জনপ্রিয় দুই দলের দুই তারকা মেসি ও কাকা
দক্ষিণ আফ্রিকায় বসেছে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। এর জোয়ারে ভাসছে সারা বিশ্ব। আমাদের দেশেও চলছে এ নিয়ে মাতামাতি। পাড়া ও মহল্লার বাড়িতে বাড়িতে উড়ছে প্রিয় দলের পতাকা। বেশির ভাগই আর্জেন্টিনা ও ব্রাজিলের। কোনো পাড়ায় দেখা যাচ্ছে আর্জেন্টিনার পতাকা বেশি, কোনো মহল্লায় বা আবার বেশি ব্রাজিলের পতাকা। আমাদের দেশে যে এই দুই দলের সমর্থকই সবচেয় বেশি। আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দলই তারকাবহুল। এর মধ্যে যে দুজনের নাম সবচেয়ে বেশি আলোচিত, তাঁরা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ব্রাজিলের কাকা। এবার প্রথম রাউন্ডে দুজনই আলো ছড়িয়েছেন। গোলের দেখা অবশ্য এখনো পাননি। কিন্তু দলের জয়ে রেখেছেন বড় অবদান। এখানে তাঁদের কিছু তথ্য দেওয়া হলো। মেসিপ্রতিদ্বন্দ্বী দলকে ঘায়েল করতে আর্জেন্টিনার আক্রমণভাগের মোক্ষম এক অস্ত্র মেসি। তিনি যখন বল নিয়ে বিপক্ষের রক্ষণভাগের দিকে ছোটেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের বুকে তখন গুরুকম্প শুরু হয়। তাঁর পায়ে কী যে জাদু, বল নিয়ে সুড়ুৎ করে ঢুকে যান বিপক্ষের বিপজ্জনক এলাকায়। তার পর নিজে নয়তো সতীর্থ খেলোয়াড়কে দিয়ে ‘গোল’ নামের আসল কাজটি করান। বিশ্বকাপে এবার ১০ নম্বর জার্সি পরে খেলছেন তিনি। মেসির পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে তাঁর জন্ম। বাবা হোর্হে হোরাসিও মেসি একসময় কারখানা-শ্রমিক ছিলেন মা সেলিয়া মারিয়া কুচ্চিতিনি ছিলেন ঠিকা পরিচ্ছন্নতাকর্মী। একদম ছোট থাকতেই ফুটবলে পা পড়ে মেসির। নিজ শহরের নিউয়েলস ওল্ড বয়েজ দলে খেলতেন। ১১ বছর বয়সে হরমোনজনিত ঘাটতি দেখা দেয় তাঁর। এই ব্যয়বহুল চিকিৎসা আর্জেন্টিনায় বসে করা অসম্ভব হয়ে পড়ে মেসির অভিভাবকদের। কিন্তু বার্সেলোনা দল যখন মেসির ফুটবল জাদুর কথা জানতে পারে, তখন এই চিকিৎসার একটা উপায় হয়। বার্সেলোনা দল নিয়ে নেয় তাঁর চিকিৎসার যাবতীয় ভার। ২০০০ সালে সপরিবারে স্পেন চলে যান মেসি। ২০০৩-০৪ মৌসুমে ১৬ বছর বয়সে ফুটবলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তাঁর। বার্সেলোনার হয়ে পোর্তোর বিরুদ্ধে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেন তিনি। ২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সা হয়ে এসপানিওলের বিপক্ষে পেশাদার ফুটবলে।আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম খেলেন ২০০৪ সালের জুনে। তখন যুবদলের (অনূর্ধ্ব ২০ বছর) হয়ে তিনি প্যারাগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন। ২০০৫ সালে নেদারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এই প্রতিযোগিতায় মেসি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা—দুটি পুরস্কারই পান। প্রতিযোগিতার শেষ চারটি ম্যাচে তিনি ছয়টি গোল করেন। পুরস্কার হিসেবে পান ‘সোনার বল’ ও ‘সোনার বুট’। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিরুদ্ধে তিনি পুরোপুরি আন্তর্জাতিক ম্যাচে খেলেন। ২০০৬ বিশ্বকাপেও ছিলেন। কিন্তু গতবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকে হেরে যাওয়া ম্যাচে তাঁকে বসিয়ে রেখেছিলেন তখনকার কোচ হোসে পেকারম্যান। এ নিয়ে আজও আক্ষেপ করে আর্জেন্টাইন সমর্থকেরা। তবে মেসি কথা দিয়েছেন, সব আক্ষেপ-অপূর্ণতা ঘুচিয়ে দেবেন এবারই!কাকাব্রাজিলের মাঝমাঠের এক দুর্দান্ত সৈনিক কাকা। ব্রাজিলের আক্রমণভাগের প্রাণভোমরা তিনিই। তাঁর বানিয়ে দেওয়া বলই মারণাস্ত্র বানিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়বেন রবিনহো-ফ্যাবিয়ানোরা। কাকা খেলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদে।১৯৮২ সালের ২২ এপ্রিল ব্রাজিলের ব্রাসিলিয়ায় কাকার জন্ম। তাঁর পুরো নাম রিকার্ডো আইজেকসন দস সান্টোস। তবে তিনি কাকা নামেই বেশি পরিচিত। এটি পর্তুগিজ নাম। তাঁর সাত বছর বয়সে পরিবার সাও পাওলো চলে আসে। স্কুলে পড়ার সময় আলফাভিল নামে স্থানীয় একটি ক্লাবে খেলার সুযোগ পান তিনি। স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এটি ফাইনালে ওঠার সুযোগ পায়। এ সময় কাকার ওপর নজর পড়ে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলো এফসির। ১৮ বছর বয়সে সুইমিং পুলে সাঁতার কাটার সময় শিরদাঁড়ায় আঘাত পেয়ে তাঁর ফুটবল খেলা বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। পরে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।২০০৩ সালে লোভনীয় অঙ্কের টাকার বিনিময়ে ইউরোপের বিখ্যাত ক্লাব এসি মিলানে যোগ দেন। সে বছর ৩০টি খেলায় অংশ নিয়ে ১০টি গোল করেন তিনি। এসি মিলান দুটি প্রতিযোগিতায় শিরোপা জয় করে। কাকার ওপর নজর পড়ে ধনাঢ্য ক্লাব রিয়ালের। বড় অঙ্কের টাকা খরচ করে তাঁকে কিনে নেয় রিয়াল।২০০৩ সালে কাকার অধিনায়কত্বে ব্রাজিল অনূর্ধ্ব ২৩ কনক্যাকাফ গোল্ডকাপে অংশ নিয়ে রানার্সআপ হয়। ২০০৫ সালে জার্মানিতে অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপে ব্রাজিলের জাতীয় দলের পক্ষে খেলেন তিনি। এতে পাঁচটি ম্যাচেই খেলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে একটি গোল করেন। ২০০৬ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলায় কাকার একমাত্র গোলে জিতে যায় ব্রাজিল। ওই খেলায় কাকা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শরিফুল ইসলাম ভূঁইয়া, ওয়েবসাইট অবলম্বনে