ডাকটিকিটে চীনের রূপকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ছোট ব্যাঙাচিরা মায়ের খোঁজে পুকুরের এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে। ভুল করে গোল্ডফিশ, কাঁকড়া, কাছিমকে মা ভেবে তাদের কাছে যাচ্ছে...।’
চীনের শিশুরা এমন রূপকথা শুনেছে তাদের বাবা-মায়ের মুখে। এই গল্প অবলম্বনে ১৯৬০ সালে সাংহাই অ্যানিমেশন ফিল্ম স্টুডিও প্রথম কালি ও ওয়াশে আঁকা চীনা অ্যানিমেশন সিনেমা তৈরি করেছিল। আর ২০১৩ সালের ১ জুন চীনা ডাক বিভাগ গল্পটিকে তুলে ধরে পাঁচটি ডাকটিকিটে। যেখানে ব্যবহার করা হয়েছে চীনের ঐতিহ্যবাহী চিত্রকর্ম। গল্পের সঙ্গে মিলিয়ে ছবিগুলো দেখো, কী মজার!
১
বসন্তের বাতাস বইছে আর পুকুরে সাঁতার কাটছে ছোট ছোট ব্যাঙাচি। এই ব্যাঙাচিরা কখনোই তাদের মাকে দেখেনি, মাকে দেখার জন্য তাই সবাই ছটফট করছে। চিংড়ি দাদা বলল, তোমাদের মায়ের ইয়া বড় মুখ আর বড় বড় দুটি চোখ।

.
.

২
ব্যাঙাচিরা মাকে খুঁজতে বেরিয়ে পড়ল, পথে দেখা হলো এক গোল্ডফিশের সঙ্গে। যার পুরো মাথাজুড়েই বড় বড় দুটি চোখ। এ নিশ্চয়ই তাদের মা! মাকে খুঁজে পাওয়ার আনন্দে ব্যাঙাচিরা তাই কেঁদে ফেলল। ‘মা! মা!’ বলে যখনই গোল্ডফিশের কাছে এল, গোল্ডফিশ বলল, ‘আমি তোমাদের মা নই, তোমাদের মায়ের সাদা পেট।’ গোল্ডফিশের কথা শুনে ব্যাঙাচিরা আবার সাঁতরে চলে গেল।

.
.

৩
এবার দেখা হলো এক কাঁকড়ার সঙ্গে, যার পেট ধবধবে সাদা। ব্যাঙাচিরা আবারও ‘মা! মা!’ বলে কাঁদতে শুরু করল। কিন্তু কাঁকড়া জানাল, ‘তোমরা ভুল করছ, আমার আটটি পা আর তোমাদের মায়ের মোটে চারটি পা’

.
.

৪
আহা! ব্যাঙাচিরা সাঁতরে যাচ্ছে তো যাচ্ছেই, মায়ের দেখা পাচ্ছে না।
পথে এবার দেখল এক কাছিম, যার পা ঠিক ঠিক চারটি, এই তো তাদের মা! ব্যাঙাচিরা আবারও কেঁদে উঠল, ‘মা! মা!’ বলে কাছিমকে জড়িয়ে ধরতে চাইল। কাছিম বলল, ‘তোমাদের মা সবুজ শাড়ি পরে আর খরগোশের মতো লাফিয়ে বেড়ায়।’

.
.

৫
মাকে খুঁজে না পেয়ে ব্যাঙাচিরা ভীষণ হতাশ হয়ে গেল। মনমরা হয়ে তারা সাঁতার কাটছিল। হঠাৎ দেখল খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে কে যেন আসছে। আমতা-আমতা করে ব্যাঙাচিরা তাকে জিজ্ঞেস করল, ‘তুমি কি আমাদের মা?’ ব্যাঙ হাসতে হাসতে বলল, ‘হুম সোনা মানিকেরা, আমিই তোমাদের মা। যখন তোমরা বড় হবে, দেখবে তোমরাও আমার মতো হয়ে গেছো।’
শেষ পর্যন্ত মাকে খুঁজে পেয়ে ছোট ব্যাঙাচিরা দারুণ খুশি হলো। তারপর মায়ের পিছু পিছু নেচে নেচে সাঁতরে চলে গেল।
ইংরেজি থেকে অনুবাদ ও সংগ্রহ: নিজাম বিশ্বাস