ডাকটিকিটে জাপানের লোকগল্প
জাপানের লোকগল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজও টিকেরয়েছে। জাপান সরকার এ রকম কয়েকটি লোকগল্প উপজীব্য করে ডাকটিকিট প্রকাশ করে। আজ ছাপা হলো দুটি গল্প এবং এ-সংক্রান্ত ডাকটিকিট। লেখা ও সংগ্রহ নিজাম বিশ্বাস হানাসাকা-জিজিবহুদিন আগের এক সৎ বৃদ্ধলোকের কথা। সে কুকুর ভালোবাসত। একদিন একটা কুকুর তাকে বলল, আমার পিছু পিছু আসো। বৃদ্ধ লোকটা কুকুরের পিছু হেঁটে হেঁটে এক পর্বতে এসে পৌঁছাল। কুকুরটা ঘেউ ঘেউ করে বলল, এখানটায় মাটি খোঁড়ো। মাটি খুঁড়ে সেখানে গুপ্তধনের দেখা পেল। তার প্রতিবেশী এক লোভী বৃদ্ধ পুরো ঘটনা দেখে ফেলল। পরদিন সেও কুকুরটাকে নিয়ে সেখানে এল। কুকুরের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়তেই ধনরত্নের পরিবর্তে বেরিয়ে এল সাপ-গোপ, বিচ্ছু, ব্যাঙসহ এমন কিছু, যা তার মোটেই পছন্দ হলো না। রেগে সে কুকুরটাকে মেরে ফেলল।সৎ বৃদ্ধ লোকটা মৃত কুকুরের স্মৃতি ধরে রাখতে গাছের বীজ পুঁতল। গাছটা বড় হলো। ওই গাছ কেটে সে একটা মুগুর বানাল। মুগুর দিয়ে গম পিষতেই আবারও বেরিয়ে এল ধনরত্ন। তার দেখাদেখি অসৎ লোকটাও ওই মুগুর দিয়ে গম পিষতে গেল, ধনরত্নের পরিবর্তে এবারও বেরিয়ে এল এমন সব জিনিস, যা তার ভালো লাগল না। উত্তেজিত হয়ে সে মুগুরটা আগুনে পুড়িয়ে ফেলল। পুড়ে যাওয়া মুগুরের ছাই সৎ বৃদ্ধ কিছু মৃতপ্রায় গাছে ছিটিয়ে দিল। গাছের ডালগুলো ফুলে ফুলে ভরে উঠল। এই কাজের জন্য সে জমিদারের প্রশংসা ও বহুবিধ উপহার পেল।লোভী বৃদ্ধটাও তার দেখাদেখি গাছের ডাল চেপে ছাই ছিটাতে শুরু করল, ফুল তো ফুটলই না, তার ওপর পথ ধরে হেঁটে যাওয়া জমিদারের চোখে কিছু ছাই এসে পড়ল। জমিদার রেগে তাকে ধরাশায়ী করল। এই গল্পের মোদ্দাকথা, কারও অনুকরণ করতে নেই।সুরু-নইওবোঅনেক দিন আগে এক যুবক একটা আহত সারস পাখিকে বাঁচিয়ে তোলে। এই উপকারের প্রতিদান হিসেবে সারসটা সুন্দরী তরুণীতে পরিণত হয়, তারপর ওই যুবকের বউ হয়ে তার ঘরে যায়।তার বউ এসে যুবককে বলল, কাজের সময় তার দিকে যেন না তাকায়। তারপর সারস বধূ তাঁতের দোকান বসাল। সে তার নিজের শরীরের পালক দিয়ে কাপড় বুনতে লাগল। কাপড়গুলো অনেক ভালো দামে বিক্রি হলো।একদিন ওই যুবক সন্দেহ করে তাঁতের দোকানে আড়ি পেতে দেখল, একটা সারস তার নিজের পালক দিয়ে কাপড় বুনছে।যুবক দেখামাত্র সারসটা উড়াল দিয়ে পালাল।