জীবনের ঝুঁকি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তার নাম ডায়মন্ড। মানে হীরা। বাস্তবে সত্যিই যেন সে এক টুকরো হীরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন রক্ষায় সম্প্রতি পেয়েছে জাতীয় বীরের সম্মান। যার কথা বলা হচ্ছে, সে কিন্তু মানুষ নয়, একটি কুকুর।ডায়মন্ড নামের এই কুকুরটি থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হেওয়ার্ডে। ১৫ মাস বয়সী স্ত্রী-কুকুরটি ‘পিট বুল’ জাতের। এই জাতের কুকুর নাকি খুব ঝগড়াটে। কিন্তু হেওয়ার্ডের অ্যাপার্টমেন্ট ভবনে বাসরত ড্যারিল স্টিন এই মারকুটে কুকুরটিকেই পোষার জন্য বেছে নিলেন। স্টিন যে ভুল করেননি, এর প্রমাণ মিলেছে গত ২৪ অক্টোবর। ওই দিন স্টিনের বাড়িতে আগুন লাগে। ডায়মন্ড টের পেয়ে গেল। অস্থির কণ্ঠে শুরু করে দিল ঘেউ ঘেউ। এবার টনক নড়ল সবার। স্টিন তাঁর নয় বছরের মেয়ে ডারাহনেকে জানালা দিয়ে বাইরে পার করলেন, কিন্তু বড় মেয়ে সিয়েরা কোথায়?সিয়েরার বয়স ১৬। আচমকা ঘোর বিপদে বুদ্ধি হারিয়ে ফেলে সে। আগুন থেকে রক্ষা পেতে করে বসে এক বিপজ্জনক কাজ। বাবার ঘরে গিয়ে বিছানার জাজিমের তলায় লুকিয়ে পড়ে। এদিকে তারস্বরে গলা ফাটিয়ে যাচ্ছে ডায়মন্ড। এর মধ্যে খবর পেয়ে পৌঁছে গেলেন দমকলকর্মীরা। তাঁরা ডায়মন্ডকে উদ্ধার করতে গিয়ে সিয়েরার খোঁজ পান। আসলে সিয়েরার পাশে দাঁড়িয়ে কুকুরটি জানান দিচ্ছিল, মেয়েটি এখানেই আছে। সিয়েরা ও ডায়মন্ডকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তবে অক্ষত নয়, আগুনে তাদের শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। এমনকি স্টিনও অক্ষত থাকেননি।পোড়া শরীর নিয়ে স্টিন ও সিয়েরাকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে। শরীরের পোড়া অংশে অন্য অংশ থেকে চামড়া এনে জোড়া দিতে হয়। ডায়মন্ডকেও ছয় সপ্তাহ কাটাতে হয়েছে পোষা প্রাণীর একটি হাসপাতালে। অথচ আগুন থেকে খুব সহজেই রক্ষা পেতে পারত কুকুরটি, পারত সিয়েরাকে ফেলে চলে যেতে। এতে নির্ঘাত পুড়ে মরত সিয়েরা।স্টিন বলেছেন, ‘ডায়মন্ডের জন্যই আমার মেয়ে সিয়েরা রক্ষা পেয়েছে। কুকুরটি এখন আমার কাছে সব। এটি ছিল বলেই আমার মেয়েরা আর আমি বেঁচে গেছি।’জীবনের ঝুঁকি নিয়ে এই বীরত্বপূর্ণ কাজের পুরস্কার সম্প্রতি পেয়েছে ডায়মন্ড। পশুপাখির প্রতি নির্দয় আচরণ প্রতিরোধবিষয়ক সংগঠনের পক্ষ থেকে কুকুরটিকে দেওয়া হয়েছে জাতীয় বীরের সম্মান। লস অ্যাঞ্জেলেসের সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস নামের সংগঠনটির পক্ষ থেকে ডায়মন্ডকে দেওয়া হয়েছে ২৯তম বার্ষিক ‘ন্যাশনাল হিরো ডগ অ্যাওয়ার্ড’। এই পুরস্কারের মূল্যমান সাড়ে পাঁচ হাজার ডলার।শরিফুল ইসলাম ভূঁইয়া ওয়েবসাইট অবলম্বনে