টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।মুকুল নার্সারিতে কাজ করছে। টুকটুকি এসে বলল, ‘মুকুল, ভরা আর খালি কী? বিষয়টা একটু বুঝিয়ে দেবে?’মুকুল বলল, ‘অবশ্যই! তবে ভরা আর খালি কী, তা বুঝতে হলে এক জগ শরবত আর একটা গ্লাস লাগবে।’ টুকটুকি বলল, ‘দাঁড়াও আমি আনছি।’টুকটুকি ছুটে গিয়ে এক জগ শরবত আর একটা খালি গ্লাস নিয়ে এসে মুকুলকে দিল।মুকুল গ্লাসটা দেখিয়ে বলল, ‘গ্লাসটাতে কিছু আছে?’টুকটুকি বলল, ‘না, নাই!’মুকুল বলল, ‘তার মানে গ্লাসটা খালি।’টুকটুকি বলল, ‘হুম! তাহলে ভরা কী?’মুকুল জগ থেকে গ্লাসে গলগল করে শরবত ঢেলে বলল, ‘দেখ টুকটুকি, গ্লাসটা এখন ভরা!’টুকটুকি দেখে বলল, ‘তাই তো, ভরা! দারুণ! কিন্তু গ্লাসটা আবার খালি করো মুকুল।’মুকুল ঢকঢক করে গ্লাসের সব শরবত খেয়ে বলল, ‘এই যে, গ্লাসটা আবার খালি।’টুকটুকি ভীষণ মজা পেল। সে মুকুলকে বলল, ‘গ্লাসটা আবার ভরো।’মুকুল আবার গ্লাসে শরবত ঢালল। টুকটুকি বলল, ‘এবার খালি করো।’মুকুল শরবত খেয়ে গ্লাসটা আবার খালি করল। টুকটুকি ভীষণ মজা পেয়ে বলল, ‘আবার দেখাও মুকুল!’মুকুল আবারও জগ থেকে গ্লাসে শরবত ঢালল।টুকটুকি বলল, ‘খালি করো!’মুকুল খাওয়ার জন্য শরবতভরা গ্লাস মুখের কাছে নিয়েও খেতে পারল না। খাবে কী করে! ওর পেটে তো আর জায়গাই খালি নাই। একেবারে কাহিল অবস্থা! মুকুল হাঁসফাঁস করতে লাগল।টুকটুকি বলল, ‘কী হলো মুকুল, খালি করো... গ্লাসটা খালি করো!’মুকুল হাঁফাতে হাঁফাতে তার উঁচু পেটটা দেখিয়ে বলল, ‘টুকটুকি, শরবত খেয়ে খেয়ে আমার পেটটাই এখন ভরা! একটুও খালি নাই!’টুকটুকি খিলখিলিয়ে হেসে উঠল।