জীবন্ত রংধনু
রংধনু কোথায় থাকে? সবাই চট করে বলে দেবে—কেন, আকাশে। এক পশলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পর ঝলকানো রোদ উঁকি দিলে আকাশে দেখা যায় ধনুকের মতো সাতরঙা এক সেতু। রংধনুর সেই সাত রং কিন্তু প্রকৃতির মধ্যেও ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর তা বিভিন্ন প্রাণীর গায়ে। এমন এক ‘রংধনু প্রাণী’ স্কারলেট ম্যাকো। ম্যাকো তোতার জাতভাই। এই ম্যাকোরই রয়েছে ১৭টি প্রজাতি। এর একটি হচ্ছে ‘স্কারলেট ম্যাকো’। ওদের গোটা শরীর নানা রঙে রঙিন। বৃষ্টিবনে থাকতে পছন্দ করে স্কারলেট ম্যাকো। ওড়ায় খুব পটু ওরা। ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিতে উড়তে পারে। মজবুত ঠোঁট দিয়ে ওরা শক্ত খোসার ফল ভেঙে খেতে পারে। শিকারির খপ্পরে না পড়লে একটি স্কারলেট ম্যাকো ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। আরেক ‘রংধনু প্রাণী’ বুলহেড প্যারটফিশ। সামুদ্রিক এই মাছটি লম্বায় ৪০ সেন্টিমিটারের মতো হয়ে থাকে। ওদের পুরো শরীরে রয়েছে রঙের বাহার। মাথার আদল বুলেটের মাথার মতো বলে নাম হয়েছে ‘বুলেটহেড’। এ পর্যন্ত ৯০ প্রজাতির প্যারটফিশের সন্ধান পাওয়া গেছে। মাছগুলো হাঁ মেলে যখন দাঁত বের করে, মুখের মধ্যে তোতাপাখির ঠোঁটের আদল ফোটে। এ জন্য ওরা প্যারটফিশ বলে পরিচিত। বুলেটহেড প্যারটফিশ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় প্রবাল প্রাচীরের অগভীর পানিতে বাস করে। দিনের বেলায় ওরা খাবার খুঁজে বেড়ায়। প্রবালের পাথর চিবোনোর মতো শক্ত দাঁত রয়েছে ওদের। এসব পাথর পিষে নির্যাস খেয়ে বাকি অংশ ওরা বালুকণা আকারে বের করে দেয়। এসব বালুকণা দ্বীপ গড়ে তুলতে সহায়তা করে। একটি প্যারটফিশ এক বছরে ৯০ কেজি পর্যন্ত বালুকণা বের করে থাকে। ওরা আমাদের আয়োডিনের উৎস সামুদ্রিক শৈবাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতে প্রবাল প্রাচীরের ফাটলে পড়ে থাকে প্যারটফিশ। এ সময় শিকারিরা যাতে ওদের গন্ধ না পায়, এ জন্য স্বচ্ছ জেলির মতো এক ধরনের আবরণ দিয়ে পুরো শরীর ঢেকে রাখে। রংধনুর ছিটেফোঁটা রয়েছে ‘লালচোখ’ গেছোব্যাঙের গায়েও। সুন্দর এই সবুজ ব্যাঙের চোখ আর পাতা টকটকে লাল। আত্মরক্ষায় বেশ কাজ দেয় এই রং। যখন এই ব্যাঙটি বিশ্রাম নেওয়া অবস্থায় থাকে। তখন এটি চোখ বুজে রাখে। গুটিয়ে রাখে পায়ের পাতা। এতে লাল রং ঢাকা পড়ে যায়। এ সময় সবুজ পাতার মধ্যে ওদের অস্তিত্ব টের পাওয়া দায়। এর পরও যদি অপ্রিয় কারও আগমন ঘটে, অমনি এই গেছোব্যাঙটি চোখ মেলে তাকায়। পায়ের পাতা মেলে ধরে। তখন এই লাল রং দেখে ঘাবড়ে যায় অনাহূতেরা। ভাবে—বাপ রে, এটা আবার কী! এই তাক লাগানো ঘোরের মধ্যে পগার পায় হয় লালচোখ গেছোব্যাঙ।সাগরতলে বিচরণকারী ‘সিংহকেশর জেলিফিশ’ বলে পরিচিত এক ধরনের জেলিফিশের মধ্যেও রয়েছে রংধনুর বর্ণালি ছটা। আর ‘পিকক ম্যান্টিস শ্রিম্প’ বলে পরিচিত সামুদ্রিক চিংড়ি তো রঙের বাহারে আরেক কাঠি ওপরে। ওদের ডিমও রক্তরাঙা লাল! শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক