জাদুর বেলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমন যেদিন তার জাদুর বেলুনটি স্কুলে নিয়ে গেল, সেদিন হইচই পড়ে গেল। ব্যাপারটা প্রথমে কেউ বুঝতে পারেনি। সবাই মনে করেছিল, ওটা একটা সাধারণ বেলুন। স্কুল শুরুর ঘণ্টা পড়ার পর সবাই লাইন ধরে যখন শরীরচর্চা করছে, তখনই ঘটল মজার ব্যাপারটি। সবাই অবাক হয়ে দেখল, চতুর্থ শ্রেণীর লাইনে সুমনের মাথার পাশে একটা বেলুন শূন্যে নাচছে ড্রিল স্যারের বাঁশির তালে তালে। সবাই যখন বাম-ডান, বাম-ডান করে কুচকাওয়াজ করছিল, তখন বেলুনটিকেও দেখা গেল সমান তালে নাচতে। সবার দৃষ্টি তখন ওদিকেই; কারও চোখের পলক পড়ল না, অবাক হয়ে সবাই দেখল বেলুনের নাচ। শরীরচর্চায় ছন্দপতন হলো। কেউ হেসে কুটিকুটি হলো, কেউ দিল হাততালি, কেউ লাইন ভেঙে দৌড়ে গেল বেলুনের কাছে। দাদা-দিদিমণিরা অবাক। এ রকম বেলুন তাঁরা কোনো দিন দেখেননি।ড্রিল স্যার নিজেই খুব অবাক হয়ে গেলেন। বেলুনের নাচে চারদিকে যে হট্টগোল শুরু হলো, তা থামানোর জন্য তিনি বাঁশি বাজালেন। মুহূর্তে সব শান্ত।‘এই, বেলুন কে এনেছে?’ ড্রিল স্যার কড়া গলায় জিজ্ঞেস করলেন।সুমন মাথা নিচু করে স্যারের সামনে এসে স্যার কিছু বলার আগেই ক্ষমা চেয়ে নিল, ‘স্যার, আমার ভুল হয়েছে, স্কুলে বেলুন আনা উচিত হয়নি।’হ্যাঁ, তুমি শৃঙ্খলা ভঙ্গ করেছ। ড্রিল স্যার বললেন, ‘তবে তোমার বেলুনটি আমাদের অবাক করেছে। কী করে শেখালে তাকে এই নাচ?’সুমন বুঝল, শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারটির চেয়ে স্যার বেলুনের নাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। মনে মনে সাহস পেয়ে বলল, ‘ওই নাচ আমি শেখাইনি, ও নিজে নিজেই নাচে। ও তো জাদুর বেলুন।’সুমনের এ কথায় স্কুলের ছোট-বড়, দাদা-দিদিমণি সবাই একযোগে অবাক হলেন। আবার শুরু হলো হইচই, বেলুন দেখার পালা। ড্রিল স্যারের বাঁশি যথারীতি বেজে উঠল আবার, ‘বড় জ্বালালে দেখছি! তোমার ওই জাদুর বেলুনটির জন্য বুঝি আজ স্কুলই করা যাবে না!’স্যারের বাঁশিতে আবার সবাই চুপ হলো। সুমন এবার সত্যিই ভয় পেল। না জানি স্যার আজ কী শাস্তি দেন! সে তাড়াতাড়ি স্যারকে বলল, ‘ঠিক আছে স্যার, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি।’‘বাড়ি পাঠাবে? কীভাবে পাঠাবে শুনি?’‘কিছুই করতে হবে না, স্যার। ও নিজেই যাবে।’ সুমন তার বেলুনটাকে কাছে ডাকল, ‘নীলিমা, আমার কাছে এসো।’ এতক্ষণে সবাই বুঝতে পারল, মানুষের মতো বেলুনটিরও একটা নাম আছে।