জরুরি সব জোড়া ঈ-কার
কেমন যেন খটকা লাগে। এ আবার কেমন করে হয়! পাশাপাশি দুটো ঈ-কার (ী) বরাদ্দ করতে আমাদের যেন হাতই ওঠে না। একটা কথা যে আছে—‘রাজা দান করে, ভান্ডারি পেট ফেটে মরে’। সেটিই এখানে মনে পড়ে। ব্যাকরণের পণ্ডিতজনেরা বলেন, লাগবেই লাগবে পাশাপাশি দুটো ঈ-কার, যতই হোক ঠাসাঠাসি যেমনই হোক আকৃতি-আকার। আর আমরা ব্যবহারকারীদের অনেকেই বলি—কেমন হয় কিম্ভূতকিমাকার!না। তেমন আমরা বলতে পারব না। তেমন বলার অধিকার আমাদের নেই। যদি আমরা নিজের কাছে নিজের অঙ্গীকারমতো শুদ্ধতার পথে বলতে চাই—এ ব্যাপারে আপস নেই। দিতেই হবে জোড়া ঈ-কার যেখানে প্রয়োজন। ভাষার দাবি, ব্যাকরণের দাবি। সে দাবি আমাদের পূরণ করতে হবে।সে জন্যই স্মরণ করিয়ে দেওয়া—‘সমীচীন’কে সমিচীন বা সমীচিন লিখলে ভাষা ভেঙচি কাটবে। বার্তাজীবী (সাংবাদিক), শ্রমজীবী, পেশাজীবী, ব্যবহারজীবী (উকিল), মৃগয়াজীবী (শিকারি), আইনজীবী, কিরীটী (মুকুটধারী) ইত্যাদি পাশাপাশি দুটো ঈ-কার ছাড়া হাসিমুখে যাবে না, ফোলা গালে বসে থাকবে।আরও কিছু শব্দ আছে এ রকম। যেমন—প্রতীচী (পশ্চিম), পটীয়সী (যেমন, অঘটনঘটন-পটীয়সী, অঘটন ঘটাতে পটু), অনুজীবী (ভৃত্য), অশরীরী (দেহহীন), পল্লীজীবন, আশীর্বাদী (আশীর্বাদের সঙ্গে প্রদেয়), লক্ষ্মীদেবী, ঈর্ষী (পরশ্রীকাতর), ঈষীকা (হাতির চোখের মণি, তুলি) উদ্দীপনীয় (যা উদ্দীপনা জোগায়), কর্মজীবী, কুসীদজীবী (সুদখোর), ক্ষীণজীবী (দুর্বল), আহীরী (আহীর—গোজাতি বিশেষ। কলকাতার একটা জায়গা আছে—আহীরটোলা। দুগ্ধজীবীদের বসবাসের জন্য এমন নাম হয়েছিল শোনা যায়), পীড়াপীড়ি, দীপালী, দীপাবলী, দীর্ঘজীবী, দীর্ঘসূত্রী, দ্বীপী (ব্যাঘ্র, চিতাবাঘ), নীবী (কটিবদ্ধ), নীলাম্বরী (নীলবর্ণের শাড়ি) ইত্যাদি।দরকার নেই অথচ একটি ‘ন’ কোন কোন শব্দের লেজে না জুড়লে আমরা যেন স্বস্তি পাই না। যেমন, গলবন্ধ (গলায় যা বাঁধা হয়, ‘গলবন্ধন’ নয়), কোমরবন্ধ (কোমরবন্ধন নয়) কটিবন্ধ (কটিবন্ধন নয়) নীবীবন্ধ (নীবীবন্ধন নয়), সেতুবন্ধ (সেতুবন্ধন নয়)। পাশাপাশি এটিও মনে থাকলে ভালো—মেলবন্ধন (তখন আবার ‘মেলবন্ধ’ নয়), ভ্রাতৃবন্ধন (ভ্রাতৃবন্ধ নয়), রাখিবন্ধন (রাখি বন্ধ নয়)।