ছু মন্তর ছু
জাদুকর প্রথমে পাঁচ টুকরো কাগজ আর পাঁচটা খালি দেশলাইয়ের বাক্স দর্শকদের হাতে দিয়ে এদের যেকোনো একজনকে কাগজের ওপর একজন বিখ্যাত জাদুকরের নাম লিখতে বললেন। আর বাকি চারজনকে বললেন অন্য যেকোনো চারজন শিল্পীর নাম লিখতে এবং লেখা হয়ে গেলে কাগজগুলো ভাঁজ করে এক-একটা আলাদাভাবে খালি দেশলাইয়ের বাক্সে ঢুকিয়ে সেগুলো বন্ধ করে জাদুকরের হাতে দিতে। এরপর জাদুকর বড় একটি কাগজের ঠোঙা কিংবা প্যাকেটকে খালি দেখিয়ে তার মধ্যে এক এক করে দেশলাইয়ের বাক্সগুলো রেখে ঠোঙা/প্যাকেটের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে বাক্সগুলো মিশিয়ে দিলেন। এবার দর্শকদের উদ্দেশে জাদুকর বললেন, ‘আমি ঠোঙা/প্যাকেটের ভেতর থেকে একটি দেশলাইয়ের বাক্স বের করে আনছি, এবং নিশ্চিত, সেই বাক্সের ভেতরেই থাকবে বিখ্যাত সেই জাদুকরের নাম।’ বলেই জাদুকর ঠোঙা/প্যাকেটটির ভেতর থেকে বের করে আনলেন একটিমাত্র দেশলাইয়ের বাক্স। অবাক ব্যাপার, জাদুকরের কথামতোই সেই বাক্সটি খুলে দেখা গেল তার ভেতরে রয়েছে সত্যি সত্যিই দর্শকদের লেখা কাগজে সেই জাদুকরের নাম। উপকরণএই জাদুটি দেখাতে তোমার প্রয়োজন হবে খালি পাঁচটি দেশলাইয়ের বাক্স, পাঁচটি সাধারণ ছোট কাগজের টুকরো এবং লেখার জন্য একটি কলম অথবা পেন্সিল। কৌশলটাও বলে দিচ্ছি এই সঙ্গে। দর্শকদের পাঁচজনকে পাঁচটি খালি বাক্স ও পাঁচটি কাগজের টুকরো দিয়ে নির্দিষ্ট করে এদের যেকোনো একজনকে তুমিই বলে দেবে বিখ্যাত কোনো জাদুকরের নাম লেখার জন্য এবং বাদবাকিদের অন্য যেকোনো চারজন শিল্পীর নাম লিখতে। এবার যখন কাজ শেষে দেশলাইয়ের বাক্সগুলো ফেরত নিয়ে একে-একে ঠোঙা/প্যাকেটের ভেতর ফেলতে থাকবে, তখন তোমাকে আরেকটা কাজ করতে হবে। শিল্পীদের নাম লেখা বাক্সগুলো ঠোঙা/প্যাকেটে সাধারণভাবে রেখে দিলেই চলবে। শুধু জাদুকরের নাম লেখা বাক্সটি ফেলার সময় দর্শকদের চোখের আড়ালে অর্থাৎ ঠোঙা/প্যাকেটের ভেতর হাতটা নিয়ে গিয়ে বাক্সের ড্রয়ারটা একটু ফাঁক করে দিয়ে তবেই ফেলবে (চিত্র দেখো)। এবার, যখন বাক্সটি বের করে আনবে, তখন ঠোঙা/প্যাকেটের ভেতর হাতটা ঢুকিয়ে কৌশলে ড্রয়ার খোলা বাক্সটি ধরে সেটির ড্রয়ার বন্ধ করে বের করে আনলেই চমকে যাওয়ার মতোই ঘটনা ঘটবে। অনুভব করেই তুমি তো কাজটি করতে পারবে, না কি!