ডলফিনও কথা বলে!
: চুচ চুক, চা চিক?: আ চু আ চু!শুরুতেই এমন অদ্ভুতুড়ে কথাবার্তা পড়ে ঘাবড়ে যেয়ো না। এতক্ষণ যা পড়লে, সেটা দুটি ডলফিনের কাল্পনিক বাৎচিত। যেখানে প্রথম ডলফিন শুধাচ্ছে, ‘মহাশয়, আছেন কেমন?’ দ্বিতীয় ডলফিনের উত্তর, ‘ভালো আছি, ভালো আছি!’কল্পনার আশ্রয় নিতে হয়েছে বটে, তবে বিজ্ঞানীরা আমাদের এই বলে আশ্বস্ত করছেন, ডলফিনের ভাষা বুঝতে আমাদের শুধু কল্পনার ওপর ভরসা করতে হবে না। বিজ্ঞানীদের দৃঢ় বিশ্বাস, একদিন ঠিকই মানুষ ডলফিন নামের বুদ্ধির দিক দিয়ে উঁচু স্তরের এই প্রাণীর ভাষা বুঝতে শুরু করবে। চলছে সেই গবেষণা।ডলফিনের একদল গবেষক মনে করেন, এই বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণীটির ভাষা কেবল সুনির্দিষ্ট কিছু শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই। সত্যি সত্যিই মনের ভাব দেওয়া-নেওয়া করতে তারা মাধ্যম হিসেবে ব্যবহার করে ভাষা!হাওয়াইয়ের একটি অ্যাকুরিয়ামে দুটো ভিন্ন ট্যাংকে রাখা হয়েছিল মা ডলফিন আর তার বাচ্চাকে। দুজনে যেন কথা বলতে পারে, সে জন্য টেলিফোনের মতো একটা যন্ত্র রাখা হয়েছিল; যে যন্ত্র দিয়ে ভিন্ন দুটো ট্যাংকে অবস্থান করা মা আর শিশু ঠিকই কথা বলেছে। মা ডলফিনটি কিছু শব্দ করছিল। খানিকক্ষণ পরে শিশু ডলফিনটিও কিছু শব্দ করে দিচ্ছিল সেটির উত্তর। ‘পরিষ্কারভাবে মনে হচ্ছিল, ওরা যেন একে অন্যের সঙ্গে কথা বলছে।’ বলছিলেন ডন হোয়াইট, যাঁর ‘প্রজেক্ট ডলফিন’ নামের প্রকল্পটি প্রাণীর ভাষা নিয়ে করছে গবেষণা।ক্যালিফোর্নিয়ার তীরবর্তী বোতলমুখো ডলফিনদের নিয়ে গবেষণা করেন সারা ওয়ালার। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, ‘কখনো কখনো একটা ডলফিন কিছু একটা বলে ওঠে, এরপর বাকিরা যেন এর উত্তর দেয়। কখনো কখনো তারা এমনভাবে শব্দ করে চলে, আমরা যেমন কোনো আড্ডায় সবাই একসঙ্গে মিলে শোরগোল করি।’শুধু কি কথা বলা? আমরা যেমন কথা বলতে বলতে বিভিন্ন অভিব্যক্তি করি, কখনো ভ্রু কুঁচকে তাকাই, কখনো চোখ বাঁকাই, কখনো নাক কুঁচকাই, কখনো ঠোঁটের বাঁকে মৃদু হাসি থাকে ঠাট্টার, কখনো বা চোখ বড় বড় করে আমরা বিস্ময় প্রকাশ করি; ডলফিনও তেমনই বিভিন্নভাবে নিজের অভিব্যক্তিও প্রকাশ করে!ডলফিনের কথাবার্তা পুরোটা এখনো বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি। তবে তাঁদের অনুমান, প্রায় সব ধরনের কথাবার্তাই চালাচালি হয় তাদের মধ্যে। বাহামায় ডলফিন নিয়ে গবেষণা করেন ডেনিস হারজিঙ্গ। তিনি বলছেন, ‘কখনো কখনো তারা বলে, “দেখেছো, ওই দিকে কিন্তু অনেকগুলো মাছ।” কখনো বা বলে, “ভাগো ভাগো, একটা হাঙর কিন্তু এদিকে আসছে।”’১৭ বছর ধরে ডলফিনের ভাষা নিয়ে গবেষণা করছেন ক্যাথলিন ডুডজিনস্কি, ডলফিন কমিউনিকেশন প্রজেক্টের প্রধানও তিনি। এই সময়টায় তিনি বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে রেকর্ড করেছেন ডলফিনের অজস্র ভাষা এবং সেসবের একটা শ্রেণিবিন্যাস করতে গিয়ে যেন অতল সমুদ্রে গিয়ে পড়েছেন। কারণ, এলাকা বা গোত্রভেদে ডলফিনের ভাষার ধরনও কিন্তু আলাদা রকমের হয়। ফলে একটা সুনির্দিষ্ট মানভাষা বের করা প্রায় অসম্ভব। তার মানে, ডলফিনের ভাষা বুঝতে আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। তবে নিশ্চয়ই একদিন সেই ভাষা আবিষ্কার করবে মানুষ। তখন আর শুধু দুটি ডলফিনে নয়, একজন মানুষ একটা ডলফিনকে জিজ্ঞেস করবে, ‘চুচ চুক, চা চিক?’ পানিতে আয়েশি ভঙ্গিতে সাঁতার কাটতে কাটতে ডলফিনটা উত্তর দেবে, ‘আ চু আ চু!’রাজীব হাসান, ন্যাশনাল জিওগ্রাফি