জগাইদের দুর্গাপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগাইদের গ্রামটা মোটামুটি ছোটই বলা যায়। গ্রামের বারোয়ারি মন্দিরে প্রতিবার খুব ধুমধাম করে দুর্গাপূজা হয়। এবারও হবে। কিন্তু গ্রামে যে এবার আরেকটা পূজা হবে, এটা শোনার পর অনেকের চোখ কপালে ওঠে। হই-হুল্লোড় করে সারা দিন গ্রাম দাপিয়ে বেড়ায় দস্যি ছেলের দল। দলের স্বঘোষিত সর্দার জগন্নাথ। কিন্তু সবাই ডাকে জগাই। সেই জগাইয়ের নেতৃত্বে হবে দুর্গাপূজা! প্রথমটায় এ কথা কেউই বিশ্বাস করে না। কিন্তু দুদিন বাদে যখন সবাই দেখল এত দিনের পরিত্যক্ত পালপাড়ার মন্দিরের জমে থাকা ঝুল, মাকড়সার বাসা, ময়লা-ধুলো মহা উৎসাহে ছেলেরা সবাই মিলে পরিষ্কার করছে, তখন এ যে শুধু কথার কথা নয় সেটা অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেল। তাই শুনে বারোয়ারি মন্দিরের সভাপতি নারু সাহা দুই হাত জোড় করে কপালে ঠেকিয়ে চোখ বুজে ‘দুগ্গা দুগ্গা’ জপতে শুরু করল। যেন এ ভারি অন্যায় হচ্ছে!এ হলো ‘দুগ্গতিনাশিনী’ মায়ের পূজা। ছেলেছোকরা দিয়ে কি আর এ পূজা হয়!তা আর বলতে! শাস্ত্র রক্ষা করে মায়ের পূজা চাট্টিখানি কথা নয়!তা বটে! তা বটে! হাড়কিপটে বুড়ো নারুসা কমিটির লোকদের নিয়ে দাওয়ায় বসে চিবিয়ে চিবিয়ে যতই এসব বলুক, জগাইয়ের দল সে কথা থোড়াই কেয়ার করে। বন্ধুরা মিলে প্রতিমা তুলে এবার তারা দুর্গাপূজা করবেই করবে। জয় মা দুগ্গা! কথাটা বলার জন্যই দল বেঁধে জগাই আজ নারুসার সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু নারুসা উৎসাহ তো দিলই না, উল্টো বাগে পেয়ে লেকচার শুনিয়ে দিল। কিন্তু যে যা-ই বলুক, জগাই এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে দলের সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিয়েছে। প্রতিমা বানানোর দায়িত্ব নিতাইয়ের। ওরা পাল। বাবার সঙ্গে থেকে প্রতিমা বানানোর কাজ নিতাই মোটামুটি ভালোই শিখেছে। স্কুলের চারু-কারু পরীক্ষায় সে প্রতিবারই ফার্স্ট হয়। সাজসজ্জার দায়িত্ব মনোরঞ্জনের। প্রাইমারি স্কুল থেকেই মনোর আঁকার হাত ভালো। একবার ওর অঙ্ক খাতায় ও-পাড়ার মিনতির হুবহু আঁকা ছবি দেখতে পেয়ে নারায়ণ স্যার চুলের মুঠি ধরে এমন মারটাই মেরেছিল যে অনেক মিনতি করেও বেচারা সেদিন রক্ষা পায়নি। এ ঘটনায় অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, মিনতির ভূত মনোর মাথা থেকে চিরতরে নেমে যাওয়ায় মিনতি ও মনো দুজনই রক্ষা পেয়েছে। ব্রাহ্মণ ঠাকুরকেও মোটামুটি রাজি করানো গেছে। রাজি না হয়ে তার অবশ্য উপায়ও ছিল না। রাতদুপুরে টিনের চালে ভূতের শব্দের ভয় কে না পায়? তাই জগাই বলার সঙ্গে সঙ্গে বেচারা রাজি হয়েছে। তার শুধু একটাই দাবি, পুরোহিতের দক্ষিণা থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়। তাতে অবশ্য জগাইদের আপত্তি নেই। পূজা হবে এটাই বড় কথা। কিন্তু পূজার প্রসাদের কী হবে? সে ব্যবস্থাও তারা করে রেখেছে। প্রসাদের জন্য চাল, ডাল, তেল, লবণ তোলা হবে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে। এ দায়িত্ব গুপী, সুশীল ও গনশার। গুপী পটানোতে ওস্তাদ। সুশীলের নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। নাছোড়বান্দা স্বভাব। সুতরাং বাড়ি বাড়ি ঘুরে চাল, ডাল তারা তুলতে না পারলে আর কেউ পারবে না। আর গনশার এমনিতে আঠারো মাসে বছর হলেও মাথা ভর্তি বেজায় বুদ্ধি। গুপী বলে, এ জন্যই নাকি ওর মাথায় চুল কম। যদিও গনশা সে কথা মানতে