জয়িতা তেলাপোকা ও টিকটিকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলাপোকাকে একটুও ভয় পায় না দুই বছরের পিচ্চি জয়িতা। আলমারির ফাঁক থেকে একটা তেলাপোকা মাথা বের করে ইতিউতি তাকাচ্ছিল। কেউ দেখেনি। জয়িতার চোখে পড়ে গেছে সেটা। আর তখনই বলে উঠল, ওই যে তেয়াপোকা! তেলাপোকাকে জয়িতা তেয়াপোকা বলে। মাথা নেড়ে ডাক দেয়, আয় আয়! তেয়াপোকা আয়! পাশেই খাটে শুয়ে ছিলেন মামণি। তেলাপোকাটা দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে, ইতি, কাকি, কই তোমরা, তেলাপোকাটা তাড়াও। মামণি তেলাপোকা দেখলেই এমন করেন। নিরীহ ছোট একটা পোকা, সেটাকে কেন যে এত ভয়, কেউ ভেবে পায় না। মামণির ডাকাডাকি শুনে জয়িতা কী বুঝল সে-ই জানে। সেও ডাকাডাকি শুরু করল। তবে, তার খালামণি ইতিমাকে নয়, বাড়ির কাজের বুয়া টুককুন কাকিকেও নয়। ডাকতে লাগল সেই তেলাপোকাটিকে। তেয়াপোকা, আয়...আয়! মামণি জয়িতার দিকে তাকিয়ে চোখ কটমট করে বললেন, ভালো হবে না জয়িতা। ওটাকে ডাকবে না। জয়িতা খুব মজা পেল। খাটের চিপা থেকে জড়ানো-প্যাঁচানো কতকটা কালো সুতা তুলে এনে মামণির চোখের সামনে ধরে ভয় দেখানোর ভঙ্গিতে বলতে লাগল, ও বাবা...ও বাবা। বুই...বুই...জয়িতার ‘বুই’ মানে ভয়। মামণিকে ভয় দেখানোর চেষ্টা। মামণিও কম যান না। ভয় পাওয়ার ভান করে তিনিও জড়সড় হন। চিৎকার করতে থাকেন, ও বাবা, সরাও সরাও! ভয় পেয়েছি! ভয় পেয়েছি! জয়িতার খুশি তখন দেখে কে। খুশিতে খিলখিল করে হাসতে থাকে আর হাততালি দিতে থাকে। একটু থেমে আবার বলে, ও বাবা...বুই...বুই...শুধু কি তেলাপোকা। টিকটিকি নিয়েও অনেক ফ্যাসাদ। কালো রঙের একটা পিচ্চি টিকটিকি। কোথা থেকে এসে শোয়ার ঘরের দেয়ালে চুপটি করে বসে আছে। জয়িতার নাগালের ভেতরে থাকে। নড়াচড়া নেই। পোকা ধরার তাড়া নেই। একেবারে শান্তশিষ্ট। জয়িতার চোখ গেল টিকটিকিটার দিকে। আর অমনি রেলগাড়ির হুইসেলের মতো তার কান ফাটানো চিৎকার। বেশি আনন্দ পেলে সে ওভাবেই আওয়াজ করে। মহাখুশি জয়িতা লাফাতে লাফাতে বলতে থাকে, ও বাবা...ও বাবা...টিকটিক...। জয়িতার লাফঝাঁপ দেখে খুব মজা পাচ্ছিলেন বাবা। কোনো কিছু না বলে বাবা এগিয়ে গেলেন পিচ্চি টিকটিকিটার দিকে। দেয়ালে বাঁ হাত ঠেকিয়ে ডান হাতের আঙুল দিয়ে ওর লেজের দিকে একটু নাড়া দিতেই টিকটিকিটা সোজা বাবার বাঁ হাতের তালুতে চলে এল। জয়িতা খুব মনোযোগ দিয়ে বাবার কাজকারবার দেখছিল। বাবার বাঁ হাতের তালুতে পিচ্চি টিকটিকিটাকে দেখে সাহস বেড়ে গেল তার। এবার জোর দাবি, নেব, নেব। টিকটিক নেব। বাবা দাও। টিকটিক দাও। বাবা বললেন, হাত পাতো। টিকটিকি দিই।