সাদা মেঘ
সিরাজুল এহসান
বাতাসের হাত ধরে আকাশের গাঁয়ে
সাদা মেঘ হেঁটে যায় গুটিগুটি পায়ে।
রোদ পেয়ে লুটোপুটি হাসে ফিকফিক
সাথে হাসে রোদফুল করে চিকচিক।
কালো মেঘ পড়ে থাকে মুখ করে ভার
মন কালো বলে তাই সাথি নেই তার।
সাদা মেঘ, সাদা মন দেখে হাসে নদী
ছায়া তার বুকে ধরে চলে নিরবধি।
শাপলা-বিলের জল তাকে দেখে হাসে
সাদা মেঘ সাথি হবে কাছে যদি আসে।
কাশবন মন খুলে হেলেদুলে ডাকে
আঁকিয়েরা খাতা ভরে সেই ছবি আঁকে।
কালো মেঘ দূরে থাক চাইব না তাকে
সাদা মেঘ সাথে থাক ভালোবাসি যাকে।
খুকুর দুপুর
বিপুল বড়ুয়া
দুপুর যখন সাজতে বসে একা ভারি একা
উঠোন-গাছে রোদ মাখালো
আলো-ছায়ার ঘর আঁকালো
খুকুর কোথায় যায় উড়ে যায় ঘুমের ঝিম রেখা।
বারান্দা-ছাদ আচ্ছা কে যায়
মা চটেছে বকছে বেজায়
ঘুম দেবে না—হাতের লেখা
কোথায় টেনস—সমাজ শেখা
দুপুর ডাকে কী যে করা আড়চোখে বেশ দেখা।
চড়ুই কটার জ্বালায় বাঁচি
দেখতে হবে যাচ্ছে নাচি
কার্নিশে ঘুম দিচ্ছে হুলো
ঝগড়া ফিঙের দুকান তুলো
ভরদুপুরে দেখলে এসব মার বকুনি—ন্যাকা।
কোথায় খুকু খেলছে জেনে
এসব ছবি দুপুর এনে
ছড়িয়ে দেয় ডাইনে-বাঁয়ে
খুকুর ঘোরা খুশির নায়ে
ইশকুলে কাল গল্প এসব শুনবে রুবি-কেকা।