সুমনের নির্দেশ পেয়ে বেলুনটি সাঁই সাঁই করে পাখির মতো অনেক ওপরে উঠে হাওয়ায় মিলিয়ে গেল। আর স্কুলের সবাই হাঁ করে ওপরের দিকে তাকিয়ে রইল। ওই দিন ছোট-বড় সবার আলোচনার বিষয় ছিল সুমনের জাদুর বেলুন। স্কুল ছুটির পর সুমনকে অনেকে ধরল, তারা সবাই সুমনের বাড়ি যাবে। বেলুনটি সত্যি সত্যিই তাদের বাড়ি গেল কি না দেখবে। প্রথমে তো প্রায় সবাই ওদের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরল। শেষ পর্যন্ত অবশ্য গেল মাত্র ১০-১২ জন।বাড়িতে পৌঁছেই সুমন তার বেলুনকে ডাকল, ‘নীলিমা।’ নীলিমা কিন্তু এল না। সুমন আবার ডাকল, ‘নীলিমা, তুমি কোথায়? তোমাকে আমার বন্ধুরা দেখতে এসেছে।’ কিন্তু নীলিমার কোনো খোঁজ নেই। সাড়াশব্দ নেই। এ কী! সুমনের মনটা খারাপ হয়ে গেল। দুঃখে তার চোখে পানি এসে যাচ্ছে প্রায়। কান্নামাখা স্বরে আবার ডাক দিল সে। ঠিক এমন সময় দেখা গেল, বাড়ির ছাদের ওপর থেকে নেমে আসছে নীলিমা। নীলিমা অমনই করে, মাঝেমধ্যে হারিয়ে যায়। অবার ফিরে আসে। সুমনের সঙ্গে কত মজার খেলাই না খেলে সে! সুমনের দিন-রাত নীলিমার সঙ্গেই কাটে। নীলিমাকে সে খুব ভালোবাসে। নীলিমাও সুমনকে খুব ভালোবাসে। সুমনের অসুখ-বিসুখ হলে নীলিমার খুব কষ্ট হয়। কিন্তু সে তা দেখাতে পারে না। সে তো আর কথা বলতে পারে না। চোখও নেই যে সে কাঁদবে। বেলুনটির কাণ্ড দেখে সুমনের বন্ধুদের মুখে কথা সরে না। তরিকুল বলল, ‘সুমন, তোর বেলুনটা আমাকে দিবি?’ অমনি অন্যরা বলে উঠল, ‘না না, আমাকে দিতে হবে।’সুমন তো নীলিমাকে কাউকেই দেবে না। সে বলল, ‘না, নীলিমাকে আমি কাউকে দেব না। এটা আমার বেলুন, আমারই থাকবে।’ বন্ধুরা সবাই মন খারাপ করে চলে গেল সেদিন। কিন্তু নীলিমাকে পাওয়ার আশা তাদের মন থেকে গেল না।একদিন স্কুলের কয়েকজন দুষ্ট ছেলে সুমনকে বলল, ‘আজ আমরা তোর বেলুন দেখতে যাব।’ওরা যে মনে মনে একটা ফন্দি এঁটেছে, সেটা সুমন জানত না। তাই ওদের বেলুন দেখাতে বাড়ি নিয়ে গেল।একজন বলল, ‘সুমন, তোর জাদুর বেলুনটা একটু ধরতে দিবি?’সুমন নীলিমাকে কাছে ডেকে একজনের হাতে দিল। আকাশের মতো নীল বেলুনটা দেখে ওদের খুব ভালো লাগল। ভালো তো লাগবেই, এমন সুন্দর বেলুন, যেন একটা ছোট্ট আকাশ হাতের মুঠোয়! বেলুনটা হাতে নিয়ে দেখতে দেখতে সুমন কিছু বুঝে ওঠার আগেই একজন দিল দৌড়। তার পিছু পিছু সবাই। সুমনও দৌড়াল। চিৎকার করল, ‘আমার বেলুন আমাকে দিয়ে দাও।’কিন্তু কে শোনে কার কথা! বেলুনটা নিয়ে ওরা এত দ্রুত দৌড়াল, সুমন ওদের নাগালই পেল না। মন খারাপ করে বাড়ি ফিরে এল সুমন। কিন্তু তার মনটা পড়ে রইল নীলিমার কাছে। সারা রাত ঘুমাতে পারল না। মা-বাবা তাকে সান্ত্বনা দিল।