ-মথুরারা আশ্রয় নেয় বলে শুনেছি আমি অনেক উপজাতীয় লোকের কাছে।চশমা হনুমানদের প্রিয় খাবার হচ্ছে বাঁশের কোড়ল ও বাঁশের অতি কচি পত্রদণ্ড। অন্য গাছের পাতা ও বিভিন্ন ফলমূলও এরা খায়। অন্যান্য বানর-হনুমানের তুলনায় এরা কম সাহসী, ভয় বেশি। অতি নিরীহ প্রাণী এরা। বাচ্চাদের রক্ষার জন্য এরা রুখে দাঁড়ায় না বা চেষ্টা করে না।চশমা হনুমানের বাচ্চারা অল্পতে ঘাবড়ে যায়। অজগর সাপ দেখলে মাকে আঁকড়ে ধরে একটানা চেঁচায়। উপজাতীয়রা এদের পোষে এবং মাংস খায়। পোষা অবস্থায় এরা নানা রকম মজার কাণ্ড ঘটায়। মনিবের ঘাড়-মাথায় চড়ে। পোষা বিড়াল-কুকুরের লেজে টান মেরে এক লাফে চড়ে বসে উঁচু জায়গায়। বেশ রসিক হয় বাচ্চারা।চশমা হনুমানেরা গভীর পাহাড়ি বন পছন্দ করে। নিভৃতে থাকতে চায়। বৃহত্তর সিলেট জেলার নূরজাহান চা-বাগান, হরিণছড়া চা-বাগান ও পাথরখোলা চা-বাগান এলাকার মুলি বাঁশবনে হঠাৎ হঠাৎ দেখা মেলে এদের।মা-বাবাহারা চশমা হনুমানের বাচ্চারা পোষ মানে বটে, তবে মাঝেমধ্যেই বিষণ্ন বদনে বসে থাকে।