জোছনায় ভূত দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঘ্রান এলে আমার যারপরনাই আনন্দ হয়। ভেতরে ভেতরে উৎফুল্লই হয়ে উঠি রীতিমতো। কারণ এ সময় রোদের ঝাঁজ কমে যায়। প্রকৃতি হয়ে ওঠে কোমল। এ কোমলতা পথ হাঁটার জন্য খুবই দরকার। আর মাইলের পর মাইল হেঁটে প্রকৃতির রূপসুধা পান করা আমার মজ্জাগত শখ। দিনের বেলায় তো বটেই, রাত-বিরাতেও অনেক সময় বেরিয়ে পড়ি পথে হাঁটার জন্য। বিশেষত জোছনা রাতে ঘরে বসে থাকতে পারিনে আদতেই। পারবই বা কেমন করে? এ সময় তো চরাচর পরিণত হয় রূপকথার রাজ্যে। ধানখেতকে মনে হয় তেপান্তরের মাঠ। এ মাঠ আর জোছনা আমাকে ভীষণ টানে। তাই পথে বেরিয়ে পড়ি কাউকে সঙ্গে নিয়ে কিংবা শুধুই একা। সঙ্গী থাকলে নির্ভয়ে হাঁটা যায়। গল্প করেও প্রচুর আনন্দ হয়। একা একা হাঁটতে গেলে নির্জন মেঠোপথে একটু ভয় লাগে। দুবার কিন্তু সত্যি সত্যি ভয় পেয়েওছিলাম। সে কাহিনিই শোনাচ্ছি তোমাদের।কয়েক বছর আগের কথা। তখন সবেমাত্র অঘ্রানের শুরু। শীত জেঁকে বসেনি। তবে গরমও নেই। মাঠে মাঠে সোনালি ধানের সমারোহ। হাঁটতে গেলে ধানের গন্ধ নাকে এসে লাগে। সেদিন সন্ধ্যায় পুব আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। স্কুলের কাঁসার ঘণ্টার মতো গোল চাঁদ। দেখতে দেখতে সেটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে সোনার থালার রূপ ধারণ করল। আমগাছের ডালপালার ফাঁক দিয়ে ঝলমলে চাঁদটা চোখে পড়ছে। আমি যথারীতি পথে বেরোলাম। দোকানপাট, লোকজন, রিকশা-টেম্পো—এসব এড়িয়ে সামনে এগিয়ে গেলাম। এখানে পথের দুই পাশে ধু ধু মাঠ। মাঠের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ। পথের ধারে কোথাও খেজুরগাছ, কোথাও তাল। চারদিকে সুনসান নীরবতা। মাঝেমধ্যে টিটি পাখির ডাকে সে নীরবতা ভেঙে খানখান হচ্ছে। পর মুহূর্তে আবার জমাট বাঁধছে। চাতক পাখির মতো দুই চোখ ভরে জোছনা পান করতে করতে আমি হেঁটেই যাচ্ছি। এভাবে মাইল খানেক হাঁটলামও। কিন্তু পথে কোথাও কাউকে দেখতে পেলাম না। এ জনমানবশূন্যতায় নিজেকে বড় অসহায় বোধ হলো। ভয় এসে জায়গা করে নিল মনের কোণে। কিছুক্ষণ পর একটি মুলিবাঁশের সাঁকো পেরোলাম। এর পরই পথের ধারে একটি বিশাল বটবৃক্ষ। লোকে বলে, বট-অশ্বত্থগাছে নাকি ভূতেরা আস্তানা গাড়ে। তাই রাতের বেলা এ রকম বড়সড় মহীরুহের পাশ দিয়ে যেতে গা ছমছম করে। তবু সাহসে ভর করে হাঁটতে লাগলাম। সামনে পাহাড়ের মতো উঁচু পাড়অলা একটি দিঘি। দিঘির পানি স্থির। মনে হচ্ছে, বিশাল একটি আয়না। প্রতি পাড়ে দু-একটি করে তালগাছ। আমগাছও আছে কয়েকটি ছড়িয়ে-ছিটিয়ে। দিঘির পাড় ঘেঁষে পথ। দক্ষিণ-পশ্চিম কোণে গিয়ে পথটা আবার উত্তর দিকে বাঁক নিয়েছে। উঁচু পাড়ের জন্য ওদিকের পথটা চোখে পড়ে না। আমি বাঁক পেরিয়ে উত্তরমুখী হওয়ামাত্র একটি দৃশ্য দেখে আমার চক্ষু হলো