ছায়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

আমার ঘুড়িটা কেটে গেছে।

অনেক কসরত করে আমি এই ঢাউস ঘুড়িটা বানিয়েছি। আমার বন্ধু পলাশ বিচিত্র ধরনের ঘুড়ি বানাতে পারে। ফানুস, ঢাউস, সর্প, দুয়ার, চিল। একেক দিন একেক রকমের ঘুড়ি ওড়ায় সে। আমার খুব হিংসে হয়।

অন্য সব ক্ষেত্রে পলাশ আমার বন্ধু হলেও ঘুড়ির বেলায় সে আমার শত্রু। অন্তত সে সেটাই মনে করে। নইলে ঘুড়ি বানাতে বা ঘুড়ি ওড়াতে সে আমাকে সাহায্য করে না কেন? অনেক কৌশল করে ঘুড়ি বানাতে হয়, ওড়ানোর সময়ও কৌশল লাগে। এসবের অনেকটাই আমি জানি না, যা পলাশ জানে।

দুটি ঘুড়ির প্রতি আমার আগ্রহ—ফানুস আর ঢাউস। আমি অনেক কাঠখড় পুড়িয়ে ঢাউস ঘুড়িটা বানাতে শিখেছি। এবার শিখতে হবে ফানুস ঘুড়ি বানানো। পলাশ শেখাবে না। সমস্যা নেই। আমাকে শুধু আরও কিছু কাঠখড় পোড়াতে হবে।

ঢাউস ঘুড়ির অনেক শক্তি। ঘুড়িটা আকাশে উঠে যাওয়ার পর আমি তা বুঝতে পারলাম। ঘুড়িটার সাংঘাতিক টান। যেন আমাকে টেনে নিয়ে যাবে। মোটা সুতা দিয়ে ঢাউস ঘুড়ি ওড়াতে হয়। এটা আমি জানতাম না। পলাশও আমাকে কখনো বলেনি। এখন নিজের বোকামিতে নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছা করছে।

কিন্তু এখন চুল ছেঁড়ার সময় নেই। ঘুড়িটা ছিঁড়ে গেছে। গোত্তা খেতে খেতে সেটা উড়ে যাচ্ছে দূর থেকে দূরে।

হায় ঘুড়ি, আমার অনেক প্রিয় ঘুড়ি! আমাকে ওটা ধরতে হবে। আমি ঘুড়ির দিকে তাকিয়ে দৌড়ে চলেছি। মাঠের পর মাঠ, বাগানের পর বাগান পেরিয়ে ছুটছি আমি।

যেন অনন্তকাল দৌড়ে আমি হাঁপাতে লাগলাম। আমার চোখ ঝাপসা হয়ে এল। আবছা দৃষ্টিতে আমি দেখলাম, ঘুড়িটা দূর জঙ্গলের নারকেলগাছের মাথায় আটকে গেছে।

গ্রাম পেরিয়ে আমি চলে এলাম ভিনগ্রামে। ঢুকে পড়লাম জঙ্গলের ভেতর। গহিন জঙ্গলে নারকেলগাছটা খুঁজে পেতে আমার কষ্ট হলো না। বরং জঙ্গলটাকে কেন জানি আমার চেনা চেনা মনে হতে লাগল।

এই গ্রামে আমি আগে কখনো আসিনি। এই জঙ্গলে ঢোকার তো প্রশ্নই আসে না। তাহলে জঙ্গলটা আমার চেনা লাগছে কেন—এই প্রশ্ন আমার মনে খোঁচা দিতে শুরু করল। কিন্তু আমি এই খোঁচাকে পাত্তা দিলাম না। আমাকে নারকেলগাছে উঠে আমার সাধের ঘুড়িটা উদ্ধার করতে হবে।

আমি তরতরিয়ে উঠে পড়লাম নারকেলগাছে। এই কাজে আমার বিশেষ দক্ষতা আছে।

চৈত্র মাসের তপ্ত দুপুর। এত দূর দৌড়ে আমি ক্লান্ত হয়ে গেছি। ঘুড়িটার নাগাল পেয়ে ক্লান্তি দূর হয়ে গেল। ঢাউস আকারের ঘুড়িটা অতি যত্নে নামিয়ে নিলাম। সেই সঙ্গে আরেকটি কাজ করলাম। নারকেলগাছের মাথায় উঠে কচি কচি ডাব দেখে আমার তৃষ্ণা বেড়ে গেল। আমার পকেটে একটা ছোট ছুরি ছিল। কাঁচা আম কেটে খাওয়ার জন্য রেখেছি। সেই ছুরি দিয়ে একটা ডাবও পেড়ে নিলাম।

