জাদুর কলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার তুলি। ছোট্ট মেয়ে। মাত্র ক্লাস থ্রিতে পড়ে। সে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করে, কিন্তু স্কুলে গেলেই ভুলে যায় সব পড়া। তাই শিক্ষক প্রতিদিন তাকে বকাঝকা করেন। তার মা-বাবাও খুব অসন্তুষ্ট। একবার সে রাতে একা ঘুমাল। তখন একটা পরি এল তার কাছে। বলল, ‘তোমার কী হয়েছে? আমায় খুলে বলো।’ তুলি সব কথা বলল পরিকে। তখন পরি একটা কলম দিল তুলিকে। তুলি বলল, ‘এটা কী?’ পরি বলল, ‘এটা জাদুর কলম। এটা তোমার অনেক সাহায্যে এগিয়ে আসবে। তোমাকে লেখাপড়ায় আরও মনোযোগী করবে। তবে তিনটি শর্ত আছে। সেগুলো হলে—১. মা-বাবার কথা শুনতে হবে। ২. মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। ৩. তোমাকে অনেক পরিশ্রমী হতে হবে।’ এই বলে পরি চলে গেল। তারপর তুলি এটা নিয়ে একদিন পরীক্ষা দিতে গেল। সে সবচেয়ে বেশি নম্বর পেল। সবাই অবাক হলো। তারপর একদিন তুলি ভুলে কলমটা বাড়িতে রেখে গেল। তার মা ওই কলম দিয়ে বাজারের লিস্ট তৈরি করলেন। তারপর তুলি এসে ওই কলম নিয়ে আরেক দিন পরীক্ষা দিতে গেল। সে খেয়াল করল, কলমটা আগের মতো আর কাজ করছে না। তখন সে খুব চিন্তায় পড়ল। ঠিক তখনই পরীক্ষার হলে পরি এল। কিন্তু কেউ পরিকে দেখতে পেল না। তখন তুলি বলল, ‘কলমটা কাজ করছে না কেন?’ পরি বলল, ‘কলমটার গুণ নষ্ট হয়ে গেছে।’ তুলি বলল, ‘কেন?’ পরি বলল, ‘তোমার মা এই কলম দিয়ে বাজারের লিস্ট তৈরি করেছেন। তাই কলমটার গুণ নষ্ট হয়ে গেছে।’ আবার পরি চলে গেল। তুলির মন খারাপ হয়ে গেল। সে মনে মনে মায়ের ওপর ভীষণ রাগ করল। বলল, উহ্, মা যে কেন এই কলমটা দিয়ে লিখল! ঘরে কি আর কোনো কলম পেল না! হঠাৎ তার খেয়াল হলো, সে পরীক্ষা দিতে এসেছে। তাই তাড়াতাড়ি লেখা শেষ করল। তারপর রেজাল্ট ঘোষণা করল। তুলি ফার্স্ট হয়েছে। তুলির মা-বাবা, শিক্ষক—সবাই খুব খুশি হলো। কিন্তু জাদুর কলমের গুণ তো নষ্ট হয়ে গিয়েছিল, তাহলে তুলি পরীক্ষায় ভালো করল কীভাবে? কারণ সে মা-বাবার কথা শুনেছিল, মনোযোগ দিয়ে পড়েছিল এবং পরিশ্রমী ছিল। তারপর তুলি বুঝতে পারল তার ফার্স্ট হওয়ার কারণ। সে আরও বুঝল যে এসব গুণের জন্য মানুষ যেকোনো কঠিন পরীক্ষায় সফল হতে পারে এবং সে এই উপদেশটা ছোট-বড় সবাইকে দেয়। পঞ্চম শ্রেণী, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা