জৈত্রীর স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার পেতে কার না ভালো লাগে! আর তা যদি হয় খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে? তাহলে তো সোনায় সোহাগা! ঠিক তাই। আর এই সৌভাগ্য হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত জৈত্রী সুমাইয়া আলমের। সে আউটস্ট্যাডিং অ্যাকাডেমিক একসিলেন্স-২০১২ পেয়েছে। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এডুকেশন প্রোগ্রামের একটি পুরস্কার। পুরস্কারটি এলেমেনটারি স্কুল শেষ করলে (সিক্স গ্রেড) দেওয়া হয়। শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে, তাদের দেওয়া হয়। প্রতিটি এলিমেনটারি স্কুলেই এই পুরস্কার দেওয়া হয়। তবে সবাই পায় না। এর জন্য সর্বোচ্চ নম্বর পেতে হয়। জৈত্রী যুক্তরাষ্ট্রের ক্যানসাস শহরের ওয়েস্টসাইড মিডল স্কুলের সেভেন গ্রেডের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে। জৈত্রীর বাবা শেখ মোহাম্মদ খোরশেদ আলম ও মা নীরু নাজমুন জামান। দুজনেই ডাক্তার।এ রকম একটা সনদ পাওয়ার অনুভূতি কেমন, জানতে চেয়েছিলাম জৈত্রীর কাছে।পুরস্কার পাওয়ার উচ্ছ্বাসটা এখনো রয়ে গেছে ওর কণ্ঠে। বলে, ‘আসলে আমি এই অ্যাওয়ার্ড পাব, ভাবিনি। পরে রেজাল্টের পর দেখলাম, আমি সব কটি বিষয়ে ৯৮ শতাংশ নম্বর পেয়েছি। তখন একটা প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছিল। আর পেলামও।’প্রশ্ন করি,‘তুমি কি আর কোনো পুরস্কার পেয়েছ?‘যুক্তরাষ্ট্রে একটা প্রোগ্রাম আছে, একসিলেন্স ইজ ইয়ুথ, গিফটেড চাইল্ড প্রোগ্রাম। এটা বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের দেওয়া হয়। আমি এবার সেই দলেও অন্তর্ভুক্ত হয়েছি।’ বর্তমানে জৈত্রী মিডল স্কুলে সেভেন গ্রেডে পড়ছে। শুধু লেখাপড়াই জৈত্রীর ধ্যানজ্ঞান নয়। অন্যান্য বিষয়েও রয়েছে তার সমান দক্ষতা। সে বিভিন্ন অঙ্ক আর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিয়েছে। জৈত্রী কবিতা লিখতে ভালোবাসে। এর জন্য স্বীকৃতিও মিলেছে। প্রশ্ন করেছিলাম, ‘বড় হয়ে তুমি কী হতে চাও?‘সাংবাদিক হতে চাই। সিএনএন চ্যানেলের প্রতিবেদনগুলো দেখে শিখতে চেষ্টা করি। আর বড় হয়ে আমি সাংবাদিকতা বা আইন নিয়ে পড়তে চাই।’তোমার মাতৃভূমি নিয়ে তোমার অনুভূতি কেমন?‘আমি বাংলাদেশকে খুব বেশি অনুভব করি। ভালোবাসি। কেন, তা জানি না। বাংলাদেশে আসার আগে মায়ের কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিই যে আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামের সবুজ মাঠ, টিনের বাড়ি, উঠোন—এগুলো খুব টানে আমায়। আমার পরিকল্পনা রয়েছে, এবার বাংলাদেশে গিয়ে আমার গ্রামের শিশুদের জন্য কিছু একটা করব। যাতে ওদের খানিকটা হলেও দুঃখ দূর হয়।জৈত্রীর কৃতিত্ব সম্পর্কে ওর মা নীরু নাজমুন জামান জানান, ‘আমি মনে করি, এই সাফল্য জৈত্রীকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। ও অনেক বড় হবে। আর ওকে আমরা সবসময় বাংলাদেশের গল্প বলি। তাই ও দূরে থাকলেও দেশকে ভুলে থাকে না।’তো, বন্ধু, তুমিও পড়ালেখাটা মন দিয়ে করো। বলা তো যায় না, ভবিষ্যতে হয়তো তুমিও পেতে পারো এমন অনেক স্বীকৃতি! গোল্লাছুট প্রতিবেদক