টুকটুকির জন্মদিন
সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেআজ টুকটুকির জন্মদিন। এমন খুশির দিনে সবার সঙ্গে খেলার জন্য সে ঘর থেকে বের হলো। প্রথমেই পেল ইকরিকে। টুকটুকি বলল, ‘ইকরি, আজ আমি ভীষণ খুশি! চলো, খেলি!’ইকরি চটপট করে বলল, ‘ইকরি এখন ব্যস্ত টুকটুকি! ইকরির অনেক কাজ!’ বলে সে শাঁই করে চলে গেল। টুকটুকি তো অবাক! এমন সময় শিকুকে আসতে দেখে টুকটুকি বলল, ‘শিকু, চলো, আমরা খেলি! আজ আমার...’কথা শেষ হওয়ার আগেই শিকু বলল, ‘আমি ভীষণ ব্যস্ত টুকটুকি। পরে কথা হবে।’ শিকুও একই রকমভাবে চলে গেল। টুকটুকির এবার মনটা খারাপ হলো। প্রতিবছর তার জন্মদিনে সবাই মিলে কত খেলে! ভুলে গেল নাকি সবাই? কিন্তু পরক্ষণেই হালুমকে আসতে দেখে দৌড়ে গিয়ে বলল, ‘হালুম, চলো খেলি! আজ তো...’হালুম হন্তদন্ত হয়ে বলল, ‘না না, আমার অনেক কাজ। খেলাটেলা পরে হবে।’হালুমও চলে গেল। টুকটুকির মন এবার ভীষণ খারাপ হলো। আজ তার জন্মদিন। সবাই ভুলে তো গেছেই, এমনকি তার কথাও শুনছে না। মন খারাপ করে এদিক-ওদিক ঘোরাঘুরি করে ঘরে ফিরে গেল।ঘরের দরজাটা যেই না খুলেছে টুকটুকি, অমনি লুকিয়ে থাকা ইকরি, শিকু আর হালুম একসঙ্গে বের হয়ে এসে বলল, ‘শুভ জন্মদিন, টুকটুকি!’টুকটুকি চমকে উঠল। এরপর আনন্দে ফেটে পড়ল। সে বুঝতে পারল, তার প্রিয় বন্ধুরা নতুনভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এমনটা করছিল! টুকটুকি বলল, ‘তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ!’ হালুম বলল, ‘কেমন চমকে দিয়েছি তোমাকে, বলো! এবার আসছে আরও চমক।’হুড়মুড় করে ঘরে ঢুকল গুণী ময়রা, মুকুল, সুমনা, শেরালী বাহাদুরসহ সবাই। তাদের হাতে মজার মজার উপহার! সবাই মিলে টুকটুকিকে জন্মদিনের শুভ কামনা জানাল!