শরতের আকাশটা কত নীল? কত সাদা নদীতীরের কাশবন? তুমি হয়তো বই পড়ে পড়ে এই প্রশ্নগুলোর ঠিক ঠিক জবাব বলে দিতে পারো। বলে দিতে পারো আরও কঠিন কঠিন প্রশ্নের চটজলদি জবাব। কিন্তু সেই নীল আকাশের নিচে, কাশবনের মাঝ দিয়ে একটা ভোকাট্টা ঘুড়ির পেছনে ছুটতে কেমন লাগে, তা জানো কি? জানি, এমন প্রশ্নের উত্তর কোনো বইয়ে লেখা নেই। তাই প্রতিদিনের নিয়মজালে যারা বাঁধা, তাদের জানা হয় না এমন অনেক কিছুই। প্রতিদিন কাকডাকা ভোরে ওঠো। ঘুম ঘুম চোখে ছোটো ইশকুলে। তারপর গাদাগাদা বইয়ের কঠিন কঠিন সব পড়া শিখতে শিখতে একটা দিন শেষ। সেখান থেকে ফিরেই কোচিং! এরপর হয়তো নাচের ক্লাস, গানের টিচার কিংবা ব্যস্ত হয়ে পড়ো আঁকাআঁকির ক্লাসে। সূর্যটা তখন ডুবে গেছে। পাখিরা ততক্ষণে ঘরে ফিরেছে। রাস্তাঘাটে জ্বলে উঠছে হাজারো বাতি। এরপর ঘরে ফেরা। এবং আবারও পড়াশোনা ও কম্পিউটার নিয়ে ব্যস্ততা। আর এভাবেই গড়িয়ে যায় আরও একটি দিন। এ তো গেল শহরের কথা। গ্রামেও কি আর সেই দম নেওয়ার ফুরসত আছে! সেখানেও বেড়ে চলেছে ‘চাপ’! ছোট্ট এই তোমার ওপরে যে কত চাপই দিতে জানে বড়রা!কিন্তু এই যে এত বোঝা, কত দিন সইতে পারবে ছোটরা? এর থেকে কি ভালো কোনো ফল আশা করা যায়? বিশেষজ্ঞরা বলছেন, না, এর থেকে ভালো কিছুই আশা করা যায় না। অনেক পড়াশোনা করিয়ে নিয়ে হয়তো শিশুদের অনেক ভালোভাবে পাস করানো যেতে পারে। তবে তাতে করে শিশু সুস্থ-সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না কোনোভাবেই।প্রতিবছরের মতো এবারও বিশ্ব শিশু দিবস পালিত হলো ৪ অক্টোবর। শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহও। এবারের প্রতিপাদ্য ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি ও বলে’। শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও অভিভাবকদের বলেছেন একই কথা, ‘...শুধু পড়ালেখার জন্য শিশুদের চাপ প্রয়োগ বন্ধ করুন এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী চলার জন্য কিছু সময় দিন।’ তোমরা যারা ছোট, তারাও নিশ্চয়ই বড়দের এই কথাগুলো বলবে। বোঝাবে, চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে রাখলে স্বপ্নগুলো ডানা মেলবে না। বলবে, আমাদের ডানা মেলতে দাও!—মাহফুজ রহমান