জব্দ করা শব্দ যত
প্রায় সব শব্দের একটি নয়, দুটি অর্থ আছে। অথবা দুইয়ের বেশি অর্থও তার ওপর চাপানো যায়। একটি হচ্ছে তার শাব্দিক অর্থ। অর্থাত্ শব্দটি যে অর্থ সোজাসুজি প্রকাশ করে, সেই অর্থ। এটিকে আভিধানিক অর্থও বলা হয়। Dictionary Meaning।আরেকটি অর্থ, তার অধিশাব্দিক অর্থ। অর্থাত্ সরাসরি ও সোজাসুজি যে অর্থ শব্দটি প্রকাশ করে, তার বাইরের অর্থ, তার চেয়ে বেশি অর্থ, অন্যরকম অর্থ ও ভিন্নরকম অর্থ।প্রথম অর্থকে ইংরেজিতে বলা হয় denotation (ডিনোটেশন), দ্বিতীয়টিকে connotation (কনোটেশন)। উদাহরণ দিয়ে বললে বোঝা যাবে, ব্যাপারটিতে কোনো ভজকট নেই, কোনো খটমটও নেই।যেমন, রুদ্র আমার বন্ধু। এখানে বোঝানো হচ্ছে—রুদ্র নামের এক লোকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। অর্থাত্ রুদ্র আমার সুহূদ, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্ক, যা থাকলে আমরা একে অন্যকে বন্ধু মানতে পারি। এটি হচ্ছে ‘বন্ধু’র শাব্দিক অর্থ। এটা ডিনোটেশন।যদি বলা হয়, রুদ্রের মতো বন্ধু যার আছে, তার শত্রুর দরকার নেই। এখানে ‘বন্ধু’ অর্থ বন্ধু নয়। এখানে বন্ধু শব্দটি ব্যবহার করে চিনিয়ে দেওয়া হচ্ছে, শত্রুর চেয়েও ভয়াবহ এক মানুষকে। এটি শাব্দিক অর্থের বাইরের অর্থ, শাব্দিক অর্থের অতিরিক্ত কোনো অর্থ প্রকাশ করছে। এই অর্থের নাম ‘অধিশাব্দিক’ অর্থ। এটা কনোটেশন।উদাহরণ টানলে বিষয়টি আরও পরিষ্কার হবে। শিক্ষক ছাত্র পিটিয়ে পিটিয়ে বলছেন—কত গরু-গাধা পিটিয়ে মানুষ করলাম, তোকে পারলাম না। এখানে ‘মানুষ করা’ মানে ‘উপযুক্ত করে গড়ে তোলা’। এটি কনোটেশন।এক বাড়িতে বাবা খেতে বসে দেখলেন, তরকারিতে লবণ ঠিকমতো পড়েনি। তার খোঁচানোর স্বভাব। তিনি তরকারি মুখে তুলে বললেন—আমাদের পাড়ায় আজ বোধহয় লবণের আকাল। যাদের বোঝার, তারা ঠিকই বুঝে নিতে পারল, ভদ্রলোক আসলে কী বলতে চাচ্ছেন। এটি কনোটেশন।সোজাসুজি যদি তিনি বলতেন, তরকারি আজ আলুনি হয়েছে, সেটি হতো ডিনোটেশন।বাসের ড্রাইভারকে একদিন বলতে শোনা গেল, তার জবানেই বলি—অই বেডা হেলপার, পা চালাস না ক্যান। পায়ে কি মেন্দি লাগাইছস? এটি কনোটেশন।এভাবে প্রতিদিন আমরা শব্দকে বিভিন্নভাবে Connote করছি, অধিশাব্দিক অর্থে ব্যবহার করছি। বন্ধুর সঙ্গে, ভাইবোনের সঙ্গে, মা-বাবার সঙ্গে, শিক্ষকের সঙ্গে, সন্তানের সঙ্গে ও বিভিন্ন সম্পর্কের মানুষের সঙ্গে এবং পরিচিত-অপরিচিত অনেকের সঙ্গে আমরা শব্দ নিয়ে খেলছি। শব্দ Connote করে বেড়াচ্ছি।যেকোনো দিন denotation-connotation শোনেনি, সেও করছে। যেমন, এক শিশু, তাকে যখন তার বাবা অফিসে যাওয়ার সময় বলেন, ‘আমার জুতোজোড়া মানুষ করে দে তো মা,’ সে কাজটি ঠিকই করে দেয়। প্রশ্ন করে না, তুমি কি পাগল হয়ে গেছ বাবা! জুতা আবার মানুষ হয় নাকি!অধিশাব্দিক অর্থে শব্দ আমরা ব্যবহার করি। কারণ, তা ভাষাকে সুন্দর ও বুদ্ধিদীপ্ত করে। ভাষাকে আকর্ষণীয়ও করে। সব সময় এ জন্য আমাদের যে খুব পরিশ্রম করতে হয়, তা-ও নয়। কেমন করে তা যেন এসে যায়। প্রচণ্ড মনোযোগ ঢালা ছাড়াও অধিশাব্দিক অর্থের দাবি পূরণ হয়ে যায়।