রাজি নয়। ছোটবেলায় কবে নাকি টাইফয়েড হয়েছিল। যমে-মানুষে টানাটানি। যম শেষ পর্যন্ত গনশাকে নিতে না পেরে চুলটুকু নিয়ে গেছে। তা নিক, বুদ্ধি তো আর নিতে পারেনি। তাতেই গনশার রক্ষা। ছেলেদের সবার মধ্যেই উত্তেজনা। মহা উৎসাহে সবাই যে যার দায়িত্ব পালন করছে। পূজার আর দেরি নেই। স্কুলও ছুটি। কিন্তু কাজেরও বিরাম নেই। এর মধ্যে জগাইয়ের কাজ হলো সুযোগ পেলেই বারোয়ারি মন্দিরে গিয়ে ওদের প্রতিমার কাজ কতটুকু এগিয়েছে, কেমন হচ্ছে, সেটা দেখে এসে নিতাইকে জানানো। আর নিতাইয়ের কাজ হলো সেটা শুনে প্রতিমা বানানো। কারণ, নিতাইয়ের কাঁচা হাত। একটু ভুল-ত্রুটি হতেই পারে। দলনেতা জগাই কোনো ভুল করতে রাজি নয়। যে করেই হোক সবাইকে দেখিয়ে দিতে হবে বড়দের চেয়ে বিশেষ করে বুড়ো নারুসার চেয়ে ছোটরাও কম নয়। জগাই বন্ধুদের উৎসাহ দেয়, ‘ওদের চেয়ে আমাদের প্রতিমা ফাটাফাটি হচ্ছে। কি বলিস?’‘তা তো হবেই।’ গুপী সায় দেয়।‘হতেই হবে।’ সুশীলও গলা মেলায়। অচিন্ত্য উৎসাহে হঠাৎ চেঁচিয়ে ওঠে—দুগ্গা মা কি...!অসময়ে অচিন্ত্যর এমন কাণ্ড দেখে সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠে মহা উৎসাহে গলা মেলায়—জয়!শুধু নিতাইয়ের মুখ দিয়ে রা বের হয় না। মনো একটু দূরে বসে মন্দির সাজানোর জন্য কাগজের ঝালর কাটছিল। ব্যাপারটা তার চোখ এড়ায় না। নিতাইয়ের উদ্দেশে সে রসিকতা করে জানতে চায়, ‘হ্যা রে নিতাই, মুখে কুলুপ এঁটেছিস যে! ভুল করে মায়ের হাত নয়টা বানিয়ে ফেলিসনি তো?’‘তোর মাথা!’ নিতাই প্রতিমার শরীরে মাটির শেষ প্রলেপ দিতে দিতে জবাব দেয়।‘বাবা নিতাই, শুধু এটুকু মনে রাখিস, মায়ের মুখটা মিনতির মতো না হলে কিন্তু মা মাইন্ড করবে।’ সুশীলের কথায় বন্ধুদের মধ্যে পুনরায় হাসির রোল ওঠে। এবার ফাটা বেলুনের মতো চুপসে যায় মনো। নিতাইয়ের কাজে ব্যাঘাত হবে ভেবে জগাই সবাইকে ধমক দিয়ে থামায়। এবার মুখ খোলে নিতাই। কিন্তু কণ্ঠে তার জোর নেই। মিনমিন করে বলে, ‘মিনতি বলিস আর ঐশ্বরিয়া, মুখ বানাতে হলে ডাইস লাগবে। কিন্তু আমার তো ডাইস নাই!’অ্যাঁ!বলিস কী! এখন উপায়?এবার সবাই চিন্তায় পড়ে যায়। এত কষ্ট করে সবকিছু গুছিয়ে এনে হেরে যাওয়ার পাত্র ওরা নয়। সব দোষ ব্যাটা নিতাইয়ের। মায়ের হাত-পা, বাঘ, মহিশ এমনকি অসুর পর্যন্ত বানানো শেষ। আর এখন বলছে কিনা মায়ের মুখের ডাইস তার কাছে নেই। অচিন্ত্য হুংকার দিয়ে ওঠে, ‘ব্যাটা, ডাইস নেই তো কী হয়েছে? তোর বাবার কাছ থেকে নিয়ে আয়। ন্যাকা!’‘অ অ অসম্ভব! বাবা ডা ডা ডাইস কাঠের আলমারিতে তা তা তালা দিয়ে রাখে।’নিতাই ঘাবড়ে গেলে এমন তোতলায়, এটা সবাই জানে। নিতাইয়ের তোতলানি দেখে গনশার খুব হাসি পায়। অথচ এটা হাসির সময় নয়। একটা বুদ্ধি অবশ্যই বের করতে হবে। শেষ পর্যন্ত তারা একটা বুদ্ধি পেয়েও যায়। এবং বুদ্ধিটা আসে বুদ্ধির শিরোমণি গনশার মাথা থেকেই। পাড়ার ছেলেদের কর্মতৎপরতায় ছোট করে হোক, আয়োজন কম হোক, তার পরও পূজা হচ্ছে, এতে সবাই খুশি। জগাই, মনো, গুপী, নিতাই, অচিন্ত্যর আনন্দ দেখে কে! শুধু আনন্দ নেই নারুসার মনে। এ যে ঘোর অমঙ্গলের চিহ্ন! রাত ফুরোলেই ষষ্ঠী পূজা। মায়ের বোধন। এখন মাকে আসনে না বসালে যে সব ভেস্তে যাবে! অথচ বারোয়ারি মন্দিরের প্রতিমাই তো এখনো প্রস্তুত হয়নি! আর হবেই বা কী করে? মায়ের মুখ বানানো হবে যে ডাইস দিয়ে, সেই ডাইসটাই তো খুঁজে পাচ্ছে না কেউ।কিন্তু জগাই জানে ডাইস কীভাবে পেতে হবে। নিতাইয়ের বাবার আলমারির তালা—কোনো ব্যাপারই না। জগাই হাসে।