চাষি ও জাদুর হাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গাঁয়ে বাস করতেন এক গরিব চাষি। স্ত্রী ছাড়া তাঁর কেউ ছিল না। তাঁদের মনে খুব বড় একটা দুঃখ ছিল, কারণ তাঁদের কোনো ছেলেপুলে ছিল না। একদিন চাষি ধান কাটতে গিয়ে একটা বড় হাঁড়ি দেখতে পেলেন। তাঁর ইচ্ছে হলো, হাঁড়িটাকে কাছে নিয়ে দেখতে। তিনি হাঁড়িটার কাছে গেলেন এবং বললেন, ‘হে হাঁড়ি, তুমি যদি সত্যিকারের হাঁড়ি হও, তবে আমাকে একটা সন্তান দাও।’ আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এল একটি সুন্দর হাড়পরি (জলে থাকা পরি—জলপরি, হাঁড়িতে থাকা পরি—হাড়পরি)। তিনি হাড়পরি দেখে অবাক হয়ে গেলেন। হাড়পরি চাষিকে বলল, ‘তোমার কোনো ছেলেপুলে নেই?’ চাষি বললেন, ‘না। দয়া করে আমাকে একটা ছেলে দাও।’ হাড়পরি বলল, ‘তোমাকে একটা ছেলে দিতে পারি, তবে তোমার স্ত্রী বাঁকা শসা খেয়েছিল, তাই তোমার ছেলেও বাঁকা হবে।’ চাষি বললেন, ‘আমার স্ত্রী বাঁকা শসা খেতে পছন্দ করে, তাই সে বাঁকা শসা খেয়েছিল, সেই জন্য আমার ছেলেও বাঁকা হবে?’ হাড়পরি বলল, ‘তোমার স্ত্রীকে বাঁকা শসা খেতে মানা করবে।’ চাষি বললেন, ‘তুমি একটু দয়া করো।’ হাড়পরি বলল, ‘ঠিক আছে, আমি তোমাকে খুব সুন্দর একটা ছেলে দিতে পারি, তবে একটা শর্তে।’ চাষি বললেন, ‘কী শর্ত, বলো। আমি তোমার সব শর্ত শুনব।’ হাড়পরি বলল, ‘তোমার ছেলের নাম প্রদীপ রাখতে হবে, নইলে তোমার ছেলে বাঁকা হবে।’ চাষি বললেন, ‘না, আমি আমার ছেলের নাম খোকা রাখব।’ হাড়পরি বলল, ‘তাহলে তোমার ছেলে বাঁকা হবে। তুমি কি বাঁকা ছেলে চাও?’ চাষি বললেন, ‘আমি সুন্দর ছেলে চাই।’ হাড়পরি বলল, ‘তাহলে তোমার ছেলের নাম প্রদীপ রাখতে হবে।’ চাষি বললেন, ‘আচ্ছা, রাখব। তাহলে এবার আমাকে ছেলে দাও।’ হাড়পরি বলল, ‘তুমি সামনের পড়ে থাকা মাটিটুকু খুঁড়ে তোমার ছেলেকে বের করে নাও।’ চাষি বললেন, ‘আমার কাছে তো কোদাল নেই, আমি মাটি খুঁড়ব কীভাবে? আমি তো ওই মাঠে রেখে এসেছি আমার কোদাল।’ হাড়পরি বলল, ‘আচ্ছা, আমিই তোমাকে মাটি খুঁড়ে দিচ্ছি।’ এরপর হাড়পরি তার হাতের জাদুর কাঠিতে একটা মন্ত্র পড়ে ফুঁ দিল, অমনি পড়ে থাকা মাটিটুকু দুই ভাগ হয়ে ভেতর থেকে বেরিয়ে এল একটি সুন্দর ফুটফুটে ছেলে। ফুটফুটে ছেলেটিকে পেয়ে চাষি খুব খুশি হলেন। তিনি বললেন, ‘তাহলে আমি এখন যাই, বাড়িতে আমার স্ত্রী একা আছে।’ হাড়পরি বলল, ‘যাও, ভালো থেকো, তবে দরকার পড়লে এই মাঠে এসো, আমি এখানেই থাকব।’এরপর চাষি ছেলেকে নিয়ে বাড়ি গেলেন। তিনি তাঁর স্ত্রীকে সবকিছু খুলে বললেন। চাষির স্ত্রীও ছেলে পেয়ে খুব খুশি হলেন। এরপর চাষি তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে সুখে-শান্তিতে বাস করতে লাগলেন। লেখা ও আঁকা: সানজানা মাহরিন, প্রথম শ্রেণী, লিটল ফ্লাওয়ার নার্সারি স্কুল, বয়রা, খুলনা।