ঝন্টু
কয়েক দিন হলো মা সকাল হলেই বেশ অস্থির হয়ে যান। কারণ ঝন্টু আসছে না, মা তাকে খুঁজছেন। আর সকালবেলাতেই সে আসত।ঝন্টু কে? বলছি। সে হচ্ছে আমাদের সবজিওয়ালা। ওর বয়স কত, তা ঠিক বোঝা যায় না। হয়তো ১০, নয়তো ১১, না হলে ১২। ১৪-ও হতে পারে; কী জানি কত? সে দূরের কোনো এক গ্রাম থেকে কাঁধে বাঁক নিয়ে দুই পাশে দুটো ঝুড়ি ঝুলিয়ে আসত। ওর গ্রাম আমরা চিনি না। অবশ্য জানতেও চাইনি, ওর গ্রাম কোথায়? এখন অবশ্য আর বাঁক ঝুলিয়ে আসে না। বেশ কিছু দিন হলো সে একটা পুরোনো সাইকেলে চড়ে আসে। সাইকেলের পেছনের চাকার দুই পাশে দুটো ঝুড়িতে সবজি নিয়ে আসে। সে সিটে উঠে সাইকেল চালাতে পারে না। তার পা সাইকেলের প্যাডেল পর্যন্ত পৌঁছায় না। তাই সাইকেলের খোলে চালিয়ে সবজি আনে। মনে হয় সাইকেলের সবজি আনা, পায়ে হেঁটে সবজি আনার চেয়ে আরও বেশি কষ্টকর। মা অবশ্য একদিন বলেছিলেন, ‘এভাবে সাইকেলে সবজি আনিস, এতে তো পায়ে হেঁটে আনার চেয়ে আরও বেশি কষ্ট হয়।’ সে উত্তর দিয়েছিল, ‘সাইকেলে চড়ে আসলি ফস করে আসা যায়।’ সে কীভাবে, কবে আমাদের বাসায় সবজি দেওয়া শুরু করে, তা আমরা কেউই মনে করে বলতে পারব না। কবে, কীভাবে সে আমাদের আপন হয়েছে, তা-ও বলতে পারব না। সে এলেই মা ওকে কিছু না কিছু খেতে দেবেন। কখনো ভাজি-রুটি, কখনো মিষ্টি, কখনো পাউরুটি বা বাসি ভাত, কিছু না থাকলে দুটো বিস্কুট। যা-ই ওকে খেতে দিই না কেন, ভীষণ খুশি হয়। কিছু দেওয়া হয় না—এমন দিন খুবই কম। মাঝেমধ্যে সে-ও এক-দুই দিন আসে না। কী মায়াকাড়া চেহারা তার! মাথায় চুল কম, দেখে মনে হয় টাক। সামনের দুটো দাঁত একটু বড়। দেখলে ভীষণ মায়া লাগে। আমার তো মাঝেমধ্যে মনে হয়, আমার সব খেলনা, যত ভালো ভালো জামাকাপড় সব ওকে দিয়ে দিই। ঝন্টু আমাদের বাসার ভেতর ঢোকে। কিন্তু কোনো ঘরে প্রবেশ করে না। ও শুধু উঁকি দিয়ে অবাক হয়ে ঘরগুলো দেখে। ওর নাকি আমাদের ঘরগুলো দেখতে খুব ভালো লাগে। আর ঝন্টুর এই অবাক হয়ে ঘর দেখা আমার খুব ভালো লাগে। কিন্তু তার এই বাড়ির মধ্যে ঢোকা, ঘরে উঁকি দেওয়া বুয়া একদম সহ্য করতে পারে না। বুয়া বলে, ‘এই ছেমরা, বাড়ির ভেতর ঢুকিস ক্যান? ফসফস করে ঘরে উঁকি দিস ক্যান? তোর পায়ে ময়লা থাকে।’ঝন্টু যেদিন থেকে আসে না, সেদিন থেকেই বাবার দামি হাতঘড়িটা পাওয়া যাচ্ছে না। Bossini কোম্পানির জাপানি ঘড়ি। পাঁচ বছর আগে বাবা জাপান থেকে নিয়ে এসেছিলেন। ঘড়িটা বাবার খুব শখের। বুয়া সারাক্ষণই বলছে, ‘ঘড়িটা ঝন্টু চুরি করেছে। সে ছাড়া এই ঘড়ি চুরি করার কেউ নাই। ছেমরাডা একটা চোর।’ মা বুয়ার কথায় কিছুই বলছেন না, শুধু চুপ করে শুনছেন। ঘড়িটা কোথায় যাবে? নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। আমি তো ভাবতেই পারি না, ঘড়িটা ঝন্টু চুরি করেছে। সে চোর নয়। অত নিষ্পাপ, মায়াকাড়া ছেলে চোর হতেই পারে না। সে একদিন আসবেই আসবে। আমার বিশ্বাস, সে চোর নয়।ওই তো, মা কার সঙ্গে জানি বাইরে কথা বলছেন। মনে হয় ঝন্টু এসেছে।আমি দৌড়ে গিয়ে দেখি, নাহ্, ঝন্টু নয়। তার গ্রামের অন্য সবজিওয়ালা। সে বলছে, ‘আপা, আপনাদের বাসায় যে ছেলেটা সবজি দিত, সে আজ চার দিন হাসপাতালে ভর্তি হয়ে আছে। সে অ্যাকসিডেন্ট করেছে।’ মা আর আমি একসঙ্গে বলে উঠলাম, ‘কীভাবে?’ লোকটি বলল, ‘ও সবজি বেচে বাড়ি ফিরছিল। তখন রোডে ট্রাক্টরের ফলায় ও জামাসুদ্ধ আটকে গিয়েছিল। ড্রাইভার তা বুঝতেই পারেনি। সে অনেক চিৎকার করেছিল কিন্তু গাড়ির শব্দে ড্রাইভারের কান পর্যন্ত তার চিৎকার পৌঁছায়নি। অনেক দূর যাওয়ার পর লোকজন ট্রাক্টরটি থামাতে পারে। কিন্তু ততক্ষণে ট্রাক্টরের চাকার বাড়িতে ঝন্টুর মাথা থেঁতলে গেছে। চার দিন ধরে হাসপাতালে আছে, এখনো জ্ঞান ফেরেনি। মনে হয় বাঁচবে না।’এ কথা শোনার পর আমি এবং মা চোখের পানি ধরে রাখতে পারলাম না। ঝন্টুর মায়াভরা চেহারা, বড় দাঁতের হাসি, কথা সবই চোখের সামনে ভাসছে। দুপুরের পরপরই মা আর আমি হাসপাতালে তাকে দেখতে গেলাম। হাসপাতালে ঢুকে আমরা বেডে, নিচে অর্থাৎ ফ্লোরেও যেখানে অনেকে শুয়ে আছে, সেখানেও খুঁজলাম। কিন্তু ঝন্টুকে পেলাম না। দুবার করে আমি আর মা পুরো রুমটা খুঁজলাম, কিন্তু পেলাম না তাকে। এবার মা সবার কাছে ঝন্টুর বর্ণনা দিতে লাগলেন। তখন একটি ছেলে আমাদের কাছে এসে বলল, ‘আপনারা ঝন্টুকে খুঁজছেন?’ আমরা বললাম, ‘হ্যাঁ।’ তখন সে আমাদের বড় রুমটার কোনার দিকে নিয়ে গেল। ওখানে একটা ট্রলির মতো জিনিস কিন্তু নিচু, ফ্লোরের ওপর রাখা। ওটা দিয়ে সম্ভবত রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানো-নামানো হয়। মনে হয় সিট পাওয়া যায়নি। এ জন্য তাকে এভাবে রাখা হয়েছে। তার শুধু চোখ আর নাকটা খোলা, আর সব ব্যান্ডেজ দিয়ে ঢাকা। আমরা কতবার এই রোগীর কাছ দিয়ে গিয়েছি, কিন্তু চিনতেই পারিনি, এটা আমাদের ঝন্টু। তার নাকের ভেতর একটি নল ঢোকানো। সম্ভবত এটি দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। যে ছেলেটা আমাদের ঝন্টুর কাছে নিয়ে এল, সে তার চাচাতো ভাই। সেই হাসপাতালে তার দেখাশোনা করছে। কারণ, তার মা আসতে পারেন না। তিনি গ্রামে মাটি কাটার কাজ করেন।এখন তিনি ছেলের চিকিৎসার খরচ জোগাড় করায় ব্যস্ত। তাই দিনের কোনো একটা সময় এসে ছেলেকে একবার করে দেখে যাচ্ছেন। আর ঝন্টুর বাবা তার জন্মের আগেই আবার বিয়ে করে দূরের এক গ্রামে তার মাকে ছেড়ে চলে গেছে। আমরা এসব কথা তার চাচাতো ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। আমরা ঝন্টুকে দেখে বাসায় ফিরে এলাম। রাতে বাবা বাড়ি ফিরলে মা বাবার সঙ্গে তার সম্পর্কে কথা বললেন। বাবা তার চিকিৎসার জন্য কিছু টাকা দিতে চাইলেন। পরদিন সকালে আমি আর মা টাকা নিয়ে তাকে দেখতে গেলাম। হাসপাতালে ঢুকে তার কাছে গেলাম। কিন্তু সে কোথায়? ওখানে তো অন্য রোগী শুয়ে আছে। আমরা পাশের রোগীদের কাছে জিজ্ঞেস করলাম। তখন তারা জানাল, ছেলেটা কাল রাতে মারা গেছে। সকালে ওর লাশ বাড়িতে নিয়ে গেছে। কথাটি শোনার পর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা-ও কাঁদছেন, আমিও কাঁদছি। কিন্তু আমাদের কারও মুখে কোনো কথা নেই। এরপর আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরলে বুয়া দরজা খুলে বলল, ‘আপা, ভাইজানের ঘড়িটা পাইছি। ভাইজানের জমায়া রাখা ময়লা কাপড় কাচার সময় প্যান্টের পকেটে পাইছি।’পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর