টুকটাক
লেখক হওয়ার অসুবিধা‘লেখক হওয়ার একটা অসুবিধা হলো, তুমি যখন অটোগ্রাফ দেবে, তখন মাঝেমধ্যেই কেউ কেউ একদম ছোট বাচ্চাকেও তোমার কোলে তুলে দিতে পারে। আর একটু এদিক-সেদিক হলেই সে অ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ করে চেঁচাতে থাকবে। নয়তো দেবে একটা রাম খামচি! আর একটু কপাল ভালো হলেই কোলে করে দেবে হিসু!’ এ কথা শুনেই কিনা, অনুষ্ঠানের শেষে এক মা তাঁর ছোট্ট বাচ্চাকে তুলে দিলেন মুহম্মদ জাফর ইকবালের কোলে। সেদিন অবশ্য ছোট্ট বন্ধুটি তেমন কিছু করেনি!তারা গুনছিআর সবাই অতিথিদের কথা শুনছে, অথচ ছোট্ট বন্ধুটি তখন চেয়ারের ওপর দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে যেন কী করছে! কাছে গিয়ে দেখা গেল, এক দুই তিন চার করে করে সে এগারো পর্যন্ত গুনে ফেলেছে।—‘ইলমা, কী গুনছ?’—‘তারা গুনছি।’ আসলে তারা আর কই, হলের ঝলমলে বাতিগুলোই ওর কাছে একেকটি তারা!দাদাগিরি চলবে না ‘মানুষ মানুষের জন্য’ গল্প লিখে ‘ক’ গ্রুপে তৃতীয় হয়েছে ইমন। মঞ্চে এসেছে পুরস্কার নিতে। সঙ্গে ওর বড় ভাই। অনুষ্ঠান সঞ্চালক সুমনা শারমীন জিজ্ঞেস করলেন, ‘দুজন কেন?’ ইমনের উত্তর, ‘আমার বড় ভাই, ছবি তুলবে।’ সুমনা শারমীন বললেন, ‘ও, ছবি তুলবে ভালো কথা। তবে ছোট ভাই কিন্তু এখন অনেক বড় লেখক। তাই এবার থেকে ছোট ভাইয়ের ওপর আর দাদাগিরি চলবে না!’ ছোট ভাইয়ের আশীর্বাদলাখ টাকার গল্পলেখক লুবাবা উঠেছে মঞ্চে। পুরস্কার নেওয়া শেষ। অনুভূতি জানাচ্ছে। একসময় বলল, ‘গল্পটি আমার ছোট ভাইকে মাথায় রেখেই লিখেছি।’ ‘কোথায় ছোট ভাই, ডাকো তাকে।’ ছোট ভাই হাজির। সুমনা শারমীন বললেন, ‘আপুকে এবার কী দেবে তুমি?’ কয়েক মিনিটের ভাবনা, ছোট ভাই লুবাবার মাথায় হাত রাখল—‘আশীর্বাদ করে দিলাম।’