চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দুদিন পর মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরেছি। আসার পথে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হলো দুই ঘণ্টার বেশি। কোনো বাসেই সিট নেই। বিকেলে একটি বাসে উঠতে পারলাম। মহাখালী থেকে বাসায় আসতেই রাত সাড়ে আটটা। প্রচণ্ড ক্ষুধায় বাবাকে পরোটো কিনে দিতে বলি। মা বললেন, ‘বাসায় ফিরে হাত-মুখ ধুয়ে খেতে বেরোব।’ বাসায় ফিরে মা দরজার লক খুলতেই মনে হয়, কে যেন ভেতর থেকে দরজা চেপে ধরেছে। অতঃপর দরজায় সিটকিনি দিয়েছে। মা চিৎকার করে বলছেন, ঘরে চোর আছে। কেয়ারটেকার বলছেন, দরজা কোনো কারণে আটকে গেছে। কেয়ারটেকার মায়ের কথায় পাত্তাই দিচ্ছেন না। বাবা তখন কেয়ারটেকারকে দিয়ে বারান্দার ছোট গেট খুলে বাগান দিয়ে বাসার পেছনে গিয়ে দেখেন, রান্নাঘরের বারান্দা ও জানালার গ্রিল কাটা এবং এগজস্ট ফ্যান বাঁকানো। বাবা ঘরে ঢুকে দরজার সিটকিনি খুলে দিলে আমরা ঘরে ঢুকি। দেখি, প্রতিটি রুম তছনছ করা। আমার পুরস্কারের টাকা, বৃত্তির টাকা, বিভিন্ন ঈদের সেলামির টাকা, বাবার কাছ থেকে নেওয়া টাকা মা জমা রাখতেন ছোট ছোট বক্সে—সবকিছু চোরেরা নিয়ে গেছে। চিত্রাঙ্কন, আবৃত্তি, নাটক করে ছোটবেলা থেকে যেসব পুরস্কার পেয়েছিলাম, সেগুলোও নিয়ে গেছে। আমার ভালো জামাকাপড় একটাও আর নেই। কষ্টে আমার বুক ফেটে যায়। মা চিৎকার করে কাঁদছেন আর বলছেন, ‘মা, আমরা নিঃস্ব হয়ে গেলাম।’ আমার মাথায় কিছুই ঢুকছে না। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আমার আর মায়ের চেইন, লকেট ও কানের দুল নেই। মা বাড়িতে দাদিকে বলে এসেছিলেন আমার টাকা দিয়ে ছোট একটি গরু কিনে দেবেন। মামা ব্যাংকে চাকরি করেন। মা তাই মামাকে বলে এসেছিলেন আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট করতে, যেন টাকা জমানো যায়। ঢাকায় ফিরে মামাকে টাকা পাঠানোর কথা। চোরেরা আমার মাটির ব্যাংকটা ভেঙে কয়েনগুলোও নিয়ে গেছে। অথচ মায়ের অসুখে বা আমি কিছু খেতে চাইলে মা আমার টাকা খরচ করতেন না। বাড়িওয়ালাকে বাবা ফোন করে চুরির কথা জানান। বাড়িওয়ালা তাঁর গ্রামের বাড়ি গেছেন, আসতে নাকি পাঁচ-ছয় দিন লাগবে। বাবা থানায় গিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখে যায়। সামনের দোকানের লোকজন, ছয়তলার আন্টি-আঙ্কেলরা দেখে যান। মা-বাবা অনেককে ফোন করে খবর জানান। ছয়তলার আন্টি রাতে আমাকে খাওয়াতে নিয়ে যান। তখন রাত প্রায় ১২টা। খেতে বসে আমি খেতে পারছি না। আমার প্রতিটি জিনিস আমি কী যে ভালোবাসতাম! বাসায় মেহমান এলে পুরস্কারগুলো দেখলে তাঁরা আমাকে অনেক আদর করতেন, দোয়া করতেন। অথচ আজ আর কিছু নেই। আন্টি-আঙ্কেল আমাকে সান্ত্বনা দেন। কিছুক্ষণ পর বাবা আমাকে নিচতলায় আমাদের বাসায় নিয়ে আসেন। ছয়তলার আঙ্কেল মা-বাবার জন্য খাবার নিয়ে আসেন। সারা রাত লাইট জ্বালানো ছিল। গ্রিল কাটা, রুম লক হচ্ছে না, ভয়ে বারবার গায়ে কাঁটা দিচ্ছে। প্রচণ্ড ঘুম নিয়েও সারা রাত জেগে থাকি।দুদিন খুব ভয়ে ভয়ে ছিলাম। তবে আজ একটু কমই। কারণ, গ্রিল লাগানো হয়েছে। তবু সকাল থেকে ভয় করছে। বাবা আজ অফিসে গেছেন। তিনি ফোন করে বলেছেন, এক চাচ্চু আজ আমাদের সঙ্গে বাসায় থাকবেন। মা খুবই ক্লান্ত। মা একটু ঘুমালেই আমার ভয় লাগে। টেনশনে আমি ঘামতে থাকি, জ্বর আসে, হাত-পা ঠান্ডা হয়ে যায়। রাত হয়ে গেছে। বাবা বাইরে। বাবার জন্য ভয় করছে। খুব খিদে ও ঘুম পেয়েছে। মা ভয়ে রান্নাঘরে যেতে পারছেন না।কখন যে মা খেতে দেবেন, কখন আমি ঘুমুতে যাব, কে জানে? পড়ার খুব ক্ষতি হচ্ছে। ভালো লাগছে না। কী হবে, কিচ্ছু জানি না। সামনে প্রাথমিক সমাপনী পরীক্ষা, অথচ ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। স্যারের কাছে কাল থেকেই পড়তে যেতে হবে, সাত-আট দিন পর থেকে স্কুলও খোলা।মা ভয় পাচ্ছেন। আমি ভয় পাচ্ছি। আমাদের জন্য বাবাও ভয় পাচ্ছেন। আমাদের কি আরও কোনো ক্ষতি হবে? কিচ্ছু বুঝতে পারছি না।পঞ্চম শ্রেণী, মোহম্মদপুর বালিকা বিদ্যালয়, ঢাকা।