টুঁ
‘ধুর! ওসব কিছু নেই। ওসব তোদের কল্পনা।’‘নাহ! কল্পনা নয়! ওরা সত্যি আছে! একদম ওপরে উঠলে মাঝে মাঝে দেখা যায়। মা অবশ্য ওপরে উঠতে নিষেধ করেছে। বলেছে, ওপরে উঠলে ওরা টপ করে গিলে ফেলবে।’‘ওদের কি আর খাবার নেই? আমাদের খেতে হবে কেন?’‘তুই ওদের চিনিস না টুঁ! ওরা খুব ভয়ানক!’‘বলেছে তোকে! তুই দেখিস আমি ওপরে যাবই। ফিরে এসে তোকে বলব যে ওরা নেই।’‘তুই গিয়ে আবার ফিরে আসতে পারলে তোকে চিংকু কোম্পানির এক প্যাকেট চন্দ্রাবতী দেব।’‘আমি চিংকু কোম্পানিরটা খাই না। ফুচাংয়ের জোনাকি চিপস খাব।’‘ঠিকাছে। আজকেই যেতে হবে ওপরে। আর ট্যামেরাটা নিতে ভুলিস না। ওদের ছবি তুলে আনবি।’‘হুহ! ওরা থাকলে তো ছবি তুলব! ঠিকাছে, বলছিস যখন নেব।’এতক্ষণ কিকুর সঙ্গে কথা বলছিল টুঁ। কথা শেষ হতেই টুঁ ছুটে গেল ওপরের দিকে। মা খোঁজ করার আগেই ফিরে আসবে। যে করেই হোক, কিকুর ভুল আজ সে ভাঙিয়েই ছাড়বে। ওপরে উঠেই একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়াল টুঁ। সামনে গাছে ঢাকা রাস্তা। দিনেও এদিকটা ভীষণ অন্ধকার হয়ে থাকে। এখন তো সন্ধ্যা। এমন সময় টর্চ হাতে হেলেদুলে আসছিলেন আন্ধারমানিক হাইস্কুলের বিজ্ঞান স্যার নেপাল চন্দ্র। ভীষণ কড়া। বেত নিষিদ্ধ হওয়ার পর তাঁর হাতের জোর যেন বেড়ে গেছে। চড় মারার আগেই ভয়ে কাঁপতে থাকে সবাই। প্রায়ই তিনি চড়িয়ে ভূত বানিয়ে দেওয়ার কথা বলেন। ‘অ্যাই কে! কে ওখানে!’টুঁ ভয় পেয়ে গেল। প্রাণীটা তাকে দেখে ফেলেছে! কী ভয়ংকর দেখতে! মনে মনে ভাবল টুঁ। কিন্তু অতটা ভয় পাচ্ছে না। তার অনেক সাহস। তাই সাহস করে গাছের আড়াল থেকে বের হয়েই ট্যামেরাটা তাক করে বলল, ‘একটু দাঁড়াও, তোমার ছবি তুলি।’ ‘কী! এত বড় সাহস! বেয়াদব ছোকরা! আমাকে তুমি করে বলিস!’‘ওমা! তুমি একটা প্রাণী, তোমাকে কী বলে ডাকব!’‘আমি প্রাণী মানে! তুই কে রে! তোর হাত তিনটা কেন! চড়িয়ে ভূত বানিয়ে দেব।’টুকু চিন্তায় পড়ে গেল। একটু ভেবে নেপাল চন্দ্রের দিকে দুই পা এগিয়ে এসে বলল, ‘তা কী করে সম্ভব? আমি তো ভূতই আছি। আমাকে মেরে ভূত বানাবে কী করে!’‘আমার সঙ্গে মামদোগিরি? দাঁড়া! দেখাচ্ছি মজা।’টুঁ খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তাঁর মামদো মামার মতো এই প্রাণীটাও নিশ্চয়ই খুব মজার। কিন্তু নেপাল চন্দ্র কোনো মজা দেখাতে এগিয়ে এলেন না। তিনি বেশ ভয় পেয়েছেন। কিন্তু পুঁচকে একটা ভূতের সামনে তা প্রকাশ করতে চাইছেন না। ভয় পাওয়ায় তাঁর খুব লজ্জাও লাগছে। ‘মজা দেখাবেন না? আপনি কে বলুন তো?’