খানিকটা অন্ধকার, আলো-আঁধারির ভৌতিক একটা পরিবেশ তৈরি করে নিলেন জাদুকর। পরিস্থিতি অনুযায়ী একটা গাম্ভীর্য বজায় রেখে দর্শকের উদ্দেশে বললেন, ‘আমার হাতে খালি একটা বোতল ও একটা পেনসিল রয়েছে। চাইলে এ দুটো জিনিস আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।’ এক এক করে উপস্থিত দর্শককে দিয়ে পরীক্ষাও করালেন তা। এরপর বললেন, ‘আপনারা চাইলে যেকোনো প্রশ্ন করতে পারেন এবং অবশ্যই এর উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’তে হতে হবে। কেননা, আমার হাতের এই পেনসিলটিই ওপরে-নিচে ওঠানামা করে আপনাদের করা প্রশ্নের উত্তর দেবে।’এটুকু বলে জাদুকর তাঁর হাতে থাকা পেনসিলটি খাড়া অবস্থায় বোতলের ভেতর ঢুকিয়ে দিলেন (চিত্রে গোলচিহ্ন দিয়ে দেখানো হয়েছে) এবং পেনসিলসহ বোতলটি টেবিলের ওপর রেখে দিলেন।এবার দর্শক জাদুকরকে যা-ই প্রশ্ন করছে, পেনসিলটি ওপরে উঠে ‘হ্যাঁ’ ও নিচে নেমে ‘না’ বুঝিয়ে টপাটপ একে একে তার উত্তর দিয়ে চলেছে।যা যা প্রয়োজনজাদুটি দেখানোর জন্য প্রয়োজন সাধারণ একটি পেনসিল, সরু-গলা খালি কোনো বোতল, সামান্য কিছুটা রাবার মোম (সম্ভব না হলে চুইংগাম) এবং কালো কিন্তু চিকন ফুট চারেক বড়শির সুতা।পেছনের কৌশলবড়শির সুতাটির দুই প্রান্ত গিঁটের ওপর গিঁট দিয়ে একটু ভারী করে নাও। সামান্য কিছুটা রাবার মোম কিংবা চুইংগাম চিবিয়ে তাতে খানিকটা করে লাগিয়ে নাও। এবার সুতাটির এক প্রান্ত তোমার শার্টের ওপরের বোতামের সঙ্গে এবং অন্য প্রান্ত পেটের কাছাকাছি থাকা বোতামটির সঙ্গে লাগিয়ে নিতে হবে। এবার বোতলটি তোমার ডান হাতে ও পেনসিলটি বাঁ হাতে নিয়ে ম্যাজিকটি দেখানো শুরু করতে পারো। বোতল ও পেনসিল—দুটোই দর্শককে পরীক্ষা করতে দাও। আর এ ফাঁকেই তুমি তোমার শার্টের ওপরের বোতামের সঙ্গে লাগানো সুতার প্রান্ত খুলে নিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলের নখের সঙ্গে আটকে নাও। দর্শকের কাছ থেকে পেনসিলটি চেয়ে নাও এবং সবার অলক্ষ্যেই নখের সঙ্গে আটকে রাখা সুতার প্রান্তটি পেনসিলের নিচের অংশে লাগিয়ে দাও।বোতলটিও ফিরিয়ে নাও এবার এবং সেটি টেবিলের ওপর রেখে পেনসিলটি চিত্র বরাবর বোতলের ভেতর ঢুকিয়ে দাও। এ ক্ষেত্রে পেনসিলটির নিচের অংশ, অর্থাৎ সুতা লাগানো প্রান্তটি আগে ঢোকাতে হবে। জাদুটি দেখানোর জন্য তুমি এবার টেবিল থেকে একটু পেছনে সরে গিয়ে দাঁড়াও।করণীয়যেহেতু সুতার অন্য প্রান্তটি তোমার শার্টের সঙ্গে আটকানো, সেহেতু তুমি যদি একটু পেছনে হেলো, তবে পেনসিলটি ওপরের দিকে উঠে আসবে। একইভাবে যদি একটু সামনের দিকে ঝুঁকো, তবে পেনসিলটি বোতলের ভেতর নিচে নেমে যাবে। আর দর্শকও পেনসিলের ওঠানামা দেখে তাদের প্রশ্নের ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তরটিও পেয়ে যাবে।তোমরাও নিশ্চয়ই পেয়ে গেছো এ জাদুটি দেখানো নিয়ে আমার উত্তর।