জ্ঞানের দুনিয়া
দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ছোটদের বাংলাপিডিয়া। ‘বাংলাদেশ ও বিশ্ব’ শিরোনামে প্রথম খণ্ডে রয়েছে বাংলাদেশের পরিচিতি। রয়েছে এ দেশের প্রকৃতি, মানুষ, জীব-জগৎ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য এবং বিশ্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য, যাতে উপস্থাপন করা হয়েছে পৃথিবীর সব মহাদেশ ও দেশ সম্পর্কিত মৌলিক তথ্য, গুরুত্বপূর্ণ শহর-বন্দর, প্রকৃতি ও মানুষের বিস্ময়কর কিছু সৃষ্টির সংক্ষিপ্ত রূপ।‘বিজ্ঞান ও প্রযুক্তি’ শিরোনামে দ্বিতীয় খণ্ডে রয়েছে আকর্ষণীয় নানা বিষয়। সভ্যতার কয়েক হাজার বছরের ইতিহাসে বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষের বিস্ময়কর অগ্রগতি। প্রাকৃতিক পরিবেশ ও জীব-জগৎ সম্পর্কে বিচিত্র তথ্য। বিশ্বখ্যাত কিছু বিজ্ঞানীর জীবন ও অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।ছোটদের বাংলাপিডিয়ার আকর্ষণীয় দিক হলো: এটি আগাগোড়া চার রঙে ছাপা, এর পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে প্রাসঙ্গিক সব ছবি, মানচিত্র, নকশা প্রভৃতি সব উপাদান, যা পাঠরুচির জন্য তৃপ্তিদায়ক, মনোমুগ্ধকর এবং সহজে কিছু বিষয় বোঝার জন্য যথেষ্ট সহায়ক। বইটির প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম মনে করেন, বিষয়বিন্যাস, ভাষাশিল্প ও কলাকৌশলের নিরিখে এবং প্রকাশনার মানের দিক থেকে ছোটদের বাংলাপিডিয়াকে বলা যায় বাংলাদেশে প্রকাশিত সর্বপ্রথম বিশ্বমানের ছোটদের জ্ঞানকোষ। সত্যি সত্যি এই বই ছোটদের কাছে জ্ঞানের বিশাল ভান্ডার খুলে দিয়েছে। কৌতূহল পূরণে ও চটজলদি কোনো বিষয় সম্পর্কে জানার ক্ষেত্রে যার কোনো জুড়ি নেই। উদাহরণ হিসেবে দেওয়া যায়, গ্রীষ্মনিদ্র্রার কথা। শীতনিদ্রার কথা অনেকেই জানে, কিন্তু গ্রীষ্মনিদ্রার কথা কি জানা? জানার সুযোগ রয়েছে আলোচ্য বইয়ে।বইটি সম্পর্কে যথার্থই বলেছেন সম্পাদক অধ্যাপক আহমেদ আবদুল্লাহ জামাল: ছোটদের বাংলাপিডিয়া মূলত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী করে রচিত হলেও উপরের শ্রেণীর ছেলেমেয়েরাও এতে উপকৃত হবে। আমাদের বিশ্বাস, ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও এর সমাদর করবেন।কোষগ্রন্থ তৈরি হয় সবার চাহিদা সামনে রেখে। ছোটদের বাংলাপিডিয়া প্রধানত ছোটদের জন্য হয়েও সবার, সব বয়সী পাঠকের এবং এই বই একের মধ্যে বহু কিছু ধারণ করেছে। ইতিহাসের বইয়ে শুধু ইতিহাস থাকে। অর্থাৎ একটি বই মূলত একটি বিষয়কে ধারণ করে। কোষগ্রন্থ এর উল্টো। তার বৈশিষ্ট্য হলো অনেক বিষয় ধারণ করা। জ্ঞানপিপাসু পাঠকের কাছে এটি অনেক বেশি আনন্দের। কেননা, ভিন্ন ভিন্ন বিষয় জানতে, তাকে ভিন্ন ভিন্ন বইয়ের কাছে যেতে হয় না। শ্রম, সময়, অর্থ, কষ্ট সবকিছুই লাঘব হয়, যদি হাতের কাছে একটি কোষগ্রন্থ থাকে। বাংলা ভাষাভাষি পাঠকের কাছে বাংলাপিডিয়া তদ্রূপ। ছোটদের বাংলাপিডিয়া এ ক্ষেত্রে ছোটদের জন্য বিশেষভাবে সহায়ক এবং বড়দের জন্যও যথোপযুক্ত।অভিধান পাঠের মতো কোষগ্রন্থেরও কিছু নিয়ম থাকে। পাঠকের জন্য নির্দেশিকা নামে এই বইয়েও তা রয়েছে। যাঁরা অভ্যস্ত, তাঁরা ছাড়াও যে কেউ খুব সহজে এটি পাঠ করে যেকোনো বিষয়ে সহজে জানতে পারবেন। অভিধান আমাদের সামনে শব্দভান্ডার উন্মোচন করে। কোষগ্রন্থ যেকোনো বিষয়ের নির্যাস তুলে ধরে। প্রত্যেকের তাই কোষগ্রন্থ পাঠ করা প্রয়োজন। এর তথ্যভান্ডার এমনভাবে বিন্যস্ত হয়েছে, পাঠমাত্রই জ্ঞান অর্জিত হবে। এবং মনে নতুন জিজ্ঞাসা ও অজানাকে জানার আগ্রহ তৈরি করবে। আমোদিত ও আলোকিত করার ক্ষেত্রে ছোটদের বাংলাপিডিয়া পাঠ করা আবশ্যক। এই বইকে বলা যায় জ্ঞানের দুনিয়া, যা পাঠ করে পাওয়া যাবে বিশ্ব পর্যটনের অপার আনন্দ।