একটুও ভয় নেই। ভাবনাচিন্তা নেই। দিব্যি হাত বাড়িয়ে দেয় জয়িতা। বলে, নেব, টিকটিক নেব। জয়িতার মেলে ধরা হাতে বাবা টিকটিকিটাকে নামিয়ে দিতেই এই প্রথম সেটা নড়ে উঠল। যেই না টিকটিকিটা নড়েছে, অমনি জয়িতার চিৎকার শোনে কে! ও বাবা...ও বাবা...বুই...বুই...।একই সঙ্গে আচমকা হাতটা ঝাড়া দিতেই পিচ্চি টিকটিকিটা ছিটকে পড়ল মেঝেতে। তারপর তিরতির করে একেবারে আলমারির তলায়। জয়িতা তখনো চিল্লাচ্ছে, ও বাবা...ও বাবা...বুই...বুই...।বাবা বললেন, চলো জয়িতা, ল...ক্ষ্মী মামণি। ঘুরতে যাই। তোমাকে চকলেট কিনে দেব। কাজ হলো তাতে। জয়িতা হাত দুটি মেলে বাবার দিকে তাকিয়ে বলল, কোনে নেও...কোনে...বাবা জয়িতাকে কোলে তুলে নিলেন। মা বললেন, যাও, জয়িতাকে একটু ঘুরিয়ে আনো। জয়িতার মুখে তখন একটাই কথা, চকেট...চকেট। বাবা দেরি না করে জয়িতাকে নিয়ে বের হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ঘুরেফিরে দুই হাতে দুটি চকলেট নিয়ে জয়িতা ঘরে ফিরেছে। বাবা মামণিকে বললেন, উফ্, অনেক ঘুরেছে তোমার মেয়ে। বাবারে বাবা, কত কথা! এতটুকু সময় মুখ বন্ধ নেই। মামণি জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কী সোনাপাখি? জয়িতার জবাব, চকেট। কয়টা চকেট মা? জয়িতার জবাব, তিনটা। তিন পর্যন্ত গুনতে পারে জয়িতা। যে কয়টাই হোক, জয়িতা বলে তিনটা। মামণি শুধরে দিতে চান, তোমার হাতে তো দুইটা। আরেকটা কই? জয়িতার মুখে এক কথা, তিনটা। ঠিক সে সময় ঝনঝন করে বেজে উঠল বাড়ির টেলিফোনটা। বাবা রিসিভারটা তুলতেই ওপাশ থেকে জয়িতার বড় ভাইয়া জয়ের গলা। ফোন করেছে আমেরিকা থেকে। জয়িতা ডাকে বল বাইয়া। মানে বড় ভাইয়া। বাবা বললেন, হ্যালো, জয়। : হ্যাঁ। আপনারা কেমন আছেন? : ভালো বাবা, ভালো আছি। : জয়িতা কী করে? : এই তো আমার কাছেই। : ওকে দেন। ওর সঙ্গে একটু কথা বলি। : বেশ তো। বাবা জয়িতাকে বলেন, জয়িতা মামণি, আমেরিকা থেকে তোমার ভাইয়া ফোন করেছে। রিসিভারটা জয়িতার কানে লাগিয়ে ধরে থাকেন বাবা। জয়িতা মুখ খুলল, বাইয়া...ওপাশে জয় ভাইয়া কী বলছে বোঝা গেল না। জয়িতা বলছে, বাইয়া। চকেট...আনো। তুমি...আমি...আবো। জয়িতার ‘আবো’ মানে খাবো। ওপাশ থেকে জয় ভাইয়া তার পিচ্চি বোনকে কী বলছে তা তো কেউ শুনতে পাচ্ছে না। জয়িতা কান পেতে শুনছে। কিছু বলছে না। খালি মাথা নাড়ছে। আবার জয়িতার কথা, জয়...বাইয়া.. ভাও আতো? আতো...। চকেট আনো। তুমি আমি আবো। এরপর হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে জয়িতা বলে উঠল, থ্যান কু, টাটা...বাই বাই... রিসিভারটা রেখে দিল জয়িতা। বাবা সেটা ফের কানে তুলে নিলেন, হ্যালো...হ্যালো...ওপাশ থেকে কোনো সাড়া নেই। লাইনটা কেটে গেছে।