জলকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক নববার্তায় প্রকাশিত একটি সংবাদ হয়তো তোমাদের চোখে পড়েছে। ‘হয়তো’ বলছি এ জন্য যে খবরটি আসলে অনেকেরই চোখ এড়িয়ে গেছে। নববার্তার সংবাদটি ছিল এ রকম—রহস্যময় মৃত্যুহাসান মাহমুদ, সেন্ট মার্টিন থেকেসেন্ট মার্টিনে প্রতিদিন নানা ঘটনা ঘটে। দুর্ঘটনাও। মারাও যায় কেউ কেউ। এসবই স্বাভাবিক বিষয়। স্বাভাবিক মৃত্যু। কিন্তু বৃহস্পতিবার পরি নামের এক তরুণীর মৃত্যুতে স্থানীয় মানুষ বিস্মিত হয়েছে। তারা কিছুতেই পরির মৃত্যুকে মেনে নিতে পারছে না। কারণ, সাঁতারে সে ছিল অসাধারণ। সমুদ্রের গভীর থেকে শামুক-গুগলি, সামুদ্রিক লতা-গুল্ম—এসবও অনেকবার তুলে এনেছে সে। অনেক মানুষকে মৃত্যুর কবল থেকে বাঁচিয়েছে। তাকে সবাই ‘জলকন্যা’ বলত। সেই পরি গত বৃহস্পতিবার সমুদ্র থেকে আর ওঠেনি, সে হারিয়ে গেছে সাগরে। এখন পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি।পরির রহস্যময় মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। তারা এই মৃত্যুরহস্যের সমাধান চায়।তোমাদের চুপি চুপি বলছি, সেন্ট মার্টিনের মানুষেরা পরির মৃত্যুরহস্যের সমাধান চাইলেও তাদের মনোবাসনা পূরণ হবে না কোনো দিনই। কেন এ কথা বলছি, তা পরির সম্পর্কে জানলেই বুঝতে পারবে।দুইপরি ছিল নারিকেল জিনজিরা অর্থাৎ সেন্ট মার্টিনের উত্তরপাড়ার মেয়ে। ও মা-বাবার প্রথম সন্তান। পরির বাবার নাম আব্বাস। মা হালিমা।বিয়ের ১০ বছরেও যখন হালিমা মা হতে পারল না, তখন লোকে তাকে ‘বাঁজা মেয়েছেলে’ বলতে লাগল। একটি ঘটনা আব্বাস-হালিমা দুজনের জীবনকেই বদলে দিল। সে দিন আকাশের মুখ ছিল ভার আর ঘোর কালো। সেই ঘোরের ভেতরই অশান্ত সাগরের মধ্যে জাল ফেলেছিল আব্বাস। যাতে ধরা পড়েছিল অদ্ভুত এক মাছ। আব্বাস মাছটি নিয়ে গেল বাজারে। কিন্তু কেউই অদ্ভুত মাছটি কিনতে রাজি হলো না। অগত্যা আব্বাস মাছটি নিয়ে বাড়ি এল। হালিমাকে বলল কাটতে।বিশাল বঁটির সামনে হালিমা মাছ কাটতে বসল। হঠাৎ মাছটির মুখ থেকে একরাশ ফেনা ছিটকে এসে পড়ল তার হাঁ-মুখে। হালিমাও কী এক ঘোরের ভেতর তা গিলে ফেলল।কিছুদিন পর হালিমা টের পেল, সে মা হতে চলেছে। একসময় তার কোল আলো করে ফুটফুটে এক মেয়ের জন্ম হলো। অপরূপ তার সৌন্দর্য। মেয়ের মায়াবী মুখের দিকে চেয়ে আব্বাস বিড়বিড় করে বলল, ‘পরি’।জন্মের পর থেকে সাগরের সঙ্গে পরির ভাব দেখা যায়। তাই হাঁটি-হাঁটি পা-পা অবস্থায়ই পরি সাগরের কাছে ছুটে যায়। অপলক চোখে জলের দিকে চেয়ে থাকে।পরি আরেকটু বড় হলো। তখনই স্পষ্ট হলো, সে বোবা। ওর মা-বাবা খুবই কষ্ট পেল।সময় বয়ে চলে।পরি এখন আট বছরের বালিকা। ওর আরও দুটি ভাই-বোন হয়েছে। তরী ও আক্কাস। ওরা অবশ্য পরির মতো বোবা হয়নি।কিছুদিন আগে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। চার বছরের আক্কাস সাগরে ডুবে গিয়েছিল। সবাই যখন হায় হায় করছে, তখন কোথা থেকে পরি এক দৌড়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছিল সাগরে এবং কিছুক্ষণ পর অচেতন আক্কাসকে নিয়ে জলের ওপর ভেসে উঠেছিল।