চড়ুইভাতির লাল টিপ
আম্মু, তোমার নাম কী? আব্বুর পাশের চাচুটি আমার নাম জানতে চান। আমি আমার নামটি বলি—অপূর্বা শৈলী।ভারি সুন্দর নাম, বলে তিনি আমাকে জড়িয়ে ধরেন, আদর করেন। আমার বেশ ভালো লাগে। চাচুটি বেশ মজার—ক্লিক, ক্লিক করে তিনি আমাদের ছবি তোলেন। আব্বুরা কেউ আজ অফিসে যায়নি। এমনকি আমাকেও খুব ভোরে উঠে স্কুলের জন্য ছুটতে হয়নি। এরকম দিন বারবার আসে না। অনেক দিন পর অনেক দিন পর একবার আসে।কপালে লাল টিপ, গায়ে গোলাপি রঙের নতুন জামা, পায়ে হলুদ নতুন জুতা পরে আব্বু, আম্মু ও ভাইয়ার সঙ্গে বেরিয়েছি আমি। বেশ ফুরফুরে মন। আমরা প্রতিদিন এতক্ষণে অ্যাসেম্বলিতে যোগ দিই—জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি। শপথ পাঠ করি—আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। এই—, ভাইয়া ধমক দিয়ে আমাকে থামিয়ে দেয়। আমার মনটা খারাপ হয়ে যায়। আমার কান্না পায়।আমি দেখি দুটো বড় গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। আমার মন আবার ভালো হয়ে যায়। আম্মুর হাত ধরে ভাইয়ার সঙ্গে আমরা গাড়িতে গিয়ে বসি।গাড়িতে উঠেই আমার মনটা আনন্দে নেচে ওঠে। ওমা এ কী কাণ্ড! আমার মতো অনেকেই এখানে। সবার গায়ে নতুন জামা, নতুন প্যান্ট ও নতুন জুতা। তাদের নামও বেশ মজার। অন্বেষা, শ্রেয়া, রুপা, বাবলি, লুবাবা, লাবিবা। কত্ত নাম। আমার আর মনে পড়ে না। আজকের দিনটি বেশ মজার। এটি আমাদের অন্য রকম দিন। ভাইয়া তো বেশ বড় হয়েছে, নাইনে পড়ে; ও তো অনেক কিছু জানে। কথা একেবারে বলে না। আচ্ছা, বড় হলে কি ওভাবে চুপচাপ বসে থাকতে হয়, কথাগুলো বেঁধে রাখতে হয়? আব্বু বলে, আমি নাকি তার মতো হয়েছি—কথা না বলে পারি না, শুধু প্রশ্ন করি। রাতে তো আমার ঘুম আসে না। কত কিছু ভাবি।আমাদের বেডরুমে প্রজাপতি আসে কেন?নেংটি ইঁদুরটি মাঝেমধ্যে আমাকে দেখে, আবার আম্মুকে দেখলেই পালিয়ে যায় কেন?বাসার টিকটিকি, পিঁপড়ে, আরশোলাদের কী দোষ; আরজু কেন প্রতি রাতে ওদের পথে চক ঘষে?সকালে ওদের মরা দেখলে আমার মনটা কেঁদে ওঠে, আমি কাঁদি। আমার বেলিনা মিসকে মনে পড়ে। শুধু শুধু কেন ইংলিশ মিডিয়ামে চলে গেলেন জানি না। আমি মাছ আঁকতে পারি, বেগুন পারি, আপেল পারি, নৌকা পারি না, শাপলা পারি না। শ্রেয়ারা কি পারে?আমাদের নাশতা দিয়ে গেলেন এক লম্বু ভাইয়া। সন্দেশ, কলা, পাউরুটি, এক বোতল পানি আর ডিম। আমার তো ডিম খেতে ইচ্ছে করে না। চিপস দিতে পারে না? কোকের ক্যানগুলো এখনো প্যাকেটে, আমাকে কোক দেবে না?আবার নৌকায় করে বেড়াতে গেলাম, একটি রাজবাড়িতে গেলাম, বৌদ্ধবিহার দেখলাম।আমরা পাহাড় দেখলাম, নদী দেখলাম, ফুল দেখলাম, পাখি দেখলাম, চা-বাগানে গেলাম। চাকমা মগ মুরংদের বাড়ি দেখলাম। তাদের বাড়িগুলো বেশ চমৎকার, সাজানো। টিলায় টিলায় সারি সারি বাড়ি। দোতলা বাড়ি—নিচতলা খোলা, আলোয় আলোয় ভরা, বাতাসে বাতাসে ঘেরা। আমাদের শহরের বাড়িগুলো কেন অন্য রকম, আমি জানি না।