জটাভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাময়িক পরীক্ষায় অঙ্কে শানু পেয়েছে গোল্লা। তাই বাবা ওকে নিয়ে যায়নি। বাড়িতে রেখে গেছেন। তাঁর কড়া হুকুম, ‘কোথাও বেড়াবে না...খবরদার? খেলা নয়, ধুলা নয়, ঘোরা নয়, বেড়ানো নয়, বসে বসে শুধু অঙ্ক কষবে।’ অঙ্ক দিয়ে গেছেন অনেক। একেবারে অঙ্ক বইয়ের গোড়া থেকে ৩২টা বড় বড় যোগ, ২৯টা বিয়োগ, ২৫টা গুণ আর ১২টা ভাগ। নিজের হাতে মোটা খাতায় অঙ্কগুলো লিখে টেবিলের ওপর রেখেছেন। বাবা, মা আর টুকটুকি গেছে বড় মামার বাসায় বেড়াতে। পুরো বাড়িতে শানু একা।শানুর সামনে অঙ্ক খাতা খোলা। পেন্সিলের ডগা মুখে পুরে উঠানের মাদুরটায় বসে শানু ভাবছে শুধু—ভাবছে আর ভাবছে। অঙ্ক ভাবছে না। ভাবছে সবকিছুতে কড়া শাসন। চারদিক যেন লোহার গণ্ডি দিয়ে বাঁধা। অসহ্য! বাবা বলে গেছেন সদর দরজাটা ভালোভাবে আটকে রাখতে। শানু দরজায় শক্ত করে খিল এঁটে দিয়েছে। হঠাত্ খট খট শব্দ। চমকে শানু তাকাল সদরের দিকে। মৃদুকণ্ঠে কেউ ডাকল, শানু।শানু উঠল। দরজা খুলে দেখে, নাফি!কিরে?ভারি আশ্চর্য খবর আছে রে।ভেতরে আয়।নাফি ভেতরে এল। অঙ্ক খাতা খোলা দেখে জিজ্ঞেস করল, অঙ্ক করছিস?হু।বাসার সবাই কোথায়?বড় মামার বসায়।তুই যাসনি?না।তাহলে তুই একা! দেখি, কী অঙ্ক করছিস? শানু অঙ্ক খাতাটা মেলে ধরল।দে। অঙ্কগুলো ভালোভাবে বুঝিয়ে দিই।নাফি অঙ্কগুলো শানুকে খুব করে বোঝাতে লাগল। কিন্তু নাফিকে আজ এমন দেখাচ্ছে কেন? ও এভাবে তেড়ে তেড়ে তাকাচ্ছে কেন? চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। গলার স্বরটা যেন কেমন! এমন আচরণ তো নাফি কখনো করেনি! ওকে দেখে আজ খুব ভয় করছে শানুর। অঙ্কগুলো বুঝিয়ে দিয়েই শানু কী যেন বিড়বিড় করতে করতে ঝড়ের বেগে বেরিয়ে গেল।শানু নাফির পেছন পেছন গেল আর বলতে লাগল, কিরে, বললি না কী আশ্চর্য খবর আছে?পরে, পরে বলব।বলেই দৌড়। নাফি বেরিয়ে যাওয়ার পর শানু খুব ভালোভাবে সদর দরজাটায় খিল এঁটে সবে মাদুরে বসেছে, অমনি আবার খট খট শব্দ। মৃদুকণ্ঠে কেউ ডাকছে, শানু, শানু।শানু বুঝল, নাফি। আবার নাফি এল। উঠে গিয়ে দরজা খুলল, কিরে, একটু আগেই না এলি!কখন? আমি তো এক্ষুনি এলাম।কেন, তুই এসে আমায় অঙ্ক বুঝালি না? না তো, আমি তো বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এখন এলাম। ও বুঝেছি, এটা জটাভূতের কাণ্ড। এই ভূতটাই কাল ভোলাদের বাড়ি গিয়েছিল পণ্ডিত মশাইয়ের রূপ ধরে। ও নাকি অঙ্কে পিএইচডি। যারা অঙ্কে গোল্লা পেয়েছে, তাদের বাসায় গিয়ে নাকি অঙ্ক করাচ্ছে। এখানে এসেছিল আমার রূপ ধরে। আমি এবার অঙ্কে সবার চেয়ে বেশি নম্বর পেয়েছি বলে দুই দিন আগে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। ওরে বাবা, কী বিদঘুটে দেখতে! মাথায় ইয়া বড় বড় জট। আর তাই নাকি ভূতেরা ওর নাম রেখেছে জটাভূত। গায়ের রং কী! কালো কুচকুচে। চোখ দিয়ে আগুন বেরোয়। বলল কী জানিস, যারা অঙ্কে গোল্লা পেয়েছে, তারা যদি আগামী পরীক্ষায় আবার গোল্লা পায়, তাহলে তাদের কান ছিঁড়ে দেবে। এই দেখ, তোকে এ কথা বলছি তো আমার গায়ে কী রকম কাঁটা দিয়ে উঠছে।শানু দেখল, তাই বটে! শানু যেন পাথর বনে গেল। চোখ দুটো বস্ফািরিত...মুখে কোনো কথা নেই। শানুর দেহের সব রক্ত যেন প্রচণ্ড ঢেউ তুলে মাথায় গিয়ে জমল। শানু নাফিকে ভয়ে জড়িয়ে ধরে বলতে লাগল, তাই বুঝি ও বলছিল, ভারি আশ্চর্য খবর আছে...খবর আছে। এই বুঝি ওর খবর!সন্ধ্যা নাগাদ বাবা বাড়ি ফিরে কড়া গলায় বললেন, অঙ্ক খাতাটা নিয়ে আয় দেখি। সঙ্গে জালি বেতটাও আনিস।সাময়িক পরীক্ষার পর এত দিন বাবার মুখে একটা ভালো কথা শোনেনি শানু। শুধু বকুনি, বকুনি আর বকুনি। বাবার সামনে খাতাটা বাড়িয়ে দিয়ে শানু ভয়ে কাঁপছিল।বাবা ধমক দিয়ে বললেন, অঙ্ক তো ভালোই করেছিস। এভাবে কাঁপছিস কেন? শানু চুপ করে রইল। ও তো বাবার ভয়ে কাঁপছে না। ও কাঁপছে জটাভূতের ভয়ে। ওর শুধু মনে হচ্ছে, এই বুঝি জটাভূতটা এল, এল রে এল...সে রাতে শানু সারা রাত শুধু জটাভূতকে স্বপ্নে দেখল। জটাভূত তার জটওয়ালা মাথা নিয়ে শানুর সামনে এসে দাঁড়িয়ে বলছে, ‘অঙ্ক করো, নইলে কান ছিঁড়ে নেব।’ শানু আঁতকে উঠল, মধ্যরাতে অঙ্ক বই আর খাতা নিয়ে বসে পড়ল। খেলাধুলা নয়, আমোদফুর্তি নয়, গল্প-গুজব নয়, শানু শুধু অঙ্ক করে আর অঙ্ক করে।২.দিনগুলো যে কীভাবে কাটে! ফাইনাল পরীক্ষা চলে এল।আজ ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেবে। শানুর রেজাল্ট দেখে ক্লাসের সবাই অবাক। শুধু অবাক হলো না নাফি। স্কুল থেকে ফেরার মুখে দুজন গেল রমনা পার্কে। কোণের দিকের একটা বেঞ্চে বসল। অনেকক্ষণ দুজন চুপচাপ। শানুর মাথার মধ্যে তখনো ঘর্ঘর করে ঘুরছিল কল্পনার চাকা। এ নিয়ে জটাভূতকে যতটা বিদঘুটে ও ভয়ংকর বানানো যায়, তা শানু এরই মধ্যে বানিয়ে ফেলেছে। কিন্তু তার পরও একটা শঙ্কা বারবার শানুর মনকে উতলা করে তোলে। অনেকক্ষণ চুপ থেকে এবার শানু নাফির হাতটা শক্ত করে ধরল, তারপর চোখ দুটো গোল করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, সত্যি করে বল তো, জটাভূত বলে কি কিছু আছে? কেউ আছে...বল, বল না।শানুর কথা শুনে নাফি কিছু বলছে না। শুধু মিটমিট করে হাসছে।