ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ফল :মুকুল শাহরিয়ার

আম খেতে ভালোবাসি, খেয়ে ফেলি যা পাই
আমের জন্য সেরা রাজশাহী-চাঁপাই।

লিচুটাও মজা খুব, মুখ জমে ক্ষীর
সেই লিচু হয় যদি ঈশ্বরদীর।

কাঁঠালের রাজ্য তো নয় বেশি দূর
রসালো এ ফল পেতে যাই গাজীপুর।

জাম আর জামরুল হয় সবখানে
কচি কচি তালশাঁস খেতে মন টানে।

এ ছাড়াও আছে আরও গ্রীষ্মের ফল
বলছি না, যদি ভাই জিবে আসে জল!

 বল পাবে : কামাল হোসাইন

আম বলে খুকি আর জামও বলে খোকা,
খাবে যদি হাত পাতো, দেব থোকা থোকা।

কাঁঠালও এগোল তাই মাথা নুয়ে-ঝুঁকে...
টসটসে লিচু বলে, পোরো তাকে মুখে!

তালশাঁস বাঙি ফুটি কলা তরমুজে
খোকাখুকি দুজনকে নিল তাই খুঁজে।

মৌসুমি ফলগুলো বলে, এসো, খাও,
খাও আর নিয়ে যেতে হাতটা বাড়াও।

ফল খাবে বল পাবে হাতে পায়ে দেহে,
এই বলে ফলগুলো হেসে ওঠে হে হে।

কিছু না : আহমেদ সাব্বির

১.
চিন্টুর মুখে কী?
কিছু না কিছু না
কই দেখি, মুখ খোল
গড়িয়ে পড়ছে ঝোল!
মুখ টিপে বলল সে,
লিচু না লিচু না!

২.
দাদু খুব আমপ্রিয়, হয় যদি গাছপাকা
আম পেলে খুশি হন, বকশিশ পাঁচ টাকা।
দাদুর জন্য তাই চিন্টুর পাঁচ কাকা
আম আমদানি করে
সপ্তাহে পাঁচ ঝাকা।

স‘ফল’ ছড়া : ব্রত রায়

ফল না খেলে চলবে না তো—আপত্তি ক্যান খামোখা?
পাকা আমের পাশাপাশি এই নে কাঁচা আমও খা!

কী সব্বোনাশ—ফলের নামে লাগল গায়ে বিছুটি?
খেতেই হবে টসটসে রস, সুমিষ্ট এই লিচুটি!

পুষ্টি-স্বাদে বলতে পারি নেই পিছিয়ে কাঁঠালও।
খাবি না বল টঙ্গী থেকে ছোট্ট মামা পাঠাল?

বলার কি আর দরকার হয়—গুণ রয়েছে কলারও?
দই-চিড়াতে মেখে এবার করতে পারিস ফলারও।

যাচ্ছ কোথায়? খেতেই হবে তরমুজ এবং ফুটি তো
হরেক ফলেই সফল হবে এই গরমের ছুটি তো!

আমি যেন কাঁঠাল : ফাইয়াজ আহনাফ
পঞ্চম শ্রেণি, রংপুর জিলা স্কুল, রংপুর

করোনার এই সময়টাতে কিছুই তো নেই করার,
ইচ্ছে করে আগের মতো সাইকেলটাতে চড়ার।

এখন শুধু একটাই কাজ বাসার ভেতর থাকা,
আমি যেন হয়ে গেছি গাছের কাঁঠাল পাকা!

কবে যেন কাঁঠাল ভেবে বেঁচেই দেবে হাটে,
এই ভয়েতে এখন আমার সারাটা দিন কাটে!

তরমুজ তরমুজ :রাইনা হাসান

অষ্টম শ্রেণি, তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ

তরমুজ, তরমুজ, তরমুজ!

ভেতরে লাল টুসটুস,

বাইরে কেন সবুজ?

গ্রীষ্মে যে তুই হোস,

অন্য সময় তোর যায় না পাওয়া খোঁজ।

বাবা আনল পাঁচটা তরমুজ, হলি তোরা পঞ্চভূজ।

মা বানালো তোদের জুস,

আজ তোকে খাব রে তরমুজ।

নতুন লিচুচোর : মীর মাসরুর শাহরিয়ার

একাদশ শ্রেণি, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর

বাবা যেদিন নিয়ে এল লিচু দারুণ মিষ্টি

সেদিন ছিল আকাশ কালো, নামল গুঁড়ি বিষ্টি।

লিচুগুলো টকটকে লাল, গায়ে ছিল কাঁটা

লিচু নিয়ে পালিয়ে গেলাম, বাই বাই বাই টাটা!

আমায় দেখে ধরল পিছু পাশের বাড়ির ভুলো

তার পেছনে ছুটে এল দুষ্টু বিড়াল হুলো।

করল ধাওয়া, বলল শুধু, থাম রে ব্যাটা থাম,

কিছু লিচু যা না দিয়ে, লাগুক যত দাম!