বাড়িগুলো দেখে আমার দাদুবাড়ির কথা মনে পড়ল। দাদুর কথা মনে পড়ল। লাকির জন্য, দাদুবাড়ির বিড়ালছানাটির জন্য মন ছুটে গেল। আমার নামে দেওয়া বাছুর দুটোর কপালে জেগে থাকা সাদা-কালো চাঁটির কথা মনে পড়ল। সাজ্জাদ ভাইয়ার কথা মনে পড়ল। সাজ্জাদ ভাইয়া দাদুর কাছে থাকে, দাদুর কাছে পড়ে, ক্লাসে বারবার ফার্স্ট হয়। আচ্ছা, আমার এত্ত কিছু মনে পড়ে কেন? এগুলো কি ভাইয়ার মনে পড়ে না, আব্বুর মনে পড়ে না? আমার দাদুআপুকে মনে পড়ে। দাদুভাইয়ার ছবিটি আমার দুচোখে হাসতে থাকে। আমি তো তাঁকে দেখিনি। তার পরও দেখি।আমাদের নৌকাটি ঝুলন্ত সেতুর কাছে এসে দাঁড়াল। আমরা ঝুলন্ত সেতুটি দেখলাম, হ্রদের বুকে জেগে থাকা টিলায় টিলায় আমার মন ছুটে গেল। আমরা আবার ছবি ওঠালাম। কখন আমার পাশে এই আন্টিটি এসে বসলেন, আমি টেরই পাইনি। তাঁর মুখ কালো ওড়নায় ঢাকা। তাঁর হাতধরা মেয়েটির মাথায় সাদা স্কার্ফ। উনিও আমাদের সঙ্গে এসেছেন। আম্মুকে সালাম করেছেন। আম্মুদের কাছাকাছি এতক্ষণ বসে ছিলেন। উনি আমার লাল টিপে হাত দিলেন। আমি কেঁদে উঠতে চাইলে আবার আমার হাতে এটি রেখে দিলেন। আম্মু আমাকে লাল টিপটি আবার পরিয়ে দিল। এবার রুপা আমার লাল টিপটি নিতে চাইল। আম্মু সবাইকে একটি একটি লাল টিপ পরিয়ে দিল। আমরা সবাই হাততালি দিয়ে আনন্দে লাফিয়ে উঠলাম। আমরা আবার গান ধরলাম, ‘আমাদের দেশটা স্বপ্নপুরী/ সাথি মোদের ফুলপরি/ ফুলপরি লালপরি নীলপরি, সবার সাথে ভাব করি।’ চড়ুইভাতির লাল টিপ আবার আমার কপালে প্রভাতসূর্যের মতো জ্বলে উঠল। অন্বেষাদের সঙ্গে আবার ছবি ওঠালাম।লম্বু ভাইয়াটি আবার এল। আমাদের জুস দিল। চকলেট দিল। আমার এ রকম ভাইয়াদের বেশ ভালো লাগে। একটি করে কমলা দিল। আমার এবার চাচুর কথা মনে পড়ল। চাচু এখন ঢাকায়। রাত-দিন আমাকে নিয়ে পড়ে থাকত। লুকিয়ে লুকিয়ে চকলেট দিত। চাচুর জন্য আমার কান্না পায়। কেউ তো এখন আমাকে উপুড় করে বুকে নিয়ে খেলে না, ঘোড়া হয় না, গাড়ি হয় না, লালপরিদের কথা, নীলপরিদের কথা মজা করে বলে না। ওই আন্টিদের আমার ভালো লাগে না, যাঁরা টিপ পরতে দেন না, গান করতে বারণ করেন, ছবি তুলতে চান না। আমার ওই মিসদের ভালো লাগে না, যাঁরা খেলতে দেন না, গল্প করেন না, কথায় কথায় হেড ডাউন দেন।প্রতিদিন আমি লাল-সবুজের পতাকা আঁকি। লাল টিপ পরি। আমার বেলুনের মতো উড়ে যেতে ইচ্ছে করে। চাঁদের বুড়ির কাছে। আমার ঘাসফড়িংয়ের পিছু নিতে ইচ্ছে করে। মুঠো মুঠো জোনাক পোকায় দুই হাত পুরে নিতে ইচ্ছে করে। দেয়ালের কোণে যে মাকড়শাটি একপেট ডিম নিয়ে মরে শুকিয়ে গেছে, সেটা ধরে দেখতে ইচ্ছে করে। দোলযাত্রার ফানুসগুলোর মতো উড়ে উড়ে আলো জ্বালিয়ে আমি ছুটে যাই কালো-নীল মেঘদের দেশে। সুরের দেশে স্বপ্নের দেশে। আমার লাল টিপটি পরলে জাতীয় পতাকার কথা মনে পড়ে। লাল টিপের সূর্যটি আমার কপালে পতাকার মতো হাসে।