ছোটদের জন্য কেন লিখতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজ্যাক বাশেভিস সিঙ্গারের নাম হয়তো তোমাদের অনেকেরই জানা। ১৯০২ সালের ১৪ জুলাই পোল্যান্ডের বাদজিমিন গ্রামে তাঁর জন্ম। ১৯৭৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি।১৯৩৫ সালে একেবারে শূন্যহাতে পোল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। আর কোনো দিন দেশে ফিরে যাননি। বড়দের জন্য লেখার পাশাপাশি তিনি ছোটদের জন্যও অনেক লিখেছেন। উল্লেখ করার মতো বইগুলো হচ্ছে—জ্লাতেহ দ্য গোট অ্যান্ড আদার স্টোরিজ, হোয়েন শেলমেল ওয়েন্ট টু ওয়ারশ অ্যান্ড আদার স্টোরিজ, আ ডে অব প্লেজার, দ্য ফুলস অব শেম অ্যান্ড দেয়ার হিস্ট্রি এবং হোয়াই নোয়া চুজ দ্য ডাভ।‘আমি শিশুদের জন্য কেন লিখি’ এই নামে তাঁর ছোট্ট একটা রচনা আছে—ছোটরা সাধারণত বই পড়তে ভালোবাসে, বইয়ের সমালোচনা নয়, নিজের পরিচয় জানার জন্য বা কোনো অপরাধ খণ্ডন করার জন্য তারা পড়ে না, তারা পড়ে তাদের পড়ার তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে। মনোবিজ্ঞান তাদের কোনো কাজে লাগে না, সমাজবিজ্ঞান তাদের একেবারেই পছন্দ নয়। তারা ফ্রান্স কাফকার কোনো বই বা জেমস জয়েসের ফিনিগানস ওয়েক বোঝার চেষ্টা করে না। তারা এখনো ঈশ্বর, পরিবার, দেবদূত, ভূত-প্রেত, ডাইনি বা অপদেবতায় বিশ্বাস রাখে। তারা যুক্তি মানে, যতিচিহ্ন ব্যবহার করে এবং এ রকম অনেক সেকেলে জিনিস বর্জন করে না। ...কোনো বই বিরক্তিকর মনে হলে তারা লজ্জা-শরমের তোয়াক্কা না করে প্রকাশ্যে হাই তোলে।সিঙ্গার বলতেন, অজ্ঞানতার বিশাল সাগরে আমাদের জ্ঞান একটি ছোট্ট দ্বীপমাত্র। পশুপাখিদের খুব ভালোবাসতেন। বলতেন, পশুপাখি হত্যা করে ওদের মাংস খেয়ো না, ওদের চামড়া দিয়ে নিজেদের ব্যবহার্য জিনিস বানিয়ো না, তাদের স্বভাবের বিরুদ্ধে যায় এমন কিছু করতে তাদের বাধ্য কোরো না। তিনি নিজে মাছ-মাংস খেতেন না।তোমরা হয়তো অনেকেই জানো, সিঙ্গার ইদ্দিশ ভাষায় লিখতেন। সংস্কৃতের মতো এ ভাষাটি লুপ্ত হওয়ার পথে। তবে এখনো পৃথিবীর প্রায় ৫০ লাখ মানুষ এই ভাষা ব্যবহার করে। ইদ্দিশে লিখলেও তাঁর অধিকাংশ রচনাই ইংরেজিসহ বিশ্বের প্রধান প্রধান ভাষায় অনূদিত হয়েছে।সিঙ্গার সাধারণত সকালবেলায় লেখালেখির কাজ করতেন আর বিকেলবেলা হাঁটতে বেরোতেন নিউইয়র্কের আপার ব্রডওয়েতে। হাঁটার একফাঁকে রেস্তোরাঁয় ঢুকে নিরামিষ খেতেন আর পাখিদের মধ্যে খাবার বিতরণ করতেন।১৯৯১ সালের ২৪ জুলাই সিঙ্গার যুক্তরাষ্ট্রের মায়ামিতে মারা যান। দিলওয়ার হাসান