‘যাক! ভদ্রতা শিখছ তাহলে। আমি আন্ধারমানিক হাই হাই হাইস্কুলের বিজ্ঞান টি টি টিচার।’‘তোতলাচ্ছেন কেন? আপনি ভিনগ্রহের টেলিয়েন না তো?’‘বেয়াদব কো কো থাকার! আ আ আমি মানুষ।’‘ওমা! বলেন কী! না না! মানুষ বলে তো কিছু নেই। সব আমাদের কল্পনা! ইম্পসিবল! আমি ভুল দেখছি।’টুঁ কিছুক্ষণ চোখ ডলে নিল। নাহ, সে ভুল দেখছে না। সামনের মানুষটাকেও দেখল চোখ ডলতে। চোখ ডলে বলল, ‘ভূ ভূ ভূত বলে কিছু নেই! আমি ভুল দেখছি। বিজ্ঞান সত্য বিজ্ঞান সত্য।’কথাটা শুনে বেশ রাগ হলো টুঁর। বলল, ‘অবশ্যই বিজ্ঞান সত্য। কিন্তু আমাদের বিজ্ঞানীরা মানুষে বিশ্বাস করে। পুরোনো বিজ্ঞানীরা বলতেন, মানুষ বলে কিছু নেই। সব হলো অসুস্থ টস্তিষ্কের কল্পনা। আমিও এত দিন বিশ্বাস করতাম না। ইশ! কেন যে বিকুর সঙ্গে বাজি ধরেছি। এখন ওকে চাঁদের আলো খাওয়াতে হবে।’নেপাল চন্দ্র কিছুটা সাহস ফিরে পেলেন। হাতের টর্চলাইটটা কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করলেন। লাভ হলো না। অনেকের কাছে শুনেছেন, ভূতরা নাকি আলো ভয় পায়। টর্চের আলো দেখে যদি পালিয়ে যায়—এই আশায় আছেন তিনি। কিন্তু হতচ্ছাড়া ব্যাটারি..।‘আপনি কী পড়ান?’‘ইয়ে হ্যাঁ, পদার্থবিজ্ঞান পড়াই।’‘অপদার্থবিজ্ঞান পড়ান না? আমরা পড়ি। আমরা মানুষ নিয়েও পড়াশোনা করি। আপনাদের স্কুলে ভূত নিয়ে পড়ানো হয়?’‘না তো!’‘টর্চলাইটটায় মনে হয় ব্যাটারি ফুরিয়ে গেছে। এদিকে দিন, আমার ট্যামেরায় দুটো ব্যাটারি আছে। ওগুলো লাগিয়ে দিচ্ছি।’নেপাল চন্দ্র আবারও লজ্জা পেয়ে গেলেন। বাচ্চা ভূতটাকে এখন আর অতটা বেয়াদব মনে হচ্ছে না। মনে হচ্ছে ছেলেটা খুব ভালো। জীবনে মানুষ দেখেনি বলে হয়তো প্রথমে একটু দুষ্টুমি করেছে। কিন্তু সে যে একটা ভূত, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। তিনটে হাত আর তিনটে চোখ থাকলেই কেউ ভূত হয়ে যায়? নেপাল চন্দ্রের ভাবনা শেষ না হতেই টর্চের ভেতর ব্যাটারি পুরে দিল টুঁ। টিমটিমে আলো জ্বলতেই খুশিতে লাফিয়ে উঠল। বাচ্চা ভূতটার খুশি দেখে নেপাল চন্দ্র আবারও লজ্জা পেলেন। মনে মনে রেগেও গেলেন, ভূত নিয়ে লেখকেরা এত দিন কী সব উল্টোপাল্টা গল্প লিখেছে। ভূত মোটেই ভয়ানক কিছু নয়।‘চলুন, স্যার। আপনার বাসায় যাব। মাছ ভাজা খাব। আমার মামদো মামা ওই দিন দুটো ইয়া বড় কাতলা ধরেছিল। যা মজা।’নেপাল চন্দ্র রাস্তা ধরে হাঁটছেন। আর তাঁর পাশে ডোবা নালার ওপর দিয়ে ভেসে ভেসে এগোচ্ছে টুঁ। এদিকে অনেক রাত হয়ে গেছে। টুঁ বলল, ‘স্যার, আমাদের ভূতদের ব্যাটারিতে কিন্তু বেশি চার্জ থাকে না। আমাদের অন্ধকার খুব প্রিয় তো তাই বেশি আলোর দরকার হয় না।’