জুরাইনের বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনের মা মিষ্টান্ন ভান্ডারের সামনে চিলতে জায়গায় চাপাচাপি করে দাঁড়িয়ে আছি আমি ভোম্বল, বরিশালের সাগর আর ইগলু। আমাদের স্কুলের ফাইনাল পরীক্ষা শেষের পথে, আর মাত্র সাড়ে চার দিন বাকি। পরীক্ষার পর সময় কীভাবে কাটাব, তা ভাবছি আর ঘামছি। তার পরও ভেবে কোনো কূলকিনারা পাচ্ছিলাম না। কেবল অকূল দরিয়ার মধ্যে সাঁতার কাটছিলাম, তখন আমাদের সাগর একটা ঝাক্কাস প্রস্তাব দেয়—চল, আমাদের বরিশাল থেকে বেড়িয়ে আসি!বরিশাল? তোদের বরিশালে গেলে নদীতে সাঁতার কাটতে পারব তো? গাছে উঠে আম খেতে পারব তো? আর মাছ ধরতে পারব? একসঙ্গে অনেক প্রশ্ন করে ইগলু।সাগর তেত্রিশ দাঁত বের করে হাসে—নদীতে সাঁতার কাটতে পারবি, মাছও ধরতে পারবি, কিন্তু আম খেতে পারবি না।ইগলুর চোখ কপালে—কেন?কারণ, এখন প্রায় শীতকাল। এই সময়ে গাছে আমের মুকুল আসে মাত্র—আমি মুচকি মুচকি হাসি। ইগলু এক চিমটির মতো লজ্জা পায়। মুখটা অন্যদিকে ঘুরিয়ে খুব সিরিয়াস একটা ভাব নিয়ে তাকিয়ে থাকে। যেন এই তাকিয়ে থাকাটা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। না তাকিয়ে থাকলে ফাইনাল পরীক্ষায় নির্ঘাত্ ফেল মারবে।আরও একট কাজ করা যায়—আমি ধীরে ধীরে বলি।কী কাজ? জানতে চায় সাগর।সুন্দরবন যাওয়া যায়।সুন্দরবন! লাফিয়ে ওঠে ইগলু— বরিশালের চেয়ে সুন্দরবনে যাওয়া অনেক ভালো। পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বন—আর আছে দ্য রয়েল বেঙ্গল টাইগার। কেবল ডিসকভারি আর ন্যাশনাল জিওগ্রাফিতে দেখি বাঘ সাহেবদের রাজকীয় জীবনযাপন আর সাহসী শিকারের কৌশল। সেই বাঘ সাহেবদের যদি একবার সামনাসামনি দেখতে পারি—ইগলুর চোখজোড়া চকচক করে ওঠে।সুন্দরবনে যে যাবি—কীভাবে যাবি? কার কাছে থাকবি? ইগলুর সামনে বাধার প্রাচীর তোলে সাগর— সুন্দরবন কি মুখের কথা!সুন্দরবনে আমার বড় চাচা আছেন— আমি বলি।তাই নাকি রে? আমার পাশ ঘেঁষে দাঁড়ায় ইগলু।হ্যাঁ, বড় চাচা ফরেস্ট অফিসার।উত্তম প্রস্তাব—আমরা সুন্দরবনে যাব। কিন্তু কে নিয়ে যাবে আমাদের? তা ছাড়া বাসা থেকে কি যেতে দেবে? প্রশ্ন সাগরের।কেন? আমাদের পাতলাদা আছে না—ইগলুর মুখের কথা শেষ হতে পারে না, আমরা দূর থেকে প্রবল একটা হইচইয়ের শব্দ শুনতে পেলাম। অজস্র মানুষের কোলাহল দ্রুত এগিয়ে আসছে।আগুনটাগুন লাগল নাকি—আকাশপানে চোখ রেখে আপন মনে কথা বলে সাগর।কিন্তু জুরাইনের আকাশের কোথাও একরত্তি আগুন কিংবা এক ছটাক পরিমাণ ধোঁয়ার দেখা পাই না। তাহলে? আমরা মা মিষ্টান্ন ভান্ডারের চিপাগলি থেকে সামনের বড় রাস্তায় আসি। শোরগোলের ওদিক থেকে রিকশা, গাড়ি দ্রুত ছুটে আসছে। আরোহী চালকেরা পড়িমরি করে সামনের দিকে ছুটছে। ছুটতে ছুটতে একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে উল্টে পড়ছে। তার পরও তারা ছুটছে।আমরা আরও একটু সামনে এগিয়ে দেখি, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে মানুষ—ছোট মানুষ, বড় মানুষ, নারী মানুষ, শিশু মানুষ মৌমাছির মতো রাস্তার ওপর দৌড়াচ্ছে; না, উড়ে উড়ে আসছে। আর সবার সামনে আমাদের পাতলাদা—তার সেই বিখ্যাত বখতিয়ার খিলজি-মার্কা দশাসই শরীরখানা নিয়ে সিংহনাদে আসছে, আর মুখ থেকে বা বা করে কী যেন বলছে। আর প্রতি সেকেন্ডে তিনবার পিছন ফিরে তাকাচ্ছে। এমন ভীতিকর অবস্থায় পাতলাদাকে কখনো দেখিনি। আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের ভাবনার মধ্যে দৌড় দলটি এক্কেবারে কাছে এসে পড়ে। আর আমরা অবাক হয়ে শুনি, পাতলাদা বাঘ আসছে, বা...আ...ঘ আসছে বলতে বলতে সামনের দিকে বিপুল বিক্রমে দৌড়ে আসছে।সুন্দরবনের বাঘ ঢাকা শহরের জুরাইনে? ব্যাপারটা পিঁপড়ায় একটি নদীর পানি খেয়ে ফেলার মতো অবিশ্বাস্য মনে হচ্ছে না?সাগর তাকায় আমার দিকে—পাতলাদা কী বলছে?বলছে তো বাঘ আসছে, বাঘ আসছে...আমার পেটের ভেতরে লুকিয়ে থাকা অম্বলের ব্যথাটা আবার হামাগুড়ি দিতে শুরু করেছে। পাতলাদা তিন কিলোমিটার বেগে হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে উপস্থিত। আমাদের দেখে দৌড়ে সামান্য বিরতি নিয়ে দাঁত-মুখ খিচিয়ে বলে, এখনো দাঁড়িয়ে আছিস? দৌড়া—দৌড়ে কোথায় যাব? জানতে চায় ইগলু।যেদিকে পারিস পালা। শুনতে পাচ্ছিস না—বাঘ আসছে...পাতলাদা আবার দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে পাতলাদা বলে—বাঘের সামনে পড়লে তেল নুন ছাড়াই খেয়ে ফেলবে। পালা তাড়াতাড়ি—পাতলাদার আর্তনাদ আর শোনা গেল না।পাতলাদার পেছনে পেছনে আরও হাজার কয়েক মানুষকে ভীতসন্ত্রস্ত হয়ে দৌড়াতে দেখে আর স্থির থাকতে পারলাম না। দৌড়াতে শুরু করলাম। হৈ-হুল্লোড়ের মধ্যে আমরা প্রায় পিষে যাচ্ছিলাম। কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাত্ আমার কাঁধ খামচে ঘুরে দাঁড়ায় সাগর। ওর চোখে-মুখে কেমন এক কৌতুক! আমার চোখ ডিমভরা।কী হয়েছে? আমি খেঁকিয়ে উঠি। এখানে অপেক্ষা করে বাঘের পেটে যাব নাকি? আমি ঝাটকা মেরে সাগরের হাত সরাই। লোকজন সবাই দৌড়ে পগারপার। ভয়ে আমার হাত-পা মাথার চুল কাঁপছে। পেছনে তাকিয়ে দেখি—একটা লোকও নেই। পরিষ্কার রাস্তা ধরে বাঘ ছুটে আসবে তীরের মতো—আমি আবার দৌড়ের চেষ্টা করতেই সাগর এবার আমার নতুন জামার কলার টেনে ধরে—শোন, ভোমলা শোন—পরে শুনব, আগে তুই ছাড় আমাকে— আমি ওর কবল থেকে ছোটার জন্য দুই হাত দুই পায়ে বেজায় চেষ্টা করছি। কিন্তু পারছি না। তাহলে বাঘের পেটেই যেতে হবে? বুক ফেটে কান্না আসছে আমার।শোন, আমার মনে হয়, বাঘটাক কিছু নেই—সাগর আমাকে অভয় দেওয়ার চেষ্টা করছে।সবাই যে দৌড়ে পালাচ্ছে? তুই আমাকে ছাড়। আগে পালাই, পরে কথা।সাগর আমার একটা হাত কঠিনভাবে ধরে গলা বাড়ায় খালি রাস্তার দিকে— ভোমলা দ্যাখ, রাস্তার কোথাও কিচ্ছু নাই। বাঘ তো ভালো, টাগও নাই।ভয়ে ভয়ে আমিও তাকাই পেছনে রেখে আসা রাস্তার দিকে—এক্কেবারে ফকফকা রাস্তা। কোথাও একটা বিড়াল কিংবা কুকুর বা কোনো প্রাণীও দেখা যাচ্ছে না। কিন্তু ভয় আমার যায় না। পাশের গলি থেকে ইগলু বের হয়ে সামনে আসে—তোরা এখানে কী করছিস?দাঁত বের করে সাগর—দেখছিস না, কুস্তি লড়ছি।চারদিকে বাঘের হুঙ্কার, আর তোরা লড়ছিস কুস্তি? ইগলুর চোখ কপালে।বাঘ বাঘ যে করছিস, বাঘের কোন পা দেখেছিস?কান খোঁচাতে শুরু করে ইগলু—না তো!তাহলে ছাগলের মতো দৌড়াচ্ছিস কেন?পাতলাদা বলল যে বিরাট বাঘ আসছে। পাতলাদা নিজেও দৌড়ে পালাল চোখের সামনে দিয়ে।ঢাকা শহরের জুরাইন এলাকা থেকে সুন্দরবনের দূরত্ব কত কিলোমিটার?তা ধর তিন-চার শ কিলোমিটার তো হবেই।সাগর এরই মধ্যে আমার কাঁধ ছেড়ে দিয়েছে। আমি কাঁধ ডলছি।ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত খাল-বিল, নদী আছে কত? ইগলুর জবাবের আগেই জবাব দেয় সাগর—ধর শখানেক। সেই শখানেক খাল-বিল, নদী পার হয়ে বাঘ আসবে জুরাইনে তোদের সঙ্গে মা মিষ্টান্ন ভান্ডারে বসে সুরুত্ সুরুত্ মিষ্টির ঝোল খেতে?পাতলাদা যে—কোত্ করে ওঠে ইগলু। আমার মনে হয়, পাতলাদার কোনো ঝামেলা হয়েছে।এতক্ষণে আমার বুকে ইঞ্চিখানেক সাহস ফিরে আসে—চল, পাতলাদার কাছে যাই। জিজ্ঞেস করি, জুরাইনের লোকদের ঝোল খাওয়ানোর মানে কী?চল—সাগরের পেছনে আমরা ছুটি। কিন্তু পাতলাদাকে কোথাও খুঁজে পাই না। পাতলাদা কোথ্থাও নেই। প্রায় সাড়ে আঠারো দিনের মাথায় পাতলাদা মা মিষ্টান্ন ভান্ডারে হাজির হয়ে আমাদের খবর পাঠায়। আমরা পড়িমরি করে ছুটে আসি। পাতলাদা গম্ভীর মুখে বসে আছে। আমাদের মিষ্টি খেতে দেয়। আমরা খাই। পাতলাদা পরপর পৌনে নয় গ্লাস পানি খেয়ে তাকায় আমাদের দিকে—আমি সেদিন তোদের একটা ঘোল খাইয়েছি না!আলবত্ খাইয়েছ। কিন্তু কেন?ওরে, আমাদের পাশের বাসায় গ্রাম থেকে মেহমান এসেছিল কয়েকজন। তারা কোনো দিন টিভি দেখেনি। তাদের গ্রামে কারেন্টও নেই। তো টিভির ডিসকভারি চ্যানেলে তারা দেখছিল আফ্রিকার গভীর অরণ্যে দল বেঁধে বাঘেরা হরিণ শিকার করার জন্য টর্নেডো গতিতে ছুটছে মুখের লালা ঝরাতে ঝরাতে। তখন সেই লোকগুলো ভাবে—বাঘগুলো তাদের দিকে ছুটে আসছে, ওদের খাবে। মুহূর্তের মধ্যে তারা বাঘ আসছে, বাঘ আসছে...চিত্কার দিতে দিতে রাস্তায় নেমে আসে। আমি তখন সরষের তেলে মুড়ি মেখে খাচ্ছিলাম। তাদের চিত্কার শুনে রাস্তায় এসে দেখি, শত শত লোক দৌড়ে পালাচ্ছে। তারা দৌড়াচ্ছে আর চিত্কার করে বলছে—বাঘ আসছে, বাঘ আসছে। পাতলাদা একটু বিরতি নেয়। ওই রকম ভীমনাদে চিত্কার করতে করতে শত শত লোক দৌড়াতে শুরু করলে তুই কী করতি? পাতলাদা অনেকটা দার্শনিকের ঢংয়ে বলে—সেদিনের ঘটনায় আমি একটা জিনিস বুঝতে পেরেছি রে, ভোমলা—কি জিনিস বুঝেছ?আগপিছ না ভেবে লোকের কথায় দৌড়ালে এমনই হয় রে...পাতলাদার গলায় কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব।সবই তো বুঝলাম। তা এতদিন কোথায় ডুব মেরে ছিলে? জানতে চায় ইগলু।মামাবাড়ি গিয়েছিলাম।কেন?লজ্জায় মুখ লুকোতে।