জাদুকর হুমায়ূন
হুমায়ূন আহমেদ খুব ভালো জাদু জানতেন। তাসের জাদু। কেমিক্যালের জাদু। জাদু অঙ্কের। জানতেন হাতসাফাইয়েরও অদ্ভুত সব জাদু। কোথা থেকে শিখেছিলেন, কে জানে!আমি তাঁকে হুমায়ূন বলে ডাকতাম। আর তিনি আমাকে ডাকতেন ‘ভাই’ বলে। ঢাকা হলের বিপরীত দিকে রেল কলোনির এক বাসাতে তখন আমি থাকি। আর কাজ করি দৈনিক আজাদ-এ। তো হয়েছে কি, সেই বাসায় একদিন বেলা তিনটার দিকে এসে হাজির তিনি। সালটা ১৯৬৮, জানুয়ারির প্রথম দিকে। এসেই আমাকে বাইরে ডেকে নিয়ে বললেন, ‘এই রেল কলোনিতে যে প্রাইমারি স্কুল আছে, সেখানে চলেন।’আমি বলি, ‘হঠাৎ সেখানে কেন?’‘আরে চলেন-ই না। মজা দেখবেন।’আমি তাঁকে অনুসরণ করে বিদ্যালয়ে যেতেই প্রধান শিক্ষক এসে হুমায়ূন আহমেদকে অভ্যর্থনা জানান এবং ভেতরে নিয়ে বসান। চা-পর্ব শেষ হতেই তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যালয়ের একটা কক্ষে। সম্ভবত পঞ্চম শ্রেণীর। সেখানে বেঞ্চে জায়গা না হওয়ায় বেঞ্চগুলো কক্ষের বাইরে এনে মেঝেতে প্রায় দেড় শ ছাত্রছাত্রীকে বসতে দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষে ঢোকার পরপরই আমার চোখে পড়ে একটা ব্ল্যাকবোর্ড। তিনটা চেয়ারের সামনে একটা টেবিল। টেবিলে কিছু সরঞ্জাম। আগে থেকেই জোগাড় করে রাখা হয়েছে। হুমায়ূন এবার চেয়ার থেকে উঠে দাঁড়ান। ছেলেমেয়েদের লক্ষ্য করে বলেন, ‘তোমরা সবাই এখানে কেন এসেছ?’সবাই সমস্বরে বলে ওঠে, ‘ম্যাজিক দেখতে।’সত্যি সত্যি জাদুর খেলা দেখাতে থাকেন হুমায়ূন। একের পর এক জাদু। ছিঁড়ে ছিঁড়ে এক তাল কাগজ খান চিবিয়ে চিবিয়ে। তারপর গলা থেকে বের করেন সেসব কাগজেরই জোড়া লাগানো বিশাল অংশ। ছেলেমেয়েরাই টেনে টেনে বের করে। আর তুমুল করতালি। সেদিন হুমায়ূন সাত-আটটি জাদুর খেলা দেখিয়েছিলেন। অঙ্কের খেলাটাও জমেছিল ভালো। ডিমের খেলাটাও। একটা ছেলেকে সেদ্ধ একটা ডিম খেতে দিয়েছিলেন। তারপর তার দেহের বিভিন্ন অংশ থেকে বের করে এনেছিলেন এক ডজন ডিম। আমিও অবাক হয়েছিলাম। একেবারে পেশাদার জাদুকরের মতো তাঁর অঙ্গভঙ্গি। পরে জেনেছিলাম, রেলের ওই প্রাথমিক বিদ্যালয়ে তিনি মাঝেমধ্যেই উপস্থিত হয়ে অঙ্কের ক্লাস নিতেন। এবং ক্লাস শেষে যথারীতি তাঁকে দেখাতে হতো জাদু।ষাটের দশকের সব প্রধান লেখক-কবির বই প্রকাশ করেছিল বাংলাবাজারের প্রকাশনা সংস্থা খান ব্রাদার্স। সেখান থেকেই প্রথম বেরিয়েছিল কবিবন্ধু নির্মলেন্দু গুণের কবিতার বই প্রেমাংশুর রক্ত চাই। তারপরই আমার ছোটদের গল্পের বই সমুদ্র অনেক বড়। আগেপিছে করে দুটি বই-ই বের হয়েছিল ১৯৭০ সালে। আর হুমায়ূনের নন্দিত নরকে ১৯৭২ সালে। বইটির প্রুফ দেখাদেখি ও টুকটাক সম্পাদনার কাজ নিয়ে দিন কয়েক ভয়ানকভাবে মেতে ছিলাম। উপন্যাসটি প্রকাশের পর এবং লেখক শিবির পুরস্কার পাওয়ার পর হুমায়ূনকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৭০ সালে আমার বই সমুদ্র অনেক বড় বের হওয়ার পর তিনি যেমন উচ্ছ্বসিত হয়েছিলেন, বলেছিলেন, ‘ভাই খাওয়ান, কিছু খাওয়ান’, আমিও তেমনি তাঁর নন্দিত নরকে বের হওয়ার পর বলেছিলাম, ‘হুমায়ূন, খাওয়াবেন না কিছু?’ আমি তাঁকে আমার বই প্রকাশ হওয়ার পর বিউটি বোর্ডিংয়ে বসিয়ে আলুর চপ আর চা খাইয়েছিলাম, তিনিও আমাকে মধুর ক্যান্টিনে বসিয়ে খাইয়েছিলেন আলুর চপ আর চা। দেখা হলেই এ কথা মনে করে আমরা বেশ হাসাহাসি করতাম।দুস্থ মানুষজনের প্রতি হুমায়ূনের ছিল অপরিসীম দরদ। একদিন আমি, হুমায়ূন, আর একজন, তাঁর নাম বলব না, কার্জন হলের ভেতর দিয়ে হাঁটছি। এমন সময় একজন শীর্ণকায় মহিলা এসে আমাদের সামনে হাত পাতে। হুমায়ূন তাঁর পকেট হাতড়ে ৫০ টাকার একটা নোট বের করে আনে। দিতে গেলে সঙ্গে থাকা বন্ধুটি বলে, ‘হুমায়ূন, এসব কী করছেন?’ হুমায়ূন শোনেন না। টাকাটা তুলে দেন মহিলার হাতে। বন্ধুটি এবার যেন কিছুটা ক্ষিপ্ত, ‘৫০টা টাকা পানিতে ফেলে দিলেন। অ্যাক্টিং, মহিলার সবই অ্যাক্টিং। অভিনয় করে ওরা টাকা রোজগার করে।’হুমায়ূনের সোজাসাপটা জবাব, ‘অ্যাকটিং করুক আর অভিনয় করুক, বাঁচার জন্যই করছে। আমার এই ৫০ টাকায় বেচারি যদি একদিনের জন্যও বেঁচে থাকে, আমার আত্মা শান্তি পাবে।’চুপ মেরে যান আমাদের সেই বন্ধু।ছাত্র বা শিক্ষার্থীরা বিপদে পড়লে হুমায়ূন যেন ঠিক থাকতে পারতেন না। তখন তিনি নোভা, শীলা ও বিপাশা এবং স্ত্রী গুলতেকিনকে নিয়ে থাকেন শহীদুল্লাহ্ হলের প্রবেশপথ লাগোয়া দোতলার বাসভবনে। আমার পরিচিত এক ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এমএ ফাইনাল ইয়ারের ছাত্র, ফরম ফিলাপের টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না—এমন দশার শিকার। টাকা ছিল কিন্তু হঠাৎ তার মা ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ঢাকায় এনে চিকিৎসা করাতে গিয়ে সেই টাকা খরচ হয়ে যায়। শিক্ষার্থী ছেলেটি আমাকে এসে ধরে। সেদিন আমার পরিকল্পিত একটি সংকলনের জন্য লেখা আনতে হুমায়ূনের কাছে যাওয়ার কথা। মাথায় বুদ্ধি খেলে গেল, হুমায়ূনকে বলব সব কথা। দেখা যাক কী হয়! শিক্ষার্থীর দুরবস্থার কথা তাঁকে খুলে বললাম! লেখাটা সেদিন দিতে পারলেন না। বললেন, ‘লেখা হলেই আমাকে দেবেন।’ কিন্তু আমার কথিত শিক্ষার্থীর ফরম ফিলাপের ও আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ সাত হাজার টাকা আমার হাতে তুলে দেন নির্দ্বিধায়। আমি বিদায় নেওয়ার আগে আমার হাতে তুলে দিলেন তাঁর গল্প সমগ্র। সংকলনটির একটা পৃষ্ঠায় লিখলেন: ‘আখতার হুসেন প্রিয়জনেষু/হুমায়ূন আহমেদ ১৯.১.৯২।’ এবং বললেন, ‘ভাই, আপনার কাছে বিশেষ অনুরোধ, ছাত্রটির কাছে আমার কথা কোনো দিন বলবেন না। বললে ভাববে, আমি করুণাবশত দান করেছি। এ দান নয়, দায়িত্ব।’ আমার চোখ ভিজে যায়।সেই শিক্ষার্থী এখন শিক্ষাজীবন শেষে সমাজজীবনে প্রতিষ্ঠিত। সৎ জীবন যাপন করেন। শুনেছি গ্রামে এতিমখানা খুলেছেন। চার গ্রামের সহায়তায় এতিমখানাটি চলে। এতিম শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। কেউ কেউ পড়ছে মাদ্রাসায়।হুমায়ূনের সঙ্গে আমার স্মৃতির সংখ্যা কম নয়। তোমাদের জন্য সব তো লেখা যাবে না। সময়-সুযোগ পেলে লিখব। তোমরা সবাই তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করো।তাঁর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। সত্যিই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ জাদুকরদের একজন ছিলেন হুমায়ূন আহমেদ! তাঁর শূন্যতা পূরণযোগ্য নয়।