টুঁর কথা শেষ না হতেই টর্চ নিভে গেল। ঝপ করে নেমে এল ঘুটঘুটে আঁধার। নেপাল চন্দ্র আবারও ভয় পেয়ে গেলেন। ভূতের নয়, এই রাস্তায় মাঝে মাঝে ডাকাতের আনাগোনা আছে বলেই জানতেন। ভাবতে না ভাবতেই নেপাল চন্দ্রের সামনে ষণ্ডমার্কা দুটো লোক হাজির। টুঁ ব্যাপারটা খেয়াল করল না। সে বক বক করতে করতে সামনে এগিয়ে গেল। ‘সালামালেকুম। স্যারের শইল বালা?’‘কী কী কী চাও?’‘টে টে টে টেকা চাই। হে হে হে।’ডাকাত দুটোর ভেংচি শুনে নেপাল চন্দ্রের মেজাজ খারাপ হলেও তা প্রকাশ করলেন না। কিন্তু টুঁ গেল কোথায়? ‘জলদি সব বাইর করেন।’নেপাল চন্দ্রের পাঞ্জাবির পকেটে তিনটা ১০ টাকার নোট। বেশি টাকা নিয়ে বের হন না। পকেট থেকে নোটগুলো বের করে গুনলেন।‘গোনার দরকার নাই, স্যার। আমরা সব কটাই নিয়ে যাব।’‘আচ্ছা...। নেবেই যখন...।’এমন সময় রাস্তার পাশের একটা ঝোপের আড়াল থেকে নাকি নাকি সুরে কে যেন বলে উঠল, ‘হালুম মালুম খালুম, না না! ঘাউ মাউ চাউ...ফাউ মাউ হাউ... না না.. লাউ লাউ...ইশ ভুলে গেছি। কী যেন! ও হ্যাঁ! মনে পড়েছে! হাউ মাউ খাউ! ইয়েস! হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাউ!’ডাকাত দুটো একজন আরেকজনের দিকে তাকাল। ভয় পেয়েছে বলে মনে হলো না। নেপাল চন্দ্রের মেজাজ চড়ে গেল। নিশ্চয়ই ভূত ছানাটার গলা। সামান্য হাউ মাউ খাউ কথাটাও মনে রাখতে পারে না! উফ্, ভূতটাকে পিটিয়ে মানুষ বানাতে ইচ্ছে করছে তাঁর। ‘হাউ মাউ খা উ উ উ...আমি ফুংচু গ্রামের ভূত টুঁ। আমি মানুষের ঘাড় মটকে দিই। উ হা হা হা।’ডাকাত দুটোর একজন কোমর থেকে লম্বা একটা ছুরি বের করল। এরপর ঝোপের দিকে হাঁটতে শুরু করল। ওপাশে তাকাতেই চমকে উঠল। কেউ নেই!‘এই যে আমি এখানে। তোমাদের পেছনে।’তড়াক করে লাফিয়ে উঠল ডাকাত দুটো। তাদের ঠিক পেছনে জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছে একটা ছেলে। কপালে একটা বাড়তি চোখ আছে তার।‘ওরে মনু রে! ভূত রে!’সঙ্গে সঙ্গে ভোঁ দৌড়। ডাকাতদের পেছন পেছন টুঁও দৌড়াল কিছুক্ষণ। কিন্তু বেশি ভয় দেখাতে ইচ্ছে করল না। গল্পের বই পড়েই এসব শিখেছিল। তবে মানুষকে ভয় দেখাবে, এমনটা সে জীবনেও ভাবেনি। কপালের তিন নম্বর চোখটার ভেতর এক চামচ আলো ঢুকিয়ে কী ভয়টাই না দেখাল।‘বাছা, তুমি তো বেশ কাজের। গ্রামের চোর-ডাকাতগুলোকে ভয় দেখিয়ে দেখিয়ে তাড়িয়ে দেবে নাকি?’‘জি স্যার, অবশ্যই। তবে তার আগে মাছ ভাজা খাব। ইলিশ মাছ আমার খুব প্রিয়।’এরপর ঘুটঘুটে আঁধারে গল্প করতে করতে চলে গেল দুজন।