স্থির। দেখলাম, একটা সাদা ঘোড়ার পিঠে চড়ে কে একজন এগিয়ে আসছে এদিকে। রীতিমতো ঘাবড়ে গেলাম। কারণ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর রেওয়াজ এখন নেই। এ তল্লাটে এযাবৎ আমি কখনো দেখিনি। দেখবই বা কেমন করে। এখন যে পুরোপুরি আধুনিক কাল। গ্রামপথেও চলাচল করে টেম্পো, মোটরবাইক, রিকশা, সাইকেল—এসব। ঘোড়ার কথা তো মানুষ একপ্রকার ভুলতেই বসেছে। এই প্রভুভক্ত প্রাণীটিকে এখন কেবল রূপকথাতেই খুঁজে পাওয়া যায়। আর মাঝেমধ্যে দেখতে পাই টিভিতে। তাই ধরে নিলাম, এ কোনো বদমাশ ভূতের কাণ্ড। ঘোড়সওয়ারি হয়ে আমাকে বোকা বানাচ্ছে। এরপর সুযোগ বুঝে ঝাঁ করে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। ঘাড় মটকে দিয়ে পথের ওপর ফেলে রেখে যাবে আমাকে। এটা ভাবতেই বুক ঢিপঢিপ করতে লাগল। খাড়া হয়ে উঠল গায়ের সব লোম। ভাবছি দৌড়ে পালাই। কিন্তু পালাব কোথায়? একদিকে দিঘি, অন্যদিকে শুধুই ধানখেত। এখানকার সব জায়গাও আমি ভালো করে চিনি না। আর পালিয়েও কি নিস্তার আছে? ও যদি পিছু পিছু ধাওয়া করে আমাকে। ভূতের সঙ্গে তো দৌড়ের পাল্লায় পারব না। ও বিদ্যুৎ-গতিতে দৌড়ে জাপটে ধরবে আমাকে। কিন্তু বাঁচার আর কোনো উপায়ও মাথায় আসছে না। এদিকে ঘোড়সওয়ারি একেবারে কাছেই এসে পড়ল। ভয়ের জগদ্দল পাথর তখন চেপে বসেছে আমার বুকে। মনে হচ্ছে, এখনই ভিরমি খেয়ে পড়ে যাব। তবু নিজেকে সামলে নিয়ে পা চালাচ্ছি কোনোমতে।এবার ঘোড়সওয়ারি আর আমি একেবারে মুখোমুখি। মনে হলো, এটিই চূড়ান্ত মুহূর্ত। এখনই ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। সারা শরীর একবার শিরশির করে উঠল। চক্কর দিয়ে উঠল মাথাটা। কিন্তু আশ্চর্য, সওয়ারি কিছুই করল না। পাশ কেটে চলে গেল। যাওয়ার সময় ভয়ে ভয়ে আড়চোখে তাকালাম তার দিকে। দেখলাম, সাদা হাফ শার্ট আর সাদা লুঙ্গি পরা মাঝবয়সী একটা লোক। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। নিশ্চিন্তে বসে আছে জিনের ওপর লাগাম ধরে। আর ঘোড়াটা দুলকি চালে এগিয়ে চলেছে কেশর দুলিয়ে।আমি কয়েক কদম ফেলে আবার পেছন ফিরে তাকালাম। কারণ ভূতকে বিশ্বাস করা যায় না। পেছন দিক দিয়ে চুপিচুপি এসে ঘাড় মটকানোই ওদের স্বভাব। কিন্তু সে রকম কোনো উদ্যোগ-আয়োজন চোখে পড়ল না। দেখলাম, আগের মতোই মূর্তির মতো বসে আছে লোকটা ঘোড়ার পিঠে। আর প্রভুভক্ত ঘোড়াটা পূর্ববৎ দুলকি চালে এগিয়ে চলেছে। চলতে চলতে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল।তবুও ঘোড়সওয়ারি মানুষ, না ভূত—এ আমি নিশ্চিত হতে পারলাম না কিছুতেই। কেবল মনে হচ্ছে, ও আবার আসতেই পারে। প্রথমবার হয়তো মহড়া দিয়ে গেল। দ্বিতীয়বার এসে সত্যি সত্যি ঘাড় মটকাবে। তাই দ্রুত পা চালালাম। কে আবার এ রকম নিস্তব্ধ রাতে জনমানবশূন্য পথের ওপর ভূতের হাতে বেঘোরে প্রাণ হারাতে চায়?