চোখের জাদু
চোখের ভাষা বড় বিচিত্র। কোনো কারণে মন ভালো হলে চোখে খুশির ঝিলিক খেলে। মন খারাপ হলে চোখে নামে কষ্টের ছায়া। ছোটদের উৎপাতে বিরক্ত বড়রা অনেক সময় একটিবার চোখরাঙানি দিলেই সব ঠান্ডা। চোখের এই জাদুকরি ক্ষমতার যেন শেষ নেই। চোখের জাদু অন্যান্য প্রাণীর মধ্যেও রয়েছে। ‘ম্যাকাক’ বলে পরিচিত বানরজাতীয় এই প্রাণীর কালো মুখের দিকে তাকাও। মনে হবে জ্বলজ্বলে দৃষ্টি মেলে বিদ্বেষ ছড়াচ্ছে। আসলে ওদের চোখই এমন। ভীরু প্রাণী খরগোশের মুখটা ছুঁচালো আর চ্যাপটা। ওদের চোখ দুটো রয়েছে মাথার দুই পাশে। এতে শত্রু, বিশেষ করে শিকারি প্রাণীর উপস্থিতি চট করে চোখে পড়ে। আর অমনি পালিয়ে পগারপার। বিড়ালজাতীয় শিকারি প্রাণীর চোখ আবার সামনে পাশাপাশি থাকে। এতে সামনে কোনো শিকার থাকলে খুব সহজে চোখে পড়ে যায়। জলহস্তী ও ব্যাঙের মতো উভচর প্রাণীর চোখ মাথার দুই পাশে থাকলেও অবস্থান একটু ওপরে। এ কারণে ওরা পুরো শরীর পানিতে ডুবিয়ে রেখেও ঠিকরে আসা চোখ দিয়ে চারপাশ ভালো করে দেখতে পায়। প্যাঁচার দিকে তাকালে মনে হবে, সারাক্ষণ চোখ রাঙিয়ে আছে। টারসিয়ার নামের স্তন্যপায়ী প্রাণীটির চোখ আরও বস্ফািরিত। দেখলে মনে হবে, অবাক লাগা ভাবটা গ্যাঁট হয়ে আছে চোখে। চোখ দুটোকে ধুলোবালি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাপড়ি। আফ্রিকার ভূচর ধনেশ পাখির বেলায় বড় পাপড়িগুলো বাড়তি কাজ করে। এগুলো ওদের রোদের তীব্র আঁচ থেকে রক্ষা করে। সাপের পাপড়ি দূরে থাক, চোখের পাতাই নেই। তবে স্বচ্ছ এক ধরনের আঁশে ওদের চোখ দুটো আবৃত। সাপ যখন খোলস বদলায়, এই আঁশও খোলসের সঙ্গে দূর হয়ে নতুন আঁশ বের হয়। রেকুনসহ অনেক নিশাচর প্রাণীর চোখের ভেতর পাতলা একটা স্তর রয়েছে, যা আয়নার মতো কাজ করে। রং বদলানো গিরগিটি ক্যামিলিয়ন ওদের চোখ দুটোর প্রতিটি আলাদাভাবে যেদিক খুশি ঘোরাতে পারে। চোখের রাজা হচ্ছে ক্ল্যাম বলে পরিচিত এক ধরনের বড় সামুদ্রিক ঝিনুক। এই ঝিনুকের রয়েছে খুদে শত শত চোখ। তবে এসব চোখের কাজ কেবল একটাই—আলো ও আঁধারের তফাত বের করা। শরিফুল ইসলাম ভূঁইয়া, সূত্র: রেঞ্জার রিক।