ডাকটিকিটে হ্যামিলিনের বাঁশিওয়ালা
ওয়েসার নদীর তীরে শান্ত শহর হ্যামিলিন। সুখ-স্বাচ্ছন্দ্যে শহরবাসীর দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে শহরজুড়ে শুরু হলো ইঁদুরের উৎপাত। এ যে একটি দুটি নয়, কোটি কোটি ইঁদুর—গৃহস্থালির জিনিসপত্র, অফিস-আদালতের কাগজপত্র কেটে কুটি কুটি করে ফেলছে। আর পোষা বেড়ালেরা এসব খ্যাপাটে ইঁদুরের হাত থেকে বাঁচতে শহর ছেড়ে পালাল।জার্মানির হ্যামিলিনের মেয়র গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিটিংয়ে বসলেন। কেউই কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এমন সময় অদ্ভুত বেশভুষার এক লোক এসে জানালেন, তাঁর কাছে জাদুর বাঁশি আছে। এ বাঁশির সুরে যেকোনো প্রাণীকে তিনি বশ করতে পারেন। ইঁদুরের হাত থেকেও হ্যামিলিনবাসীকে তিনি উদ্ধার করতে পারবেন। তবে এ কাজের জন্য তাঁকে ১০ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে। মেয়র লোকটির প্রস্তাবে রাজি হলেন।লোকটি রাস্তায় নেমে এলেন। বাঁশিতে ফুঁ দিতেই এক মায়াবী সুর ছড়িয়ে পড়ল চারদিকে। অমনি হুমড়ি-ধুমড়ি খেয়ে ইঁদুরেরা লোকটির কাছে ছুটে এল। বাঁশিওয়ালা ওয়েসার নদীর দিকে হেঁটে চললেন, তাঁর পিছু নেচে নেচে চলল শহরের সব ইঁদুর। নদীর জলে ধীরে ধীরে নামলেন তিনি। বাঁশির সুরে দিশেহারা ইঁদুরেরাও ঝাঁপিয়ে পড়ল জলে। ইঁদুরের হাত থেকে রক্ষা পেল হ্যামিলিনবাসী।বাঁশিওয়ালা এবার মেয়রের কাছে এলেন তাঁর প্রাপ্য বুঝে নিতে। কিন্তু মেয়র তাঁকে ১০ হাজার স্বর্ণমুদ্রা নয়, মাত্র ১০০ স্বর্ণমুদ্রা দিতে চাইলেন। মেয়রের এ বিশ্বাসঘাতকতা লোকটির সহ্য হলো না। কোনো মুদ্রা না নিয়েই তিনি বেরিয়ে পড়লেন রাস্তায়। বাঁশিতে আবারও ফুঁ দিলেন—এক আশ্চর্য মায়াবী সুর ছড়িয়ে পড়ল শহরে। এবার শহরের সব শিশু নেচে নেচে ছুটল বাঁশিওয়ালার পেছনে। তারপর হ্যামিলিনের পূর্বপাশঘেঁষা পাহাড়ের আড়ালে শিশুদের নিয়ে চিরতরে হারিয়ে গেলেন সেই বাঁশিওয়ালা। নিজাম বিশ্বাসপ্রাচীন জার্মান লোককথা অবলম্বনে