শুধু আক্কাস নয়, আরও কয়েকজনকে পরি মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। আর লোকমুখে তার নাম হয়ে গেছে ‘জলকন্যা’।চারআশ্চর্য ঘটনা পরির জীবনেও ঘটেছে। বোবা মেয়ে আকার-ইঙ্গিতেও জানায়নি সেই ঘটনার কথা।পরি একবার ডুব দিয়েছিল সাগরের গভীরে। দেখেছিল ঘূর্ণিজল—সাপের মতো কুণ্ডলাকারে পানি ওখানে ঘুরছে, অসংখ্য শামুক হামাগুড়ি দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আশ্চর্য সব বর্ণিল পাথর, লতা-গুল্ম চারপাশে...। সব কিছুই পরির ভীষণ চেনা মনে হয়েছিল, যেন অনেক দিন বিচ্ছিন্ন থাকার পর আবার আপন জগতে ফিরে এসেছে। কিছুক্ষণ পর একঝাঁক ছোট ছোট মাছ যখন ওর দুই পা ঘিরে খেলা করতে লাগল, তখন খুবই ভালো লাগল। মনে হলো মাছেরা যেন বলছে, ‘এত দিন কোথায় ছিলে?’পাঁচজলকন্যা, পরি, একদিন সাগরের জলের নিচে সাঁতার কাটছে মনের খুশিতে। তখন হঠাৎ ওপরে বিরাট ছায়া দেখতে পেল। ক্রমেই সেটি নিচে নামছে। সে বুঝতে পারল, একটি বিরাট জাহাজ ডুবছে। তার পরই সে এক সুদর্শন তরুণকে দেখতে পেল। জাহাজের জানালা থেকে ছিটকে পড়েছে। পরি তরুণটিকে ধরে ফেলল এবং তাকে নিয়ে ওপরে উঠতে লাগল।বেলাভূমিতে তরুণটিকে শুইয়ে দিল পরি। তখনই ওর কানের পাশে একটি খনখনে কণ্ঠস্বর বেজে উঠল, ‘হতচ্ছাড়ি, করেছিস কী? কাকে বাঁচিয়েছিস! একদিন ওর ভালোবাসা না পেয়েই তো তুই মরে গিয়েছিলি। সাগরের ফেনা হয়ে ছিলি ১০ হাজার বছর। তোর আত্মা ছিল সেই ফেনার ভেতর। ওই ফেনা একদিন এক অদ্ভুত মাছের পেটে ঢুকে গিয়েছিল। সতেরো বছর আগে সেই মাছ আব্বাসের জালে ধরা পড়েছিল...।’পরি তরুণটির দিকে তাকাল। হ্যাঁ, এই তো সেই রাজপুত্র! যাকে একদিন সে বাঁচিয়েছিল। পরে রাজপুত্র ওকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিল। কিন্তু সে বোবা বলে মনের কথা বলতে পারেনি তাকে।...হ্যাঁ, এখন সে বুঝতে পারছে, এত দিন খনখনে গলায় কার কণ্ঠ সে শোনে। সমুদ্রের ডাইনি! সে-ই জাদুর শরবত খাইয়ে ওকে মানুষ বানিয়ে দিয়েছিল। বিনিময়ে কেড়ে নিয়েছিল ওর কণ্ঠস্বর।‘মেরে ফেল! ছেলেটিকে মেরে ফেল! তাহলে আবার তুই আগের মতো হয়ে যাবি—১০ হাজার বছর আগে যা ছিলি। পাতালপুরীতে আপনজনদের কাছে ফিরে যেতে পারবি।’ ডাইনির কণ্ঠস্বর ভেসে এল আবার।‘না, না আমি ওকে মারতে পারব না। ওকে আমি আজও ভালোবাসি।’ পরি বলে উঠল।‘কী লাভ!’ ডাইনির কণ্ঠ বলে উঠল, ‘ছেলেটি কক্সবাজারের এক ধনীর সন্তান। সে কোনো দিনই তোর মতো গরিব ঘরের মেয়েকে ভালোবাসবে না। বিয়ে করবে না।...ওহ্ হ্যাঁ, কয়েক দিন পরেই তো ছেলেটির বিয়ে। এক ধনীর কন্যার সঙ্গে।’শুনেই পরির মাথায় আগুন ধরে গেল। সে সাগরের বুকে ঝাঁপিয়ে পড়ল। ফেনায় পরিণত হলো। তার আর কোনো চিহ্নই রইল না।এতক্ষণে বুঝেছ তো শুরুতে কেন বলেছিলাম, পরির মৃত্যুরহস্যের সমাধান কোনো দিনই হবে না। আর এটা কি বুঝেছ—পরি আসলে কী ছিল?হ্যাঁ, সে ছিল গল্পের সেই মৎস্যকন্যা।