ছদ্মবেশী পোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন বিভিন্ন পাখি, ব্যাঙ, সাপ, টিকটিকি, শিকারি পরভোজী পোকা ইত্যাদি প্রাণি বিপুল পরিমাণ পোকা শিকার করে। পোকাই এদের খাদ্যের প্রধান উৎস। তাই পোকারা ওদের শত্রুর হাত থেকে বাঁচার জন্য ছদ্মবেশ ধারণ করে। কোনো কোনো পোকা ছদ্মবেশ ধরে তাদের দেহের রং বদলায়, কেউ বদলে ফেলে আকৃতি ও চেহারা। আবার কেউ কেউ দেহে তৈরি করা বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দিয়ে শত্রুর হাত থেকে বাঁচার চেষ্টা করে। তবে বেশির ভাগ ছদ্মবেশী পোকা এদের আবাসস্থলের গাছপালার সঙ্গে এমনভাবে মিশে থাকার চেষ্টা করে, যেন শত্রু বুঝতে না পারে যে সেখানে কোনো পোকা আছে। কোনো পোকা গাছের পাতার রূপ ধরে, কখনো ধরে গাছের বাকলের রং; কখনো বা গাছের শাখা বা কাঁটার মতো হয়ে যায়। সব পোকা ছদ্মবেশ ধারণ না করলেও বেশ কিছু পোকা তা করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছদ্মবেশী হলো পাতাপোকা বা লিফ ইনসেক্ট, কাঠিপোকা বা স্টিক ইনসেক্ট এবং থলে-পোকা বা ব্যাগওয়ার্ম। শেষ দুটি ছদ্মবেশী পোকা এ দেশের বিভিন্ন উদ্যানে, ফুল-ফলের গাছে বেশ দেখা যায়। এসব পোকা সাধারণত উষ্ণ ও অব-উষ্ণ এলাকার বাদলবন ও অরণ্যে থাকে। শীতের দেশের অরণ্যে এদের দেখা মেলে না। কেননা, সেসব দেশের গাছপালা মৌসুমে মৌসুমে খুব রূপ বদলায়। পোকারা তাই ওসব গাছের মতো অত ভোল পাল্টাতে পারে না।পাতাপোকার দেহের গড়ন এমন যে, গাছে থাকলে এদের ওই গাছের সবুজ পাতা বলেই মনে হয়। এদের কিছু প্রজাতির দৈহিক গড়ন আবার এতই নিখুঁত যে এদের দেহের কিনারা দেখলে মনে হয়, যেন কোনো পোকায় খানিকটা অংশ খেয়ে গেছে। শত্রু-পোকাদের বিভ্রান্ত করার এ এক চমৎকার কৌশল! পৃথিবীতে প্রায় ২৫-৩০ প্রজাতির পাতাপোকা আছে।কোনো প্রাণী যখন কোনো পোকাকে শিকার করার জন্য তাড়া করে, তখন সাধারণত তারা দ্রুত দৌড়ে বা উড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। ছদ্মবেশী পোকারা ঠিক এর উল্টো। এরা ধাওয়া খেলেও একই জায়গায় ঘাপটি মেরে নিশ্চল বসে থাকে, নড়াচড়া করে না। শত্রুরা মনে করে, ওটা আসলে পোকা নয় বা মরা পোকা। শিকারিরা সাধারণত মরা পোকা শিকার করে না। তাই এরা শত্রুর হাত থেকে বেঁচে যায়। তাই বলে এদের যে চলতে-ফিরতে হয় না, তা নয়। তবে ছদ্মবেশী পোকা রাতেই বেশি চলাচল করে। সে সময় শত্রুরা এদের দেখতে পায় না। এসব পোকাকে তাই নিশাচরও বলা যায়। তবে কখনো কখনো শত্রুদের কেউ কেউ বেশ চালাক হয়। এরাও বাজিয়ে দেখে যে আসলে ওটা এদের ভান কি না। তাই এদের কাছে গিয়ে খোঁচায়, বিরক্ত করে। এরাও তখন ভিন্ন ভাব ধরে। পাতাপোকারা গাছের পাতার সঙ্গে লেগে থেকে একটু সামনে-পেছনে করে এমনভাবে দুলতে থাকে, দেখলে মনে হয়, যেন কোনো পাতা বাতাসে দুলছে। আর জিওম্যাট্রিড মথদের কাজ-কারবার তো আরও বিচিত্র। এদের গায়ের রংটাও শুকনো পাতার মতো। শত্রুরা বেশি বিরক্ত করলে এরা গাছ থেকে শুকনো পাতার মতো টুপ করে খসে পড়ে। গাছের নিচে শুকনো পাতার মতো পড়ে থাকে। শত্রুরা চলে গেলে সেখান থেকে আবার গাছে উঠে আসে। থলে-পোকারা থাকে কোণ আইসক্রিমের খোলের মতো থলের ভেতর। গাছের ডাল ও পাতার সঙ্গে এর মোটা প্রান্তটা আঠার সাহায্যে আটকে থাকে, সরু প্রান্তটা থাকে ওপরের দিকে। দেখে মনে হয় গাছের কাঁটা। এর ভেতরেই থলে-পোকার বাচ্চা থাকে আর লুকিয়ে লুকিয়ে পাতার ত্বক কুরে কুরে খেতে থাকে। কিন্তু এদের কেউ খেতে পারে না; এক জায়গায় খাওয়া শেষ হলে থলেসহ ধীরে ধীরে অন্য জায়গায় চলতে শুরু করে।মৌমাছি, বোলতা, ভীমরুল ইত্যাদি পোকাকে অনেকেই ভয় পায় বিষাক্ত হুলের কারণে। হুল ফুটিয়ে দিলেই যন্ত্রণার শেষ থাকে না। মৌমাছি ও বোলতার দেহে কালো ও হলুদ ডোরাকাটা দাগ আছে। এক ধরনের নির্বিষ মথ ও মাছি আছে, তারা শত্রু দেখলে মৌমাছি ও বোলতার রূপ ধরে। যেসব মথ ও মাছি শত্রুদের সুস্বাদু খাবার, এরাই হয়ে ওঠে ভয়ের। এদের এ চেহারা দেখে বোলতা ভেবে ভুল করে আর ওদের থেকে দূরে থাকে। নিখুঁত ওদের অভিনয়। তাই ওসব মাছিকে ‘অভিনেতা পোকা’ বললে ভুল হবে না।এক ধরনের পোকা আছে যাদের দেখলে শুকনো মরা সরু ডাল বা কাঠি বলে মনে হয়। এদের বলা হয় কাঠিপোকা বা ওয়াকিং স্টিক/স্টিক ইনসেক্ট। পৃথিবীতে প্রায় দুই হাজার প্রজাতির ধীরে চলা স্বভাবের কাঠিপোকা আছে। কোনো-কোনোটির গা কাঠির মতো চিকন, কোনোটার গায়ে তীক্ষ কাঁটা আছে, আবার কোনোটা তীব্র দুর্গন্ধ, রক্ত ও বিষ ছড়ায়। এসব পোকার অনেক প্রজাতির ডিম দেখতে বীজের মতো। সেটিও এক রকমের ছদ্মবেশ। এতে শত্রুরা ডিম নষ্ট করতে পারে না। ক্ষুদ্র থেকে বড়—নানা ধরনের কাঠিপোকা আছে। এশিয়াটিক প্যালোফাস ও ইস্ট ইন্ডিয়ান ফার্নাসিয়া কাঠিপোকা প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) লম্বা।