ভোরবেলা বিছানা ছেড়ে ঘরের বাইরে এসে মন খারাপ করে সুমন উঠোনে দাঁড়াল। মনে মনে সে ভাবল, আজ স্কুলে যাবে না। ঘরেই বসে থাকবে। এমন সময় কে যেন এসে তার কানের মধ্যে সুড়সুড়ি দিল। ফিরে থাকাতেই সে দেখল নীলিমাকে। খুশিতে সে চিৎকার করে উঠল, নেচে উঠল, গেয়ে উঠল। নীলিমা নিশ্চয়ই কোনো কায়দা করে তার কাছে ফিরে এসেছে।একবার শরতের বিকেলে গ্রামের মাঠে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। সুমনও মাঠে গেল, তবে ঘুড়ি নিয়ে নয়, নীলিমাকে নিয়ে। নীলিমাকে দেখে সবাই ঘুড়ি ওড়ানো বন্ধ করে সুমনকে ঘিরে ধরল। নীলিমাকে যারা একবার নিয়ে গিয়েছিল, তারাও ছিল সেদিন। সবাই বলল, ‘সুমন, তোর বেলুনটা একবার ছেড়ে দে, দেখি সে কত দূর ওপরে উঠতে পারে।’ সুমন নীলিমাকে ছেড়ে দিল। আর অমনি সে ওপরে উঠে গেল একেবারে সেই মেঘের রাজ্যে।মেঘের সঙ্গে বেলুনের লুকোচুরি খেলা দেখতে দেখতে সবাই অবাক হলো। সুমন মনে মনে বলল, এবার নেমে এসো, নীলিমা। অমনি মেঘের কাছ থেকে নীলিমা মাটির কাছে চলে এল। দেখে ভীষণ হিংসা হলো দুষ্ট ছেলেগুলোর। তারা মনে মনে ভাবল, বেলুনটা নিয়ে গিয়ে কোনো কাজ নেই। আবার ফিরে আসে সুমনের কাছে। না, এবার বেলুনটা ফুটো করে দিতে হবে। যেই ভাবা সেই কাজ। তারা জোর করে বেলুনটি কেড়ে নিয়ে একটা কঞ্চি দিয়ে ফুটো করে দিল। নিমেষেই সব বাতাস বেরিয়ে গেল তার শরীর থেকে। সুমন দুঃখে কোনো কথা বলল না। সে এমন কষ্ট পেল যে কাঁদতেও পারল না। বেশি কষ্ট পেলে মানুষের কান্না বন্ধ হয়ে যায়। ধপাস করে মাটিতে বসে গেল সে। নির্বাক, নিথর হয়ে গেল। সুমনের এ অবস্থা দেখে সবাই ভয় পেয়ে মাঠ ছেড়ে চলে গেল।ভেতরটা মোচড় দিয়ে উঠল সুমনের। এমন হয়ে গেল, যেন কিছু বলার ও চলার শক্তি তার নেই। নীলিমাকে ছাড়া তার দিনগুলো সে ভাবতেই পারছে না। সুমনের দুঃখভরা বুকের নিঃশ্বাসগুলো বাতাসে ছড়িয়ে পড়ল। এমন সময় সূর্যটা পশ্চিমে হেলে পড়ে সোনালি আভা ছড়াতে লাগল। সুমনের বুকের ভেতরের কান্নাগুলো মানুষ শুনতে পেল না, তবে কেউ কেউ শুনল।পৃথিবীতে জাদুর বেলুন ছাড়া সাধারণ বেলুন যেগুলো আছে, সেগুলোও শুনেছে এই কান্না। সুমনের কান্না ওদের সহ্য হলো না। পৃথিবীতে ঘরে ঘরে যত বেলুন আছে, ওরা কেউ দরজা দিয়ে, জানালা দিয়ে, এমনকি ভেন্টিলেটর দিয়ে সবাই বেরিয়ে এল। এসে সবাই জড়ো হলো সুমনের চারপাশে। সেই সোনালি বিকেলে ওই মাঠে বেলুনের নীরব সভা হলো যেন। সুমন মাথা নিচু করে বসে ছিল। মুখ তুলে দেখে, তার চারপাশে অযুত-নিযুত বেলুন।দেখে তার নীলিমার কথা আরও বেশি করে মনে পড়ল। হাত বাড়িয়ে সে বেলুনগুলোকে আদর করল। আর ঠিক তখনই ওরা সবাই মিলে সুমনকে অনেক অনেক অনেক ওপরে, মেঘ ছাড়িয়ে দূরে, আরও দূরে একেবারে তারাদের কাছাকাছি নিয়ে গেল।[দ্য বেলুন নামের একটি নির্বাক চলচ্চিত্র অবলম্বনে]