জলের সঙ্গী মাছ
জল বিশ্বাসই করতে পারছে না মায়ের কথা। এ কী করে সম্ভব! তারা যে দালানে থাকে, সেই দালানের তলায় আগে নাকি একটা পুকুর ছিল। সেই পুকুর ভরাট করে তারপর এই পাঁচতলা দালান। আগে কখনো মা তাকে এ কথাটা বলেননি। সেদিন কী মনে করে বললেন। তার পর থেকেই জলের ভাসা ভাসা চোখের বিস্ময় আর কাটে না। পুকুর সে কখনো দেখেনি। ঢাকার শেওড়াপাড়ায় তার জন্ম; এই বাসা, সেই বাসা করে এখন তারা ভূতের গলিতে থাকে। এই নয় বছরে বাবার বাড়ি, মায়ের বাড়ি কোথাও তার যাওয়া হয়নি। মায়ের মুখের গল্পে গল্পে সে ঘুরে বেড়াত। এবার শুনল পুকুরের কথা। পুকুরের মাছেরা কানকোয় জল কাটে, লেজে আর পাখনায় পানিতে ভেসে থাকে, পানিতেই সাঁতার কাটে। শ্যাওলা খায়, বড় মাছ খায় ছোট মাছ। এসব শুনতে শুনতে জল পুকুর দেখার বায়না করে বসে। পুকুরের তলায় মাছেরা কীভাবে থাকে, নিঃশ্বাস নেয় কীভাবে। পানির ওপর থেকে কি মাছ দেখা যায়? মাছ ধরার জন্য জাল লাগে, বড়শি লাগে। বড়শিতে আধার দিতে হয়, সেই আধার গিলতে গিয়ে বোকা মাছেরা ধরা পড়ে। কী সব রহস্যময় ব্যাপার যে পুকুরকে ঘিরে ঘটে। মায়ের মুখে এসব শুনতে শুনতে জলের বিস্ময় আরও বাড়ে।জল পুকুরের ভাবনাই ভাবে সারা দিন। পুকুরে যে কত রকম মাছ থাকে, তাদের কারোর গায়ে আঁশ থাকে, কারোর গায়ে থাকে না। কেউ চ্যাপ্টা, কেউ লম্বা। ইস, জল যদি মাছের সঙ্গে ঘুরে বেড়াতে পারত। জলের তলায় সাঁতার কেটে কিছুক্ষণ পর না হয় আবার ফিরে আসত মায়ের কাছে। মা তাকে বলেছেন, নানুবাড়িতে পুকুর আছে। সেই পুকুরে মাছ আছে। এসব শুনে তো জলের আর তর সয় না। সামনের সপ্তাহে স্কুল বন্ধ হবে। পরীক্ষার সময় মা যে কেন পুকুরের গল্প শোনাতে গেলেন। পড়াতে জলের মন বসতে চায় না। মা তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছেন: এখন পড়ো। পরীক্ষা শেষ হলেই আমরা নানুবাড়িতে যাব। তখন তুমি সারা দিন পুকুরপাড়ে বসে থেকো।সেই আশায় আছে জল। সে পুকুর দেখতে যাবে। মাছেদের দেখতে যাবে। বাসায় একটা অ্যাকুরিয়াম কিনে আনবেন, বলেছেন বাবা। তখন জলের তলায় মাছও দেখা যাবে। তবে আগে পরীক্ষা, তারপর সবই পাবে জল। পড়ায় মন বসতে দেরি হয় না জলের। আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে তার। অবশেষে শেষ হলো জলের পরীক্ষা। পরীক্ষা দিয়ে জল বাসায় ফিরে এমনিতেই লাফ-ঝাঁপ করে। মায়ের বিছানা এলোমেলো করে। একটা ক্রিকেট বল আর ব্যাট আছে, তা-ই দিয়ে একা একা খেলে। এভাবেই তার সারা দিন কেটে যায়। আবারও ক্লাস শুরু হলে সেই আগের জীবন। খুব সক্কালে উঠেই স্কুলে যাও, ফেরো সেই দুপুরবেলায়, ঘুম, টিউটর। কিন্তু আজ খুব উত্তেজিত জল। কাল তারা নানুবাড়িতে যাবে। দুপুরে খেয়েদেয়ে মায়ের পাশে শুয়ে গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছে জল।জল এবার নিজেকে দেখতে পায় ব্যাট আর গ্লাভস হাতে সে দাঁড়িয়ে আছে। একটা বিশাল মাঠে তার খেলার সঙ্গী আর কেউ নয় পুকুরের সব মাছ। তার ব্যাটিং সঙ্গী এক লাল রুই মাছ। আম্পায়ারের মতো দাঁড়িয়ে আছে এক থুত্থুড়ে বোয়াল। স্ট্যাম্পের পেছনে দড়ির মতো শরীর বাঁকিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে বাইম মাছ। সব মাছ-ই মা তাকে চিনিয়েছেন। ঘুমের স্বপ্নে তাদের সঙ্গে ক্রিকেট খেলতে নামে জল। তার প্রতিপক্ষ দলের অধিনায়ক ঘাড় মোটা এক কাতলা মাছ। লেজের ওপর দাঁড়িয়ে সে তাকিয়ে আছে জলের দিকে। ওই প্রান্তে বল নিয়ে দাঁড়িয়ে আছে শোল মাছ। আজ বিশ্বকাপ ফাইনাল। শেষবারের মতো চারপাশ দেখে নেয় জল। ও মা! এ কাদের দেখছে সে। দর্শকের আসনে শুধু সে মা আর বাবাকে চিনতে পারছে। আর সবাই মাছ। কত কত পুঁটি মাছ, ঝাঁকে ঝাঁকে কই মাছ। মা যে বলেছিলেন খোলসে মাছের কথা। তারাও আছে দেখছি! বাবা হাত নাড়ছেন আর কী যেন বলছেন। বাবাকে কী মাছের মতো দেখাচ্ছে! জল! জল! বলে ডাকছেন বাবা। চারপাশে একটা উত্তেজনা, হইচই। সে কি ঘুমিয়ে না জেগে! বুঝতে পারে না জল।