ভূতের স্বজন
আফতাব মাহমুদ খুরশিদ
ভূতের মামায়, যায় পানামায়
উল্কি এঁকে রঙিন জামায়।
ভূতের মামি রং বাদামি
পোশাক পরে দামিদামি।
ভূতের চাচায় বদ্ধ খাঁচায়
ঢোল পিটিয়ে বানর নাচায়।
ভূতের চাচি থাকে রাঁচি
কথায় কথায় শুধুই হাঁচি।
ভূতের খালা হাতে বালা
গলায় ঝোলে হিরের তালা।
ভূতের খালু খুব সে চালু
ব্যাংকে জমায় সেদ্ধ আলু।
ভূতের দাদা বোকা–হাঁদা
গায়ে মাখে মোম ও কাদা।
ভূতের দাদি আশাবাদী
খাঁচায় পোষে কলার কাঁদি।
ভূতের নানা বাড়ি ঘানা
চিবোয় নাকি মটরদানা।
ভূতের নানি খুব হাঁপানি
প্রিয় খাবার বাকরখানি।
ভূতের জ্যাঠা আপদ ল্যাঠা
ভয়কাতুরে, জোয়ান ব্যাটা।
ভূতের বোনে টেলিফোনে
কথা বলে মনে মনে।
ভূতের ছেলে এলেবেলে
নাম করেছে টেনিস খেলে।
ভূতের মেয়ে আদর পেয়ে
ইয়া মোটা খেয়েদেয়ে
ভূতের বাবা বুদ্ধু–হাবা
চিলের সাথে খেলে দাবা।
ভূতের মায়ে ঝুমুর পায়ে
নেচে বেড়ায় সারা গাঁয়ে।
ভূতের ফুপু নামটা তুপু
বাজায় বাঁশি পুপু পুপু।
ভূতের ফুপায় শিকল দুপায়
তৈরি সেটা সোনা–রুপায়।
এরাই কজন ভূতের স্বজন
গায় কী জানো? ডিসকো ভজন!
ক্যাঙ্গারু
স্বপন ধর
ক্যাঙ্গারু অদ্ভুত আজগুবি জীব
পেটে তার ছানা রেখে হাঁটে ডিব ডিব
হাঁটবার ফাঁকে ফাঁকে ছানা দেয় উঁকি
দেখি তারা মার সাথে খেলে যেন টুকি
তারপর ছানা দৌড়, মার পেটে থলে
কখনোবা বের হয় খুশি মতো চলে
অস্ট্রেলিয়ায় আছে আচানক বন
সেই বনে ক্যাঙ্গারু খেলে সারাক্ষণ
মূল নাম ছিল নাকি ‘কাং-গা-রু’খানি
‘কাং’ মানে আমি আর ‘গা’ মানে জানি
‘রু’র মানে সেই দেশে অর্থটা ‘না’
ক্যাঙ্গারু মানে ছিল ‘আমি জানি না’
বিদেশিরা চেয়েছিল পরিচয় তাই
আদিবাসী উত্তর ‘ক্যাঙ্গারু’টাই
সেই থেকে প্রাণীটার এই হলো নাম
পণ্ডিত চুলকায়, মাথা ঝরা ঘাম।
(ক্যাঙ্গারু শব্দের আসল অর্থ বাঙালি ভাষাবিদ জ্যোতিভূষণ চাকী তাঁর বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে উল্লেখ করেছিলেন। সেখানে বলা হয়েছে, ক্যাঙ্গারু অর্থ ‘আমি জানি না’। জ্যোতিভূষণ চাকীর ভাষায়, ‘ইংরেজগণ অস্ট্রেলিয়া গিয়ে এমন বস্তু দেখে আদিবাসীদের জিজ্ঞাসা করেছিলেন, “এর নাম কী?” আদিবাসীদের উত্তর ছিল, “কাং-গা-রু মানে আমি জানি না।” সেই থেকে এ প্রাণীর নাম ক্যাঙ্গারু।’)
ধাঁধা
রেবেকা ইসলাম
কই গেল খোকা খুকু আজ ডানা মেলব
সারাটা বিকেল ধরে ধাঁধা ধাঁধা খেলব।
কোন দেশে ঝাল নেই? বলো তুমি কঙ্কা,
হলো না তো উত্তর, হবে ‘শ্রীলঙ্কা’।
কোন বিলে জল নেই? মাছ নেই এ বিলে,
পারলে না? চেয়ে দেখো ওই দিকে টেবিলে।
কাটলে কী বেড়ে যায়? চোখ বড় খুকুর,
এত চুপচাপ কেন? খুব সোজা ‘পুকুর’।
কোন দেশে দেশ নেই? পারবে না, ধুত্তোর!
‘সন্দেশ!’ বেশ! বেশ! ঠিক হলো উত্তর।