ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিঠি
আনজীর লিটন
হঠাৎ হলো কী যে
নীল আকাশে ঘুরে ঘুরে
যাচ্ছে চিঠি উড়ে উড়ে
তাই না দেখে ডাকপিয়নে
ঘাবড়ে গেল ভিজে!
আয় রে চিঠি ফিরে আয়
জোরসে না হয় ধীরে আয়
ডাকপিয়নের ঝোলা আছে খোলা
চিঠি রে তুই ফিরে এসে
ডাকপিয়নকে ভালোবেসে
ঝোলার বুকে যা দিয়ে যা দোলা।
চিঠি কি আর শোনে?
অভিমানের পাহাড় নিয়ে
বিদায়-ব্যথা বোনে।
হারিয়ে গেছে চিঠি—
‘খুদে বার্তা’ নাম নিয়ে আজ
ঠাঁই যে মুঠোফোনে!
নামতা পড়া
সারওয়ার-উল-ইসলাম
খোকার নামতা পড়া
হয় না তো শেষ
নামতা পড়ার পরে
রয়ে যায় রেশ।
নামতার সুরে পড়ে
The Cow Essay
দৌড়ে পালায় গরু
খুক খুক কেশে।
শরীর ও মন
মিতুল সাইফ
ছবেদালী বলে ডেকে, আবেদালী শোন,
শরীরটা বড় নয়, বড় হলো মন।
আবেদালী বলে ওহে, শরীরটা আছে,
ভেবে দেখো যে কারণে এই প্রাণ বাঁচে।
শরীর না থাকে যদি মনটা কী হবে?
শরীরের চেয়ে বড় মন হলো কবে?
ছবেদালী বলে, তুমি চেঁচাও যতই,
মনহীন মানুষেরা পশুর মতোই।