ছড়া

প্রার্থনা : আখতার হুসেন
প্রকৃতিকে চলো আরও বেশি ভালোবাসি
তার মুখে সর্বদা থাকে যেন হাসি।
প্রকৃতির সুখ মানে আমাদেরও সুখ
নির্মল শান্তিতে ভরে থাকে বুক।
প্রকৃতিকে ধ্বংসের যত আয়োজন
ডেকে আনে মৃত্যুর যত না কারণ।
প্রকৃতির এতটুকু ক্ষতি করা হলে
আগে-পরে তার ফল ঠিক ঠিক ফলে।
নিরাপদ থাকে নাকো ছোট-বড় প্রাণী
এ কথা জেনেও বলো আমরা তা মানি!
গুটিকয় মানুষের লোভ সীমাহীন
প্রকৃতিকে ধ্বংসের আসল সঙিন।
চলছে তো সমানেই অস্ত্রের খেলা
প্রকৃতির চোখে নেই ঘুম সারা বেলা।
অস্ত্রের বিষক্রিয়া সারা দেহে তার
আর কবে আমরা তো হব হুঁশিয়ার!
মহাদুর্যোগে আজ পৃথিবী যে কাঁদে
সে তো এই প্রকৃতির মহা অভিশাপে।
তাই চলো ক্ষোভ-দ্বেষ করি পরিহার
পৃথিবীতে ডেকে আনি শান্তি অপার।
কালো-ধলো, জাত-পাত সব মুছে যাক
মানুষ মানুষ হোক যেইখানে থাক।
তাহলে প্রকৃতি তার রূপ পাবে ফিরে
নাচবে মানুষ-প্রাণী তাকে ঘিরে ঘিরে।
থাকবে না মৃত্যুর বৃথা কোনো ভয়
জয় হোক, জয় হোক প্রকৃতির জয়।
ইচ্ছে করে : নুসাইবা করিম
হোম কোয়ারেন্টিন বোরিং
আমি মাঠে গিয়ে চাই দেখতে লাল একটা ফড়িং।
সকাল দশটা যখন বাজে
ইচ্ছে করে ইশকুলে যাই, হই ব্যস্ত আবার কাজে।
পেটটা বুঝি ফেটেই যাবে
সারা দিন খাই খাই খাই
সকাল থেকে টিভি দেখে
চোখে ঘুম নাই নাই নাই!
তৃতীয় শ্রেণি, সানিডেল স্কুল, ঢাকা
এখন আমি : তাসফিয়াহ্ ইসলাম
ঘরে বসে আমি
ভাবি আর ঘামি।
ইশকুলটা বন্ধ হলো, যানবাহনও সাথে,
লোকসান যে হচ্ছে বড় অর্থনৈতিক খাতে।
বন্ধ এখন অফিস-দোকান
বন্ধ ছোটাছুটি
এই বন্ধে বাসায় বসে
খেলছি কাটাকুটি।
সপ্তম শ্রেণি, আতাইকুলা উচ্চবিদ্যালয়, পাবনা