ডলফিনও কথা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলফিন থাকে জলে, আমরা থাকি ডাঙায়। এর পরও কৌতুকপ্রিয় চটপটে এই আমুদে প্রাণীর সঙ্গে অনেক দিক দিয়ে আমাদের মিল রয়েছে। মাছের মতো দেখালেও ডলফিন কিন্তু মাছ নয়। আমাদের মতোই স্তন্যপায়ী প্রাণী। সাধারণ জলজ প্রাণীর রক্ত থাকে শীতল। ডলফিনের রক্ত উষ্ণ। মাছের মতো ফুলকো দিয়ে পানি থেকে অক্সিজেন নেয় না ওরা। ফুসফুসের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন নেয়। এ জন্যই তো বারবার ভুশ করে পানি থেকে ভেসে ওঠে, ডিগবাজি খায়। বিজ্ঞানীরা দাবি করছেন, মনের ভাব প্রকাশে আমরা যেমন কথা বলি, ডলফিনও সেভাবে কথা বলে। তবে তা সম্পূর্ণ নিজের ভাষায়। বিশ্বের এ পর্যন্ত ৩০টির বেশি বিভিন্ন ধরনের ডলফিনের সন্ধান পাওয়া গেছে। ওরা প্রত্যেকেই নিজের ভাষায় কথা বলে। বিভিন্ন রকম শব্দ ও শিসের মাধ্যমে কথা বলে ওরা। প্রতিটি ডলফিনের রয়েছে শিস দেওয়ার নিজস্ব ঢঙ। একটি ডলফিনের শিসের সঙ্গে আরেকটির শিস দেওয়ার ঢঙের মধ্যে পার্থক্য রয়েছে। এর মাধ্যমে ওরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। কখনো কোনো ডলফিনের বাচ্চা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেলে মা তাকে এমন শব্দে ডাকতে থাকবে, যা কেবল ওই বাচ্চাটিই বুঝবে। সে তখন এমন শব্দে সাড়া দেবে, মা-ও বুঝে নেবে তার আদরের বাছা কোথায় আছে। ডলফিনের আরেকটি বিশেষত্ব হচ্ছে, ওরা খুব ক্রীড়া-কৌতুকপ্রিয়। হরদম ফুরফুরে মেজাজে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে মনোরম জলাধারে ডলফিনের বিভিন্ন ধরনের কসরত প্রদর্শনই এর প্রমাণ। ডলফিন বুদ্ধিমান বলে খুব সহজেই ওদের বিভিন্ন শারীরিক কসরত দেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া যায়। এ ক্ষেত্রে ক্রীড়াবিদদের মতো নমনীয় শরীর ডলফিনকে বিশেষভাবে সহায়তা করে।আমরা ‘বোতলনাক (বটলনোজ)’ ডলফিনের সঙ্গে বেশি পরিচিত। তবে কিলার হোয়েল বা ওরকা বলে পরিচিত যে তিমি রয়েছে, ওরাও ডলফিন পরিবারের। কিলার হোয়েল শারীরিক কসরতের চমক দেখাতে ওস্তাদ। তবে এ ক্ষেত্রে পাকা হচ্ছে ডাস্কি ও স্পিনার ডলফিন। ডাস্কি ডলফিন পানি থেকে লাফিয়ে উঠে সুন্দর ডিগবাজি দিতে পারে। আর স্পিনার পারে শরীরটাকে পাক খাওয়াতে। কিছু বিজ্ঞানী মনে করেন, মানুষের পরই বুদ্ধিমান প্রাণী হচ্ছে ডলফিন। মানুষ যেমন ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে কাজ করে, ডলফিনের বেলায়ও এর প্রমাণ মিলেছে। অস্ট্রেলিয়ায় কিছু ডলফিনকে দেখা গেছে, ওরা যখন সাগরতলে খাবার খুঁজে বেড়ায়, এ সময় নাকের ডগায় স্পঞ্জ ধরে রাখে। নাকে যাতে ধারালো কোনো খোলস বা পাথরের আঁচড় না লাগে, এ জন্য এই আত্মরক্ষামূলক ব্যবস্থা।  শরিফুল ইসলাম ভূঁইয়া সূত্র : রেঞ্জার রিক।