নিচে নেমে ছুরির মাথা ঢুকিয়ে ডাবে একটা ছিদ্র করতে পারলাম। তারপর চুমুক দিয়ে সবটুকু পানি খেয়ে ফেললাম।

ডাবের পানি খেয়ে আমার কেমন যেন অন্য রকম একটা বোধ হতে লাগল। গায়ের লোম কাঁটা দিয়ে উঠল, চামড়া জ্বলতে শুরু করল, সমস্ত শরীরে একটা হাড়ভাঙা ব্যথা অনুভব করলাম।

গা গুলিয়ে আমার যখন বমি পেতে থাকল, যখন আমার মুখে একটা নোনতা স্বাদ লেগে রইল; আমি আঁতকে উঠে হাতের তালু দিয়ে মুখটা মুছলাম। একি, আমার তালুতে রক্ত লেগে আছে কেন!

দুম করে আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার বয়স যখন পাঁচ, তখন দাদি মারা যান। তার আগে আমি দাদির সঙ্গে ঘুমাতাম। ঘুম পাড়ানোর জন্য দাদি আমাকে রাজ্যের গল্প বলতেন। কঙ্কাবতী-ডালিমকুমার, রাক্ষস-খোক্কশ, জিন-ভূতের গল্প। আমার যখন কিছুতেই ঘুম আসত না, দাদি বলতেন, একটা নারকেলগাছের গল্প। সেই গল্পটা শুনে ভয়ে জড়োসড়ো হয়ে আমি দাদির বুকে ঘুমিয়ে পড়তাম।

এক গ্রামে নাকি একটা ছায়াবাড়ি ছিল। ছায়াবাড়ি মানে ঘন গাছগাছড়া-লতাপাতার বিশাল জঙ্গল। ভয়ে সেখানে কেউ ঢুকত না। একদিন এক কৃষক হালের বলদ দাঁড় করিয়ে রেখে সেই জঙ্গলে ঢুকে পড়ল। নারকেলগাছে উঠে ডাবের পানি খেয়ে নিল। সেটা আসলে পানি ছিল না। ডাবের ভেতরে ছিল রক্ত। আর ওই রক্ত খেয়ে কৃষক হয়ে পড়ল রক্তচোষা পিশাচ। সেই পিশাচ এরপর রাতের বেলায় গ্রামে হেঁটে হেঁটে না-ঘুমানো বাচ্চাদের রক্ত খেয়ে নিত।

গল্পটা বলার সময় পিশাচের ভয়ংকর চেহারার বর্ণনা দিতেন দাদি। বর্ণনা দিতেন জঙ্গলেরও।

আমার মনে পড়ে গেল—কেন জঙ্গলটা আমার চেনা চেনা লাগছিল। আমার হাতের তালুতে রক্ত। তার মানে আমি রক্ত খেয়েছি সেই কৃষকের মতো! এটা তাহলে সেই জঙ্গল! হঠাৎ আমার শরীরে বিশাল পরিবর্তন টের পেলাম। আমার চোখ দুটো গরম হয়ে গেল। চোখের মণি কোটরের ভেতর ঢুকে যেতে লাগল। আমার জিহ্বা যেন লম্বা হয়ে লকলকে হয়ে গেল। ওপরের পাটির দুটো দাঁত ঠোঁট ছাড়িয়ে অনেকটা বেরিয়ে এল। হাত-পায়ের নখ বড় হয়ে তীক্ষ্ণ হয়ে গেল। আমার সারা শরীরের লোম লম্বা হয়ে কালো হয়ে যেতে লাগল।

তীব্র আতঙ্কে আমি গগনবিদারী একটা চিৎকার দিলাম। সেই জান্তব স্বরের চিৎকারে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। ভয়ে দৌড় লাগালাম বাড়ির উদ্দেশে। পরনের গেঞ্জি খুলে মুখ ঢেকে ঢুকে পড়লাম ঘরে। আব্বার শেভ করার ছোট আয়নাটা মুখের সামনে ধরলাম। বেহুঁশ হওয়ার আগে শুনতে পেলাম মৃত দাদির কণ্ঠ, ‘কী রে হাসান, আয়না দিয়ে কী করছিস?’

গোল্লাবন্ধুরা, করোনার কারণে বাইরে বেরোনো বারণ, তাই গোল্লা ভাইয়ার কাছে চিঠি লিখে ই-মেইলের মাধ্যমে পাঠাও। ই-মেইলের সাবজেক্টে ‘চিঠি’ লিখলে বুঝতে সুবিধা হবে। যেকোনো বিষয়ে লিখতে পারো, প্রশ্ন হতে পারে, ভাবনা হতে পারে। লেখা শেষে পাঠিয়ে দাও এই ঠিকানায়: [email protected]