ছদ্মবেশে ধোঁকাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগতে রাতদিন চলছে শিকার আর শিকারির লুকোচুরি খেলা। সবল শিকারি তক্কে তক্কে থাকে—কখন দুর্বল শিকারকে কুপোকাত করবে। এ জন্য কিছু ফন্দিবাজ শিকারি ছদ্মবেশ নিতেও কসুর করে না। তাদের নিখুঁত ছদ্মবেশ ধরতেই পারে না সদা সজাগ শিকার। আবার এর উল্টোটিও ঘটে। প্রকৃতির দেওয়া ছদ্মবেশের গুণে শিকারিকে ধোঁকা দেয় শিকার। এখানে তুলে ধরা হলো কিছু ছদ্মবেশে ধোঁকাবাজির কথা। সাগরে ‘ফ্রগফিশ’ বলে একধরনের মাছ আছে, দেখলে মনে হবে লাল স্পঞ্জ ভেসে আছে। ছোট ছোট মাছ ও সামুদ্রিক প্রাণী ওদের খাবার। ফ্রগফিশের এই ছদ্মবেশ ধরতেই পারে না ওরা। কাজেই নির্ভয়ে সাঁতরে চলে যায় ফ্রগফিশের কাছে। আয়েশে ঘোরাফেরা করে। আর যখন ফ্রগফিশের মুখের কাছে আসে, অমনি ঘপাৎ! আরেক ছদ্মবেশী হচ্ছে ‘পাফার ফিশ’। পটকা মাছ বলে যাকে। এই মাছ বড় খাদক হলেও কিছু বড় মাছ ও সামুদ্রিক প্রাণী বাগে পেলে ওদেরও উপাদেয় খাবার বানাতে চায়। কিন্তু শত্রুর দেখা পেলে চালাকি করে ওরা। পেটটাকে ফুলিয়ে বেলুন বানিয়ে ফেলে। এই বেলুন দেখে কিছু শিকারি ভড়কে যায়। কিছু শিকারি আবার গলাধঃকরণের চেষ্টা করে বিফল হয়। এভাবে শত্রুর কবল থেকে নিজেকে রক্ষা করে পটকা। সুন্দর এক মাছ ‘বাটারফ্লাই ফিশ’। ডোরাকাটা এই মাছের লেজের কাছে রয়েছে এমন এক কালো ছাপ, দেখতে ঠিক চোখের মতো। এ জন্য অনেক শিকারি মাছটির পেছন দিকটাকে মাথা ভেবে সেদিকে হামলা চালায়। এতে শত্রুর কবল থেকে পালানোর যথেষ্ট সময় পায় ওরা।সাগরে ‘ক্লিনার ফিশ’ বলে কিছু ছোট মাছ রয়েছে, যারা বড় মাছের খেদমত করে থাকে। এসব পরিচ্ছন্নতা-কর্মী বড় মাছের দাঁত ও শরীরে আটকে থাকা খুদে পরজীবী ও ময়লা খেয়ে একদিকে যেমন খিদে মেটায়, তেমনি বড় মাছগুলো পরজীবীর উৎপাত থেকে রেহাই পায়। ধারালো দাঁতের একধরনের ছোট মাছ আছে, যারা ‘ব্লেনি ফিশ’ বলে পরিচিত। ওরা ক্লিনার না হয়েও ভাব দেখায় যে বড় মাছের সেবা করবে। তা দেখে কোনো বড় মাছ এগিয়ে এলে ধোঁকায় পড়ে যায়। ব্লেনি ফিশ আচমকা তার গা থেকে এক চিমটি মাংস খুবলে নিয়ে শাঁ করে পালিয়ে যায়।কিউকামবার মানে কি? শসা। কিন্তু ‘সি কিউকামবার’ মোটেও শসা নয়। এটি আজব এক সামুদ্রিক প্রাণী। দেখতে গোবেচারা হলেও ওদের আত্মরক্ষার কৌশলে বেশ চমক রয়েছে। কোনো শত্রু ওদের কাছে ভিড়লে পেট থেকে নাড়িভুঁড়ির একটা অংশ বের করে ওরা। তা আঠালো জালের মতো কাজ করে। এই জালে জড়িয়ে শত্রু বিড়ম্বনা পোহাতে থাকে। এই ফাঁকে সি কিউকামবার পগার পার। কিছুদিনের মধ্যে আবার গজিয়ে যায় ওদের এই নাড়িভুঁড়ি।সাগরে ছদ্মবেশে সবচেয়ে পাকা হচ্ছে অক্টোপাস। ওরা যখন যে পরিবেশে থাকে, সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর মতো রং ধারণ করতে পারে। আর শত্রুর সঙ্গে পেরে ওঠা যখন খুব দায় হয়ে যায়, তখন গা থেকে একধরনের কালি ছেড়ে জল ঘোলা করে ফেলে। তারপর চলে যায় নিরাপদ দূরত্বে।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক।